শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এলিয়েনের অস্তিত্ব খুঁজবে নাসার ল্যাপটপ

news-image

পৃথিবীর বাইরের অন্যান্য গ্রহের অর্থাৎ ভিনগ্রহের প্রাণীদের বলা হয়ে থাকে এলিয়েন। তবে ভিনগ্রহে সত্যিই কোনো প্রাণের অস্তিত্ব রয়েছে কিনা, তা নিয়ে বিতর্ক রয়েছে। নানা সময়ে অনেকেই এলিয়েনের দেখা বা ভিনগ্রহের যান পৃথিবীতে দেখতে পাওয়ার কথা জানালেও এখন পর্যন্ত কেউ সেই দাবির পক্ষে জোরালো প্রমাণ উপস্থাপন করতে পারেননি। ফলে ভিনগ্রহে আসলেই কোনো প্রাণের অস্তিত্ব আছে কিনা, সে নিয়ে এখনও সংশয় কাটেনি। ভিনগ্রহে প্রাণের অস্তিত্ব খুঁজতে ‘কেমিক্যাল ল্যাপটপ’ তৈরি করছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এটি মঙ্গল ও অন্যান্য গ্রহে প্রাণের উপাদান তথা অ্যামাইনো এসিড ও ফ্যাটি এসিডের অস্তিত্ব অনুসন্ধান করবে। টাইমস অব ইন্ডিয়া।


বহু বছর ধরেই মহাকাশে বিভিন্ন গ্রহে প্রাণের খোঁজে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে নাসা। তারই ধারাবাহিকতায় নাসার বিজ্ঞানীরা ভিনগ্রহে প্রাণের সন্ধানের নিশ্চিত তথ্য সংগ্রহ করতে তৈরি করেছেন বিশেষ এই যন্ত্র। নাসার কেমিক্যাল ল্যাপটপ আকার আকৃতিতে ছোটখাটো একটি ল্যাবরেটরির মতো। এটি ব্যাটারি চালিত। ফ্যাটি এসিড ও অ্যামাইনো এসিড, প্রোটিনের মূল একক এই দুই উপাদান প্রাণের অন্যতম উপাদান। ফলে প্রাণের অস্তিত্ব খুঁজতে এই দুটি এসিডের অস্তিত্বই খুঁজে বের করবে নাসার কেমিক্যাল ল্যাপটপ। নাসার বিজ্ঞানী জেসিকা ক্রেমার জানান, এই ছোট্ট কেমিক্যাল ল্যাপটপই হতে চলেছে মহাকাশে পাঠানো সবচেয়ে সংবেদনশীল যন্ত্র। এটি সহজেই অ্যামাইনো এসিড ও ফ্যাটি এসিড চিহ্নিত করতে পারবে। ক্যালিফোর্নিয়ার জেট প্রোপালসন ল্যাবরেটরিতে (জেপিএল) যন্ত্রটির পরীক্ষা-নিরীক্ষা চলছে। জেপিএলের বিজ্ঞানী ফারনান্দা মোরা বলেন, যন্ত্রটি (কেমিক্যাল ল্যাপটপ) ল্যাপটপের মতো বিভিন্ন কাজ করতে সক্ষম। এটি অ্যামাইনো এসিড ও ফ্যাটি এসিডের সন্ধানে সক্ষম হবে। ভিনগ্রহে প্রাণের উপাদান আছে কী নেই সেটি খুঁজে বের করবে এই যন্ত্র।


প্রাণের সন্ধানে এই ল্যাপটপকে মঙ্গলে পাঠানোর পরিকল্পনা রয়েছে বিজ্ঞানীদের। তবে এই কেমিক্যাল ল্যাপটপ কঠিন কোনো পদার্থের ওপর পরীক্ষা চালাতে পারবে না। পরীক্ষায় প্রয়োজন পড়বে তরল নমুনা। আর মঙ্গলের মতো শুষ্ক গ্রহে তা কতটা পাওয়া সম্ভব হবে, তাই এখন ভাবাচ্ছে বিজ্ঞানীদের।