সোলারে আলোকিত জেলে নৌকা
নৌকায় জন্ম, নৌকায়ই মৃত্যু। নেই বিদ্যুৎ ব্যবস্থা, নেই সুপেয় পানি। এমননিভাবেই জীবনযাপন করছেন বরিশালের শতাধিক নৌকাবাসী জেলে। এ জেলেদের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ শুরু করেছে বরিশাল মৎস্য বিভাগ। বিদ্যুতের সুবিধা পেতে তাদের দেয়া হচ্ছে সোলার, যার আলোয় আলোকিত হচ্ছে ভাসমান নৌকাবাসী জেলেরা।
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, ইউএসআইডির অর্থায়নে ও ইকো ফিশ প্রকল্পের আওতায় সদর উপজেলার লাহারহাটে অবস্থানকারী নৌকাবাসী জেলেদের মাঝে গত মাসে সোলার প্যানেল বিতরণ করা হয়। মৎস্য অধিদফতর ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় এ প্রকল্পে প্রথম অবস্থায় ২৪ নৌকাবাসী জেলে পরিবারের মাঝে সোলার প্যানেল বিতরণ করা হয়েছে। ক্রমশ বরিশালের সব নৌকাবাসী জেলেকে এ সুবিধার আওতায় আনা হচ্ছে এমনটাই জানিয়েছে মৎস্য বিভাগ।
লাহারহাটে অবস্থানকারী নৌকাবাসী জেলেদের সর্দার মোঃ জসিম সরদার জানান, লাহারহাট আইড়খালী নদীতে ৪০টি পরিবার বসবাস করে। প্রায় ৯০ সদস্য রয়েছেন। এর মধ্যে ২৪ পরিবারকে সোলার প্রদান করায় ব্যাপক উপকার হয়েছে। কারণ তাদের নৌকায় বাসাবাড়ি, খাওয়া-দাওয়া ও জন্ম-মৃত্যু। সোলার বিদ্যুৎ এরপরপাওয়ায় তাদের জীবনের প্রতিটি কাজে উন্নয়ন ঘটছে। বাকি জেলে পরিবার এ সোলার পেলে তারাও উপকৃত হবেন। লাহারহাট এলাকার স্থানীয় ইউপি সদস্য মোঃ শহীদুল ইসলাম জানান, নৌকাবাসী জেলেরা খুবই কষ্টে জীবনযাপন করেন। সারা জীবন কুপির আলোয় দিন পার করেছেন এরা। তাদের মাঝে সোলার দেয়ায় তাদের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে বলে তিনি জানান। এখন তারা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। চার্জ দিতে পারবেন। আগে তারা মোবাইল চালালেও বিদ্যুৎ না থাকায় মানুষের বাড়ি বাড়ি গেয়ে মোবাইলে চার্জ দিতেন। এ অবস্থার পরিবর্তন ঘটবে।
কীতর্নখোলা নদীর নৌকাবাসী (দপদপিয়া এলাকার) সর্দার আবদুস সরদার জানান, লাহারহাটে সোলার বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। তাদেরও দেয়া হবে বলে শুনেছেন। এটা হলে তারা বৈদ্যুতিক আলোয় কাজকর্ম করতে পারবেন, যা তাদের জীবনমান আরও উন্নত হবে বলে তার বিশ্বাস।
এ ব্যাপারে বরিশাল জেলা মৎস্য অফিসার ড. ওয়াহেদুজ্জামান জানান, গত মাসে ইকো ফিশ প্রকল্পের আওতায় ২৪টি নৌকায় সোলার প্রদান করা হয়েছে, যার প্রতিটির মূল্য প্রায় ১৭ হাজার টাকা। নৌকাবাসী জেলেদের জীবনমান উন্নয়নই এ প্রকল্পের অন্যতম কাজ। পরবর্তী সময় বাকি নৌকাবাসী পরিবারগুলোর মাঝে এ সোলার বিতরণ করা হবে। ফলে তাদের আর কুপি জ্বালিয়ে জীবনযাপন করতে হবে না।
খবরটি পঠিত হয়েছে ১১৪ বার











