যখন ফালগুনী রায়ের সঙ্গে আকাশে উড়তুম (শেষ পর্ব)
পাঁচ
ফালগুনী বললে, গিলে তো নিলাম, ইউফরিয়া আরম্ভ হল না তো! ফুঁকলে বরং এতক্ষণে শুরু হয়ে যেত। চলুন সবজিবাগের সামনের জাহাজঘাটায় গিয়ে বসা যাক, স্টিমার যাতায়াত দেখব চাতালটায় বসে। এখানে আন্টাঘাটে সবজিঅলাদের বড্ডো কিচাইন। এটা অ্যাফ্রোডিজিয়াক নয়তো? বোদলেয়ার নাকি অ্যাফ্রোডিজিয়াক হিসাবে গিলতেন।
কম বয়স থেকে বেশ্যালয়ে ঢুঁ মারতেন, তারপর জাঁ দুভালকে সামলানো, দরকার পড়ত হয়ত অ্যাফ্রোডিজিয়াক হিসাবে।
হাঃ হাঃ, পা দুটো ক্রমশ মাখনের তৈরি মনে হচ্ছে, মাতালের মতন হাঁটছি না তো? আপনিও লিকুইড হয়ে উঠছেন। চেয়ে দেখুন, চেয়ে দেখুন, ছায়ার খাপে-খাপে শরীর বসছে না। এক্ষুণি উড়ো না, আরেকটু সামলে চলো, এই রাস্তাটার দু-পাশে ভিকিরি। গিন্সবার্গ যখন এসেছিল, এই ভিকিরিগুলোর ফোটো তুলে নিয়ে গেছে।
বিট-ফিটদের কথা বাদ দিন, শালারা প্রচুর টাকা কামাচ্ছে কবিতার বই বেচে, পৃথিবী ঘুরছে; ওনাদের কবিতা ততো ফিল করতে পারি না। আমার ব্যক্তিগত-সত্য কি বিট কবিদের পক্ষে অনুভব করা সম্ভব? আমার সত্যাবস্হা আমার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, আমি তা নিজে অনুভব করতে পারি, অবিরাম তাকিয়ে থাকতে ইচ্ছা করে। এক ঘণ্টার বেশি হয়ে গেল এখনও জাহাজঘাটায় পৌঁছোলাম না তো।
ঘড়ি তো পরে আসিনি, দাঁড়াও এই লোকটাকে জিগ্যেস করি। ভাইসাব কিতনা বজা হ্যায়?
ইগারা বজকে পঁয়তিস মিনট।
কেবল পাঁচ মিনিট হয়েছে, মনে হচ্ছিল একঘণ্টা; কারো ঘড়িতে কটা বেজেছে জেনে কীই বা হবে। সময় জিনিসটা আনরিলায়বল। সেদিন দেখলেন পুড়তে, পুড়েই চলেছে। আপনি আমার হাতটা থরে থাকুন, হাওয়া যা দিচ্ছে, উড়ে না যাই , নাকি পৃথিবী অভিকর্ষহীন হয়ে গেল।
তুমি পৃথিবীকে অভিকর্ষহীন করে ফেলেছ। ইউফোরিয়া চাইছিলে!
