বাংলাদেশ-জিম্বাবুয়ে ‘ফাইনাল’

news-image

স্পোর্টস ডেস্ক : সব ম্যাচ জিতে টেস্ট ও ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজে হোঁচট খেলেও সিরিজ জয়ের সুযোগ এখনও আছে লাল-সবুজ জার্সিধারীদের। সেজন্য সফরের শেষ ম্যাচটা জিততে হবে। বাংলাদেশ ও জিম্বাবুয়ে একটি করে ম্যাচ জেতায় শেষটি হয়ে দাঁড়িয়েছে অলিখিত ‘ফাইনাল’। সিরিজ নির্ধারণী সেই ম্যাচটি আজ (রবিবার) বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায় শুরু হবে। হারারে স্পোর্টস ক্লাব থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি, গাজী টেলিভিশন ও টি স্পোর্টস।

চলমান সফরে টানা পাঁচ ম্যাচ জিতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে ২৩ রানে হেরে যায় বাংলাদেশ। এই জয়ে বাংলাদেশের বিপক্ষে আড়াই বছর পর সব প্রতিযোগিতা মিলিয়ে প্রথমবার জয় পেয়েছে জিম্বাবুয়ে। বোলারদের আলগা বলের পাশাপাশি বাজে ফিল্ডিংয়ের সুযোগ নিয়ে ১৬৬ রান তোলে জিম্বাবুয়ে। পরে লম্বা ব্যাটিং লাইনআপ নিয়েও দায়িত্বশীল ভূমিকাতে কাউকে দেখা যায়নি। এই কারণেই ম্যাচটি জিততে পারেনি বাংলাদেশ। রবিবারের অলিখিত ফাইনালে এইসব ভুল শুধরে মাঠে নামতে মুখিয়ে বাংলাদেশ।

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে এসেছিলেন শরিফুল ইসলাম। তিনি জানিয়ে গেছেন, ‘কালকে (রবিবার) আমাদের ফাইনাল ম্যাচ। আমরা যদি যার যার জায়গা থেকে নিজেদের সেরাটা দিতে পারি, তাহলে ম্যাচ জেতা কঠিন হবে না। অবশ্যই আমাদের আগের ম্যাচের ভুলগুলো শোধরাতে হবে। আমরা প্রথম বল থেকে ইতিবাচক থাকবো। ফলাফল যাই হোক না কেন।’

এই ম্যাচেও নিয়মিত দুই মুখ লিটন দাস ও মোস্তাফিজুর রহমানকে পাচ্ছে না বাংলাদেশ। ঊরুর চোটে ভুগছেন লিটন আর মোস্তাফিজের ব্যথা পায়ের গোড়ালিতে। একই কারণে আগের ম্যাচেও খেলা হয়নি এই দুই ক্রিকেটারের। এদিকে আগের একাদশ থেকে একটি পরিবর্তন আসতে পারে। মেহেদী হাসানের বদলে সুযোগ হতে পারে নাসুম আহমেদের। সিরিজ নির্ধারণী ম্যাচে বড় ভূমিকায় থাকতে হবে সাকিব-মাহমুদউল্লাহকে।

এদিকে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর অধিনায়ক সিকান্দার রাজার চোখ টি-টোয়েন্টি সিরিজ জয়ে, ‘ট্রফি জয় অবশ্যই দারুণ ব্যাপার। বাংলাদেশ দুই ফরম্যাটে জিতেছে। আমারা টি-টোয়েন্টি ট্রফি রেখে দিতে পারলে ভালোই হবে। অনেকে বলবে এটা অন্য একটি খেলার মতোই, কিন্তু এটি ফাইনাল। আমরা এটিকে ফাইনালের মতো মনে করেই লড়বো।’

বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে পাঁচটি। বাংলাদেশ জিতেছে দুটিতে। জিম্বাবুয়ে সিরিজ জিততে না পারলেও ড্র করেছে তিনটিতে। এবারও সিরিজ হাতছাড়া করতে চাইছেন না বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ, ‘যেহেতু একটা ম্যাচ আছে। ওই ম্যাচটা আমরা ফাইনাল ম্যাচ হিসেবে খেলবো। আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়েই আমরা ম্যাচটা জেতার চেষ্টা করবো।’

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী