শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় অপহৃত যুবক ৪ দিন পর সিলেট থেকে উদ্ধার

news-image

কসবা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় দায়েরকৃত অপহরণ মামলার সূত্র ধরে অপহৃত আশরাফুলকে সিলেট হযরত শাহজালাল (র:) মাজার এলাকা থেকে রোববার (২৯ নভেম্বর) সকালে উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের আশরাফুল ইসলাম (২৩) নামক এক যুবককে অপহরণ করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবী করেছে একটি অজ্ঞাত চক্র। গত বুধবার (২৫ নভেম্বর) রাত ৮টায় গ্রামের এক বন্ধুর বাড়িতে খাওয়ার কথা বলে বের হওয়ার পর আশরাফুল আর ফিরে আসেনি। দাখিলকৃত অভিযোগ সূত্রে জানা যায়, আশরাফুলের অভিভাবক তার ব্যবহৃত মোবাইল নাম্বার ০১৭৫৪৬৩৬৭২৩ তে বারবার ডায়াল করলেও ওপ্রান্ত থেকে কেউ কল রিসিভ করেনি। পরে রাত ১২টায় আশরাফুলের মোবাইল নাম্বার থেকে বাড়িতে ব্যবহৃত মোবাইল নাম্বার ০১৭৩১০৯৫৭৬ তে ফোন করে পরদিন বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় তার লাশ পাঠানো হবে বলে হুমকি দিয়েছিল দূর্বৃত্তরা। এ ঘটনায় আশরাফুলের বাবা বাক প্রতিবন্ধী আইয়ুব খান পাগলপ্রায় হয়ে খুঁজছে একমাত্র পূত্রকে। আশরাফুলের মা সায়েস্তা বেগম কসবা থানায় একটি সাধারণ ডাইরী করেছেন। 
এ দিকে অপহৃত আশরাফুলকে সিলেট মাজার এলাকায় অচেতন অবস্থায় ফেলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় জনতা তাকে উদ্ধার করে সিলেট কোতয়ালী থানায় সোপর্দ করে। বিষয়টি কসবা থানা পুলিশকে অবহিত করলে থানা পুলিশ তাকে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেছে। 
কসবা থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ মহিউদ্দিন জানান, অপহৃত আশরাফুলকে সিলেট থেকে উদ্ধার করে তার পরিবারের নিকট অর্পণ করা হয়েছে। অপহরণকারী চক্রকে গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।