অভিনেত্রী শুভশ্রীর শ্লীলতাহানির চেষ্টা!
অভিনেত্রী শুভশ্রীর শরীরের ঝাঁপিয়ে পড়ে তার শ্লীলতাহানির চেষ্টা করেছেন একদল ছাত্র। পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গের ফালাকাটা কলেজে একটি সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান আকর্ষণ হিসাবে যোগ দিতে গিয়ে জীবনের তিক্ততম অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন টালিগঞ্জের এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় নায়িকা শুভশ্রী। ক্ষোভে, কষ্টে চোখের জল ফেলে তাই অনুষ্ঠান বয়কট করে ফিরেছেন এই টালিকন্যা।
১৯ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় এই আয়োজনে মঞ্চে উঠার সময় আনুষ্ঠানের আয়োজক তৃণমূল ছাত্র পরিষদের একদল সমথর্ক তাকে ঘিরে ধরে টানাহেঁচড়া শুরু করে। প্রচুর সংখ্যক পুলিশ মোতায়াতেন থাকলেও কার্যত তারাও শুভশ্রীকে দেখতে ব্যস্ত ছিলেন। নিজের সম্ভ্রম নিজে কৌশলে রক্ষা করেন ওই অভিনেত্রী। যদিও তার ভাষায়, ’প্রায় এক মিনিট ধরে আমার সঙ্গে অসভ্যতা করা হয়েছে’। শুভশ্রী প্রথমে আয়োজকদের জানিয়ে দেন কোনোভাবেই তিনি আর এই অনুষ্ঠানে থাকছেন না। তবে শেষ পর্যন্ত মাত্র এক মিনিটের জন্য মঞ্চে উঠেন শুভশ্রী এবং মাইক হাতে নিয়ে নিজেই ঘটনার বর্ণনা করেন। বলেন, আমার সঙ্গে যা হলো যা যেন আর কোনোদিন কোনো মেয়ের সঙ্গে না হয়। আমি এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছি। মঞ্চের বা দিকের অংশের কিছু ছেলেকে আঙুল দিয়ে দেখিয়ে তিনি বলেন, ওই দিকের ছেলেরাই আমার সঙ্গে এই অসভ্য আচরণ করেছে। আমি আর মঞ্চে থাকতে পারছি না। প্রায় চোখে জল নিয়েই মঞ্চ ত্যাগ করে রাতেই কলকাতায় উদ্দেশে রওনা দেন শুভশ্রী।
এই ঘটনায় অনুষ্ঠানের আয়োজক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে অনন্ত সরকার বলেন, যা ঘটল তা অত্যন্ত লজ্জাজনক। দু-একজন ছাত্রের জন্য গোটা অনুষ্ঠানটাই শোকের অনুষ্ঠান হয়ে গেল। অনুষ্ঠান বন্ধ করতেও বাধ্য হলাম।
ফালাকাটা কলেজের অধ্যক্ষ হীরন্দ্রনাথ ভট্টাচার্য জানিয়েছেন এটা আমাদের কলেজের যেমন অসম্মান হলো তেমন পুরুষ হিসাবেই আমরা ভীষণ লজ্জিত। পুলিশের পক্ষ থেকে অবশ্যই এই ঘটনায় কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।











