বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারী মাদক ব্যবসায়ীরা স্বাভাবিক জীবনে এলে পূনর্বাসনে সহায়তা করা হবে

news-image

আমিরজাদা চৌধুরী : নারী মাদক ব্যবসায়ীরা স্বাভাবিক জীবনে ফিরে এলে সদর উপজেলা পরিষদ তাদের পূনর্বাসনে সহায়তা করবে বলে জানিয়েছেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত। সোমবার (২৪ শে নবেম্বর) ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলার বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীর  স্বাভাবিক জীবনে ফিরে আসা উপলক্ষ্যে শহরের সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে নারী মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্য এডভোকেট নিশাত বলেন- নারী মাদক ব্যবসায়ীরা এ পথ পরিহার করলে তাদের পূনর্বাসনের উদ্যোগ নেয়া হবে । সদর উপজেলা পরিষদ থেকে নানা ধরনের প্রশিক্ষনের ব্যবস্থা করা হবে তাদের জন্যে। যাতে তারা স্বাবলম্বী হয়ে সুস্থ জীবনযাপন করতে পারেন।
এ অনুষ্ঠানে সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার মাদক ব্যবসায়ীদের প্রতি হুশিয়ারী উচ্চারন করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলার পুলিশ সুপার মো: মিজানুর রহমান পিপিএম। তিনি বলেছেন ঘুনাক্ষরেও ভাববেননা কাউকে ছাড় দেয়া হবে। এখন পর্যন্ত আমরা শতকারা একভাগ বা তারো কম মাদক ব্যবসায়ীর গায়ে হাত দিয়েছি। মাদক বিরোধী যুদ্ধে আমরা একশো ভাগ মাদক ব্যবসায়ী নির্মুল করবো। ব্রাহ্মণবাড়িয়ায় কোন মাদক ব্যবসায়ীকে টিকতে দেয়া হবেনা। হয় তারা মাদক ব্যবসা ছাড়বে নয়তো এলাকা ছাড়বে। বাংলাদেশে-পৃথিবীতে অনেক জায়গা আছে। মাদক ব্যবসা করতে চাইলে দয়া করে ব্রাহ্মণবাড়িয়া ছেড়ে চলে যান। তা না হলে আপনাদের ঘরবাড়ি থাকবেনা, আপনারাও থাকবেননা। এমনকি জীবনও সংকটে পড়তে পারে। আমার ক্লিয়ার মেসেজ ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসা চলবেনা। এটা আমরা নিশ্চিত করবো। 
অতিরিক্ত পুলিশ সুপার এম.এ মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত প্রমুখ। অনুষ্ঠানে শহরের ভাদুঘরের কালা ঋষি,জাকির,বাবুল,রহিম,শিমরাইলকান্দির কালু মিয়া,আনার মিয়া,জহিরুল ইসলাম,বিজয়নগর উপজেলার আনোয়ারা বেগম,আসমা খাতুন,সালেহা খাতুন ও রেজিয়া খাতুন প্রমুখ মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করেন। পুলিশ সুপার তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানান।