কসবায় পাহাড় কাটার দায়ে এক ব্যক্তি আটক : মাটিসহ ট্রাক জব্দ
শেখ কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পাহাড় কাটার দায়ে ইউসুফ মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে বৃহস্পতিবার সকালে আটক করেছেন প্রশাসন। এ সময় পাহাড়ের মাটি ভর্তি একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় বায়েক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মনির হোসেন বাদী হয়ে কসবা থানায় মামলা দায়ের করেছেন।
আটক হওয়া ইউসুফ মিয়া কসবা উপজেলার বায়েক ইউনিয়নের ধোপাখলা গ্রামের মৃত মোহর আলী ছেলে। ইউসুফ মিয়া বর্তমানে কসবা থানা হাজতে রয়েছে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে; সরকারি ও ব্যক্তি মালিকানাধীন যে কোন ধরনের পাহাড় কাটা সম্পূর্ণ নিষেধ হওয়া সত্ত্বেও ইউসুফ মিয়াসহ ৫ থেকে ৬ জন ব্যক্তি উপজেলার কাশিরামপুর মৌজার ৫৮৫ দাগের পাহাড় রাতের আধারে কেটে সাবাড় করছেন। গতকাল বৃহস্পতিবার সকালে বায়েক ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মো. মনির হোসেনের নেতৃত্বে পাহাড় কাটার সময় মাটি ভর্তি একটি ট্রাক আটক করেন। এ সময় ইউসুফ মিয়াকে ও আটক করেছেন।
থানা হাজতে থাকা ইউসুফ মিয়া বলেন; পাহাড় কাটা নিষেধ তিনি জানেন। পাহাড় কাটার স্থল থেকে তাহার বাড়ি অনেক দুরে। একদল লোক রাতের আধারে পাহাড়ের মাটি কেটে নেয়। কে কেটে নিয়েছেন তিনি জানেন না।
সহকারী কমিশনার (ভূমি) মো. আলী আফরোজ বলেন; পাহাড় কাটা সম্পূর্ণ নিষেধ। এতে পরিবেশের ভারসাম্য বিনষ্ট হয়। পাহাড় কাটার দায়ে ইউসুফ মিয়া নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মাটি ভর্তি একটি ট্রাকও জব্দ করা হয়েছে। এ ঘটনায় বায়েক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মনির হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এজাহারটি থানায় পাঠানো হয়েছে।