ব্যাপারটা কী বলুন তো? টেম্পল অফ ইনফিনিটি খুলে যাচ্ছে চোখের সামনে। এটাই হ্যালুসিনেশান বুঝেছেন, স্বপ্ন থেকে আলাদা।
তোমার তো দেখছি কনশাসনেস দিব্বি রয়েছে। চলো ওখানটায় বসা যাক, স্টিমারযাত্রীদের ভিড় কম ওই জায়গাটায়। লোকগুলোর এতো চেঁচামেচির কী আছে বুঝিনা।
হ্যাঁ, আমার কোনো কিছুতেই আর তেমন নেশা হয় না। খালাসিটোলাতে গিয়েও মাতাল হইনি কোনোদিন। আপনার কি এরকম হয়েছে যে কবিতার লাইন চলে আসছে মনের মধ্যে অথচ লিখতে ইচ্ছা করছে না।
আমি মনে রাখতে পারি না, যদি কাগজ কলম কাছাকাছি থাকে তাহলে লিখে রাখার চেষ্টা করি।
জলে উড়ছি, জলে উড়ছি, মানুষগুলো মাছের মতন সাঁতার কেটে স্টিমারে উঠছে, দেখুন দেখুন। আবার কাশি পাচ্ছে, লেমোনেড খাওয়ান না, হাফ-হাফ।
দাঁড়াও, কেশো না, আনছি লেমোনেড, খসখসের গন্ধ থাকে সবুজ লেমোনেডে, কাশি কমাবে তোমার।
সুধীন দত্ত বেঁচে থাকলে ওনার বাড়ি যেতাম একবার, শুনেছি এক্কেবারে সাহেব মানুষ ছিলেন, মদ খাবার কেতা ছিল। পাতা ফুঁকে যেতাম কবিতা শোনাতে , ওনার প্রতিক্রিয়া এনজয় করতাম।
গলা ধাক্কা খেতে, ওনার অর্ডারলিকে ডেকে বলতেন, থ্রো হিম আউট। আমি বুদ্ধদেব বসুর কবিতা ভবনে গিয়েছিলুম। নাম শুনেই মুখের ওপর দড়াম করে দরোজা বন্ধ করে দিয়েছিলেন। প্রথমটা খারাপ লেগেছিল, তারপর পথে নেমে এই ভেবে আনন্দ হল যে আমার দুর্নাম ওনার কাছে আগেই পৌঁছে গেছে।
মানুষ কেন মানুষকে অপছন্দ করে বলুন তো? আমি তো কাউকে অপছন্দ করি না। সময় যেখানে পুড়ে নষ্ট হয়ে চলেছে, সেখানে কাউকে আঘাত দেবার কোনো মানে হয় না। এই যে সকলের সঙ্গে থাকি, থাকাটুকুই সার। আমাদের নাম নিউজপেপারের নোংরা পৃষ্ঠায় ছাপা হয়, তবু স্বর্গে যাবো, দেখে নেবেন।
ছয়
সোফার ওপর মেঘে শুয়ে যাকে বলে ‘স্টোনড’ সেই তুরীয় অবস্হায় ফালগুনী, এলএসডিতে ভিজিয়ে শোকানো এক ঘন ইঞ্চের ব্লটিং চিবিয়ে।
আমি খাইনি; ফালগুনীকে লক্ষ্য রাখার জন্য। দুজনে তুরীয় অবস্হায় থাকলে মা এসে দেখবেন আর বিরক্তি প্রকাশ করবেন। ফালগুনীর দিদি অলরেডি এসে কথা শুনিয়ে গেছেন।
ওর দিকে তাকিয়ে ভাবি, কিসে আক্রান্ত ফালগুনী? রবীন্দ্রনাথের বৌঠান, জীবনানন্দ দাশের লাবণ্য, শক্তি চট্টোপাধ্যায়ের শীলা— ফালগুনী কি সেভাবেই আক্রান্ত? ওনারা কবিতায় নিয়ে গেছেন আত্মস্হিতিকে; ফালগুনী সেইভাবে কবিতায় নিয়ে যেতে চাইছে না, অত্যন্ত গোপন রাখতে চাইছে, শেয়ার করতে চাইছে না আমার সঙ্গে, এমনকী নিজের কবিতার সঙ্গেও! কেন? কী বলব ওর আত্মস্হিতিকে? দৌর্মনস্য? লুগিয়াউব্রিয়াসনেস? গোপন ঐকান্তিকতা? অতৃপ্তি? উদ্দেশ্যহীনতা?
গ্রিক ভাবুকরা মনে করতেন পিত্ত কালো হতে থাকলে দৌর্মনস্য দেখা দেয়, আর তা যদি সারতে বহুদিন লেগে যায় তাহলে বুঝতে হবে কোনো অপদেবতা ভর করেছে। ফালগুনীকে কথাটা বলেছিলুম একদিন। ও বললে, আমি তো চাই ডাকিনী-পিশাচিনী ভর করুক, ক্যাথারসিসের অদৃষ্ট করে তো আসিনি।
জ্যোতিষীরা মনে করেন শনির প্রকোপে পিত্তদোষ হয়, এবং তার দরুন দৌর্মনস্য। ফালগুনী বলেছিল একবার, ওর নাকি এখন শনির সাড়ে-সাতি চলছে, যা পারা যায় এই সাড়ে-সাতি পিরিয়ডেই লিখে ফেলতে হবে। অথচ লেখালিখি তো তেমন করছে না। ওয়েটিং ফর গোডোর মতন সদাসর্বদা যেন অপেক্ষা করে আছে, কিসের অপেক্ষা তার অনুসন্ধান করে চলেছে, প্রত্যাদেশের, অনুপ্রাণনার।
শুয়ে-থাকা ফালগুনীকে দেখে সুফি সন্তদের কথা মনে এলো। আরবরা ‘হুজুন’ বা ‘হুজ্ন’ বলে একটা শব্দ প্রয়োগ করে, নিজের ভেতরে নিজে প্রবেশ করে যাওয়া ব্যাখ্যা করার জন্য। ইরানের দার্শনিক-ডাক্তার বলেছিলেন ‘হুজ্ন’ হল এমনই এক স্হিতি যখন প্রেমিকার নাম শুনলেই ব্যর্থ প্রেমিকের নাড়ি-স্পন্দন তীব্র হয়ে ওঠে। আমি ফালগুনীর প্রেমিকার নাম জানতুম, কিন্তু এই নিরীক্ষা করে দেখিনি কখনও, কেননা জানতুম না ঠিক কী ধরণের ইনট্রিগ ওকে ছেঁকে ধরেছিল যে এই ক্যাটাসট্রফিক পরিস্হিতিতে ফালগুনী পৌঁছেচে। রবীন্দ্রনাথ, জীবনানন্দ, শক্তি চট্টোপাধ্যায়ের পৃষ্ঠভূমি জানি, অথচ নিকটবন্ধুর ব্যাপারই জানা হয়ে উঠল না। দাঁতে ঈশ্বরকে প্রেমিক কল্পনা করে বলেছিলেন যে, একজন মানুষ যদি হৃদয় দিয়ে, মন দিয়ে, আত্মা দিয়ে ঈশ্বরে সম্পূর্ণভাবে আত্মসমর্পিত না হয়, তা হলে সেই লোকটি এমনই এক গোপনতায় আক্রান্ত হয় যা সে কাউকে বলতে পারে না, সে একাই ওই ভার বইতে বাধ্য হয়।
জার্মান লেখক জিন পল ‘ওয়েলৎশমের্তস’ অভিধাটি কবি-লেখকদের এই বিশ্ববীক্ষার প্রেক্ষিতে তৈরি করেছিলেন : “বাস্তব জগতটি মনের জগতকে সন্তুষ্ট করতে পারছে না”। পাশ্চাত্য সাহিত্যে এই আত্মস্হিতি নিয়ে যাঁরা কাজ করে গেছেন তাঁদের মধ্যে উল্লেখ্য হলেন চার্লস অগাস্টিন, সাঁৎ ব্যভ, শাতুব্রিয়ঁ, আলফ্রেদ দি ভিনি, আলেকজান্ডার পুশকিন, মিখাইল লেরমেনতোভ, ন্যাথানিয়েল হথর্ন, হার্মান হেস, হাইনরিখ হাইনে প্রমুখ।
বাংলা সাহিত্যে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় (১৮৩৮ – ১৯০৩) এই ভাবনার ওপর ভিত্তি করে ‘চিন্তা-তরঙ্গিনী’ নামে একটি কাব্য লিখেছিলেন; বাহুল্য বলা যে তখনকার সমালোচকরা ‘চিন্তা-তরঙ্গিণী’ কাব্যের আধুনিকতাকে উপলব্ধি করতে পারেননি। অক্ষয়চন্দ্র সরকার লিখেছিলেন, ‘হেমবাবু কালস্রোতের যেভাগে প্রথম দেখা দেন, সেই ভাগ অতি বিষম; কালস্রোত তখন কেবলই ভাঙ্গিতে ছিল; ভাঙ্গিব