,

শেষ হাঁসি শেষপর্যন্ত ব্রাজিলের

brazil=====২০ মিনিট দাঁতে দাঁত চেপে লড়াই করেও শেষ রক্ষা হলো না চিলির। পেনাল্টি শুট আউটে কপাল পুড়েছে আলেক্সিজ সানচেজ ও আর্তুরো ভিদালদের। নির্ধারিত সময় ও সংযোজিত ৩০ মিনিট ১-১ গোলের সমতার বিন্দুতে থাকার পর পেনাল্টি শুট আউটের ভাগ্যের খেলায় ৩-২ ব্যবধানে হেরেছে চিলিয়ানরা। ফলে ফের আরেকবার দ্বিতীয় রাউন্ড থেকেই কান্নাভেজা বিদায় নিতে হলো চিলিয়ানদের।

শনিবার নকআউট পর্বে ব্রাজিল-চিলি মহারণের আগে রণ হুঙ্কার ছেড়েছিলেন আলেক্সিজ সানচেজ। জর্জ সামপাওলির প্রধান সেনাপতি ঘোষণা দিয়েছিলেন স্বাগতিক ব্রাজিলকে বিশ্বকাপ থেকে ছুটি দিয়ে দেবেন তিনি। এজন্য চেষ্টারও খামতি রাখেননি বার্সেলোনা ফরোয়ার্ড। বেলো হরিজন্তেতে প্রথমার্ধে চিলিয়ানরা পিছিয়ে পড়ার পর তার গোলেই সমতায় ফেরে। কিন্তু তাতে দলের সর্বনাশ ঠেকাতে পারেননি এএসসেভেন। চিলিয়ান মরিচ ঝাঁঝ ছড়িয়েও ফ্যাকাশে হয়ে গেছে খুব দ্রুতই। 

পেনাল্টি নামক ভাগ্যের খেলায় নেইমার-ডেভিড লুইসদের ক্ষুরধার ফুটবলে কাটা পড়েছে সানচেজদের স্বপ্ন।অবশ্য মহাযুদ্ধের আগে প্রপাগান্ডার সব অস্ত্রই ব্যবহার করেছে চিলি। নিজেদের তাতাতে কথার লড়াইয়ে নেমেছে, ব্রাজিলকে অযথা আক্রমণ করেছে। এমনকি টিভি-সংবাদপত্রকেও ব্যবহার করেছে পৃথিবীর সবচেয়ে লম্বা রাষ্ট্রটি। এজন্য ব্রাজিল ম্যাচের আগে চিলিতে বিভিন্ন বিজ্ঞাপনও প্রচারিত হয়। 

তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ বিজ্ঞাপনটির স্লোগান হলো, ‘চিলিয়ানদের কাছে অসম্ভব বলে কিছু নেই’ (নাথিং ইজ ইমপসিবল ফর এ চিলিয়ান)। এজন্য ২০১০ সালের একটি ঘটনা টেনেছে ওই বিজ্ঞাপন নির্মাতারা। যখন দেশটির একটি কয়লা খনিতে কিছু শ্রমিক ৬৯ দিন আটকা থাকার পর উদ্ধার পায়। এই ঘটনাটাকেই নিজেদের সঞ্জীবনী হিসেবে ব্যবহার করতে চেয়েছিল চিলি। কিন্তু মাঠের খেলায় ওসব প্রনোদনা কাজে লাগলো না। 

গতি ও ছন্দের লড়াইয়ে ঠিকই জয় তুলে নিয়েছে সাম্বা কিংরা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তা হোক না কেন পেনাল্টি শুট আউটে।এস্টাদিও মিনেইরো স্টেডিয়ামে দিনের শুরুটা করে চিলি। খেলার দ্বিতীয় মিনিটেই ফ্রি-কিক পায় আলেক্সিজ সানচেজরা। কিন্তু আর্তুরো ভিদালের নেয়া শট থিয়াগো সিলভার মাথাতে থেমে যায়। এর তিন মিনিট বাদে মার্সেলো-হাল্কের যুগলবন্দি ব্রাজিলের জন্য সোনা ফলাতে পারত। কিন্তু চিলি গোলকিপার ক্লদিও ব্রাভোর দৃঢ়তায় সেযাত্রায় ভয়ংকর কোনো কিছু হয়নি। যদিও সাম্বা দর্শকদের আক্ষেপটা খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। 

খেলার ১৮ মিনিটে নেইমার, থিয়াগো সিলভা ও ডেভিড লুইস ত্রিভুজে কাঙ্খিত গোলের দেখা পায় সেলেসাওরা। আকৃতিতে খাটো চিলিয়ানদের ‘একিলিস হিল’ সেট পিসে আসে এই গোল। কর্নার কিক থেকে নেইমারের নেয়া শটে মাথা ছোঁয়ান ব্রাজিল অধিনায়ক থিয়াগো। সেই বলটা কোনোভাবে পায়ে লাগিয়ে প্রতিপক্ষের জালে পাঠান ডেভিড লুইস।এর পরপরই অলআউট আক্রমণে ওঠে চিলি। তখন নকআউটের ধাক্কা সামলাতে ভিদালদের নীতি দাঁড়ায়- ‘হয় মরো, নয় ধরো’। সেজন্য ব্রাজিলের সামনে চিলির গোলবারটা আরো উন্মুক্ত হয়ে যায়। যদিও এই সময়ে কোনো গোল তুলে নিতে পারেনি ফ্রেড-নেইমাররা। বরং স্রোতের বিপরীতে গোল তুলে নেয় চিলিই। 

খেলার ৩২ মিনিটে ব্রাজিলের হাল্কের নিকট থেকে বল কেড়ে নিয়ে সানচেজকে পাস দেন এদুয়ার্দো ভার্গাস। সেই পাসেই বাজিমাত করেন বার্সা তারকা। চকিৎ এক মুভে মার্সেলো ও লুইসকে ডজ দিয়ে নিখুঁত ফিনিশিং টানেন চিলি দলের প্রাণ ভোমরা। ফলে স্কোরলাইনে ১-১ গোলের সমতা আসে।এরপর মরিয়া চেষ্টা চালায় ব্রাজিলিয়ানরা। কিন্তু চিলি গোলকিপার ব্রাভো যেন চীনের দেয়াল হয়ে দাঁড়ান এদিন! একাই নেইমার-ফ্রেড-জো’দের চারটি ভয়ংকর আক্রমণ ঠেকিয়ে দিন তিনি। ফলে নির্ধারিত সময়ে খেলা অমিমাংসিতই থাকে। এক্সট্রা সময়েও খেলার গতিপথ নির্ধারিত হয়নি। 

ফলে পেনাল্টিতে গড়ায় ম্যাচ। তাতে স্নায়ুর পরীক্ষা দিয়ে ম্যাচ জিতে নেয় ব্রাজিলই। লড়াকু চিলিকে শুট আউটে ৩-২ ব্যবধানে হারায় তারা। ফলে ফের আরেকবার ব্রাজিলের কাছে গিয়ে স্বপ্ন ভাঙে চিলির। সেটা চতুর্থবারের মতো। পেনাল্টিতে ব্রাজিলের পক্ষে গোল করেন ডেভিড লুইস, মার্সেলো ও নেইমার। আর মিস করেন উইলিয়ান, হাল্ক।

 

 

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