জার্গেনসেনের পদত্যাগপত্র গ্রহণ করেনি বিসিবি
আমাদের ব্রাহ্মণবাড়িয়া April 28, 2014
ক্রীড়া প্রতিবেদক: জাতীয় ক্রিকেট দলের কোচ শেন জার্গেনসেনের পদত্যাগপত্র এখনই গ্রহণ করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাঁর সঙ্গে আলাপ-আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির জালাল ইউনুস।
আগামী জুনে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের পরপরই জাতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়ানো ইচ্ছা জানিয়ে বিসিবিকে চিঠি দিয়েছিলেন জার্গেনসেন। সে চিঠির ব্যাপারে আপাতত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে না বলেই জানিয়েছেন জালাল ইউনুস, ‘জুনে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের পরপরই জাতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন জার্গেনসেন। তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি এ ব্যাপারে তাঁর সঙ্গে আলাপ-আলোচনা করার। তাঁর পদত্যাগপত্র এখনই গ্রহণ করা হচ্ছে না।’
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ, এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের টানা ব্যর্থতা জাতীয় দলের কোচ হিসেবে তাঁর চাকরিকেই হুমকির মুখে ফেলে দিয়েছিল। এ ব্যাপারে বোর্ডের তরফ থেকে কোনো সিদ্ধান্ত আসার আগেই তিনি আজ পদত্যাগের ইচ্ছা প্রকাশ করলেন।