শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউজিসির রিপোর্ট বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতকের মান প্রশ্নবিদ্ধ

news-image

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজ ও কতিপয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতকের মান নিয়ে প্রশ্ন তুলেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সংস্থাটি বলছে, দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে প্রচলিত কারিকুলাম উন্নতমানের হলেও কোন কোন বিশ্ববিদ্যালয়, বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাস করা গ্রাজুয়েটদের শিক্ষাগত যোগ্যতা প্রশ্নবিদ্ধ। উচ্চশিক্ষার ব্যাপক প্রসার হলেও এর প্রত্যাশিত মান নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।

সম্প্রতি ইউজিসির ৪১তম বার্ষিক প্রতিবেদন ২০১৪-এ এসব তথ্য উঠে এসেছে। গত বৃহস্পতিবার প্রতিবেদনটি প্রেসিডেন্ট আবদুল হামিদের কাছে পাঠানো হয়। এটি জাতীয় সংসদের আসন্ন অধিবেশনে উত্থাপনের কথা রয়েছে। প্রতিবেদন সম্পর্কে ইউজিসি চেয়ারম্যান বলেন, গত বছর শুধু জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার নতুন করে কতিপয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মান নিয়ে প্রশ্ন উঠেছে। এটি উদ্বেগের বিষয়। এই মান নিয়ে আরও অনেক কাজ করার আছে। তবে ইউজিসির মান উত্তরণে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে। ইতিমধ্যে উচ্চশিক্ষার মানোন্নয়ন প্রকল্প হেকেপের পরিধি বাড়ানো হয়েছে। এটি যখন বাস্তবায়ন হবে তবে মান একটা আশানুরূপ জায়গায় পৌঁছানো যাবে। এর আগে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশানাল বাংলাদেশ টিআইবি ও বিভিন্ন মহল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মান নিয়ে প্রশ্ন তুলে আসছিল। এবার ইউজিসির প্রতিবেদনে বিষয়টি পরিষ্কার হলো। প্রতিবেদনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মান নিয়ে প্রশ্ন তুলে বলা হয়, বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় সন্তোষজনক পর্যায়ে উন্নীত হতে পেরেছে। ফলে পাবলিক সার্ভিস কমিশন বিসিএসের মতো প্রতিযোগিতায় টিকতে পারছে। তবে বেশির ভাগ বিশ্ববিদ্যালয় আশানুরূপ পর্যায়ে উন্নীত হওয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

 

প্রতিবেদনে আরও বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিকাশমান ধারার কারণে বিদেশে যাওয়ার হার কমে এসেছে। ২০১৩ সালে টিউশন ফি বাবদ ৩৫ কোটি এবং শিক্ষার্থীদের টিউশন ফি, আবাসন খরচসহ অন্যান্য ব্যয়ের হিসাব ধরে ২৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রার সাশ্রয় হয়েছে। গত বছর ইউজিসির বার্ষিক প্রতিবেদনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মান নিয়ে প্রশ্ন তুলে বলা হয়, সাধারণত শিক্ষক সংকট, দু-একজন শিক্ষক নিয়ে অনার্স-ডিগ্রি প্রোগ্রাম চালু, অদক্ষ ও অপ্রশিক্ষিত শিক্ষক, উচ্চতর প্রশিক্ষণ ও ডিগ্রিবিহীন শিক্ষক, গবেষণার অভাব, নিয়মিত ক্লাস না হওয়া বা নামেমাত্র, নোট-গাইডভিত্তিক উচ্চশিক্ষা, মাসের পর মাস কলেজ বন্ধ থাকাসহ নানা ধরনের সমস্যার কথা বলা হয় প্রতিবেদনে।

এজন্য বেশির ভাগ গ্রাজুয়েটের মানই সন্তোষজনক নয়। একই কথা বলা হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতকের মান নিয়ে। ১৫-২০ বছর ধরে পুরনো বিশ্ববিদ্যালয়ে ভিসি-প্রো-ভিসি ও কোষাধ্যক্ষসহ একাডেমিক পদগুলো শূন্য রেখে একাডেমিক কার্যক্রম চালাচ্ছে। ভর্তি প্রক্রিয়া স্বচ্ছ, মেধাভিত্তিক ও বিধিসম্মত না করা, অবকাঠামো সমস্যা, দক্ষ ও যোগ্য শিক্ষকের অভাব, শিক্ষক নিয়োগে স্বচ্ছতা রক্ষা করা, স্থায়ী ক্যাম্পাসে না যাওয়া, নিয়মিত সিন্ডিকেট সভা ও একাডেমিক বডির বৈঠক না করা, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রচলিত পরীক্ষা পদ্ধতিতে অসঙ্গতি, উত্তরপত্র মূল্যায়ন পদ্ধতি প্রশ্নবিদ্ধ, সিলেবাসে অসামঞ্জস্য, ক্রেডিট ট্রান্সপারে বিড়ম্বনা, গবেষণা খাতে অপ্রতুল বরাদ্দ কখনও বরাদ্দ না রাখা, কারিকুলাম যুগোপযোগী ও বাস্তসম্মত না হওয়া, স্নাতক থেকে স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষার্থী ভর্তিতে মেধাবীদের জন্য উন্মুক্ত না রাখা, সাহিত্য, মৌলিক বিষয়গুলো খোলার প্রতি অপারগতা, দক্ষ কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ না করাসহ আরও কিছু সমস্যা চিহ্নিত করেছে। 


প্রতিবেদন আরও বলা হয়, প্রতিযোগিতামূলক বিশ্বে ঠিকে থাকতে হলে স্নাতকদের ইংরেজি ভাষার দক্ষতা, লিখিত ও মৌখিকভাবে নিজস্ব চিন্তা উপস্থাপনের দক্ষতা এবং আইটি দক্ষতা বাড়াতে হবে। এসব বিষয়ে অর্জনের জন্য কারিকুলাম সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় উপাদান সংযোজন করার জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে পরামর্শ দেয়া হচ্ছে।

সুপারিশ: শিক্ষার মানোন্নয়নে প্রতিবেদনে বেশ কিছু সুপারিশ করা হয়। এর মধ্যে রয়েছে প্রতিষ্ঠিত সরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অথবা সহযোগী অধ্যাপককে অপেক্ষাকৃত কম প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে প্রেষণে যাওয়া। দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিষ্ঠিত সরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। সরকারি ও বেসরকারি উভয় পর্যায়ে গবেষণা ও অত্যাধুনিক ল্যাবরেটরি স্থাপন করা ও আক্রিডিটেশন কাউন্সিল গঠন করা ইত্যাদি। জাতীয় বিশ্ববিদ্যালয়কে একটি পরিপূর্ণ স্বায়ত্তশাসিত স্নাতকোত্তর শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করে সেখানে কেবল এমএস ও পিএইচডি পর্যায়ে শিক্ষা কার্যক্রম চালু, কয়েকটি নির্বাচিত কলেজে মাস্টার্স পর্যায়ে শিক্ষা কার্যক্রম সীমিত রাখা, মাস্টার্স পর্যায়ে ভর্তির ক্ষেত্রে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে পাস করা স্নাতকদের জন্য উন্মুক্ত রাখা, অধিভুক্ত কলেজগুলোর শিক্ষক নিয়োগের দায়িত্ব জাতীয় বিশ্ববিদ্যালয়কে প্রদান করে এসব শিক্ষকের চাকরির বিধিমালা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অনুরূপ করা ইত্যাদি।