বলিয়াই ভাঙ্গিতে ছিল, গড়িব বলিয়া ভাঙ্গিতেছিল। হেমবাবুর জন্মসময়ে কোনও কিছু ভাঙ্গিতে পারিলেই কৃতবিদ্য আপনাকে গৌরবান্বিত মনে করিতেন। সমাজ ভাঙ্গিতে হইবে, ধর্ম ভাঙ্গিতে হইবে। এমনকী, অনাচারে অত্যাচারে স্বাস্হ্য ভঙ্গ করিয়া, অকালে কালগ্রাসে ডুবিতে থাকাও যেন সেই সময়ে গৌরবের বিষয় বলিয়া ধারণা হইত। আর এখন হেমবাবুর মৃত্যু সময়ে বোধ হয়, যেন সিকস্তির পর একটু পয়স্তি হইতেছে।’
পড়ে মনে হবে অক্ষয়চন্দ্র সরকার যেন ফালগুনী রায়ের সমালোচকদের নকল করছেন। আত্মস্থিতির এই অবস্থাটি বৌদ্ধধর্মে বহুকাল আগেই ব্যাখ্যা করা হয়েছিল, যখন বুদ্ধ ‘দুঃখসত্য’-এর কথা বলেছিলেন, যে-সত্যটি চারটি সত্যের অন্যতম। বৌদ্ধধর্মে অবস্হাটি আশাবাদ বা নিরাশাবাদের নয়, তা বাস্তববাদের।
সাত
তুমি স্বর্গে চলে গেছো ফালগুনী, ১৯৮১ সালের মে মাসে, সাড়ে তিন দশক আগে।
তোমাকে বলেছিলুম গোলঘরের ভেতরে গিয়ে তোমার কবিতাপাঠ শুনব, তোমার কন্ঠস্বর একুশবার প্রতিধ্বনিত হবে, তা আর শোনা হল না, যেদিন আমরা গোলঘরে গিয়েছিলুম সেদিন বন্ধ ছিল, তাই একশো চুয়াল্লিশটা সিঁড়ি বেয়ে ওপরে উঠে তোমার কবিতা শুনেছিলুম, সম্পূর্ণ নয়, অর্ধেক, কেননা তুমি কাশতে আরম্ভ করেছিলে, আমরা সঙ্গে করে জল বা পিপারমেন্ট লজেন্স নিয়ে যাইনি। তোমাকে বলেছিলুম চাইবাসায় রোরো নদী আর লুপুংগুটু ঝর্ণা দেখাতে, শালপাতায় হাড়িয়া আর মাটির ভাঁড়ে মহুয়া খাওয়াতে নিয়ে যাব; তা আর হতে পারেনি।
এই বাংলা আর দুই বাংলার বহু সংকলন প্রকাশিত হয়েছে। সুনীল গঙ্গোপাধ্যায়, পবিত্র মুখোপাধভায়, শান্তনু দাশ যেমন তোমাকে বাদ দিয়েছেন, তেমনই মণীন্দ্র গুপ্ত। অলোকরঞ্জন দাশগুপ্ত আর দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় তোমাকে বাদ দিয়েছেন ‘আধুনিক কবিতার ইতিহাস’ আর ‘ষাটের দশকের কবিতা’ সন্দর্ভে। প্রদ্যোত সেনগুপ্ত তাঁর ‘অন্য দিগন্ত : ষাটের কবিতা’ রচনাটিতে। আশিস সান্যাল তাঁর ‘ষাটের কবিতা’ গ্রন্হে। আরও বহু গ্রন্হে, যার হদিশ রাখিনি আমি, কী-ই বা হবে বলো।
তোমার ‘নষ্ট আত্মার টেলিভিসান’, বাসুদেব দাশগুপ্ত প্রথম প্রকাশ করার পর বারবার ছাপা হয়ে চলেছে। অলোক গোস্বামী, শুভঙ্কর দাশ, আলোক সরকার, মনফকিরা, সমীর রায়চৌধুরী পুনর্মুদ্রণ করেছেন, তোমার অপ্রকাশিত কবিতা যেগুলো সুবিমল বসাকের কাছে ছিল অন্তর্ভুক্ত হয়েছে।
বইটি ছাপা হবার পরই ফুরিয়ে যাচ্ছে। দুই বাংলায় তোমার পাঠকসংখ্যা অগুণিত; তোমার সময়ে ইনটারনেট ছিল না। এখন ইনটারনেটে তোমার কবিতা খুঁজলেই পাওয়া যায়, সম্পূর্ণ বইটির কবিতা পাওয়া যায়, তোমার সম্পর্কে প্রবন্ধ-নিবন্ধ পাওয়া যায়।











