তারুণ্যের ল্যাপটপ
ল্যাপটপ কেনার আগে
আজ থেকে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে ল্যাপটপ মেলা। এক্সপো মেকারের আয়োজনে তিন দিনের এই মেলায় থাকছে নতুন মডেলের ল্যাপটপ ও আনুষঙ্গিক গেজেটস। ল্যাপটপ ও মেলার বিভিন্ন দিক নিয়ে টেকবিশ্বের এই বিশেষ আয়োজন বহনে সুবিধা, ব্যাটারি ব্যাকআপ, বিল্টইন ওয়েবক্যাম-এমন বাড়তি সুবিধার কারণে অনেকের কাছে ডেস্কটপের চেয়ে ল্যাপটপ বেশি পছন্দ। মেলা থেকে ল্যাপটপ কেনারও প্রস্তুতি নিচ্ছেন অনেকে। কিছু বিষয় আগে থেকে জেনে রাখলে কিনতে সুবিধা হবে।
যেনতেন একটা ল্যাপটপ কিনে নিয়ে এলেই তো হলো না। কাজের ধরন বা প্রয়োজন বুঝে দরকারি ফিচার-কনফিগারেশনের ল্যাপটপটিই নিতে হবে। বিনোদনের জন্য নিলে ভালো গ্রাফিক্সে কথা মাথায় রাখতে হবে। দিনের বেশির ভাগ সময় ল্যাপটপ চালু রাখতে হলে থাকতে হবে ভালো প্রসেসর ও ব্যাটারি ব্যাকআপ।
ল্যাপটপ, নাকি নেটবুক?
আকারে ও ওজনে তুলনামূলক ছোট ল্যাপটপই নোটবুক বা নেটবুক। এসব ডিভাইসের ডিসপ্লে সাধারণত ১০ থেকে ১২ ইঞ্চি। ওজন পাঁচ পাউন্ডেরও কম। ল্যাপটপে অপটিক্যাল ড্রাইভ বা ডিভিডি রম থাকে, নোটবুকে থাকে না। ডিভিডি বা ডিস্ক ব্যবহার করতে হলে নোটবুকের জন্য আলাদা পোর্টেবল ডিভিডি ড্রাইভ কিনতে হবে। অফিসে বা ভ্রমণে সঙ্গে রাখতে চাইলে নোটবুকই ভালো। ওজনে হালকা ও আকারে ছোট। ব্যাটারি ব্যাকআপও তুলনামূলক বেশি থাকে।
যার জন্য যেমন
কোন ধরনের কাজ করবেন-তার ওপর নির্ভর করবে কোন কনফিগারেশনের ল্যাপটপটি উপযোগী। শিক্ষার্থীদের সাধারণ কাজের জন্য উচ্চ কনফিগারেশনের ল্যাপটপের দরকার হয় না। ২৪ থেকে ৩০ হাজারের মধ্যে এ ধরনের কাজের উপযোগী ল্যাপটপ পাওয়া যাবে। লেখালেখি, ব্রাউজিং বা সাধারণ কাজ অনায়াসে চালিয়ে নেওয়া যাবে এগুলো দিয়ে। ভারি কাজও করা যাবে, তবে পারফরম্যান্স মনমতো হবে না। গ্রাফিক্স, ভিডিও এডিটিং, ওয়েব ডেভেলপ, অ্যাপ বা সফটওয়্যার ডেভেলপ-এ ধরনের কাজের জন্য উচ্চগতির ল্যাপটপ ভালো। বাজেট ধরতে হবে কমপক্ষে ৩০ থেকে ৩৫ হাজার টাকা। অনেক ব্যবহারকারী ভাবেন-তেমন বড় কাজ করব না, সাধারণ মানের ল্যাপটপ হলেই হবে! কিন্তু কেনার পর কাজের পরিধি বাড়ে, ল্যাপটপের ওপরও চাপ বাড়ে। তাই কেনার আগেই সব কিছু মাথায় রেখে বাজেট ঠিক করতে হবে।
ভালো-মন্দ
কেনার আগে জেনে নিন-কয় সেলের ব্যাটারি, ব্যাকআপ কতক্ষণ। দোকানির দেওয়া ব্যাটারি ব্যাকআপের তথ্য যাচাই করতে ল্যাপটপটি ব্যবহার করে দেখুন। ১০-১৫ মিনিট সাধারণ ব্যবহার ও মাল্টিমিডিয়া ফাইল চালু করে দেখুন-কত শতাংশ চার্জ খরচ হয়েছে। তা থেকেই ধারণা নেওয়া যাবে-১০০ শতাংশ চার্জে কতক্ষণ যাবে।
ফ্রি ওএস বনাম বিল্টইন ওএস
ল্যাপটপের ফিচারে অনেক সময় 'ফ্রি ওএস' লেখা থাকে। অনেকে মনে করেন-এটা বুঝি ওপেন সোর্স ওএস বা লিনাক্স। আসলে 'ফ্রি ওএস' মানে যেকোনো ওএস বা অপারেটিং সিস্টেম (ওএস) ব্যবহার করা যাবে। কোনো কোনো ল্যাপটপে বিল্টইন ওএস বা তৈরির সময়ই অপারেটিং সিস্টেম ইনস্টল করা থাকে। এ ক্ষেত্রে অপারেটিং সিস্টেমটি লাইসেন্স করা বা অরিজিনাল থাকে। তাই দামও তুলনামূলক বেশি হয়। প্রচলিত ওএসগুলোর মধ্যে আছে-মাইক্রোসফটের উইন্ডোজ-৭, ৮.১ ও ১০; লিনাক্স, ম্যাক। অপারেটিং সিস্টেমগুলোর মধ্যে উইন্ডোজই সহজ ও জনপ্রিয়।
কী আছে, কী নেই
ব্যবহারের সময় অনেকে ইউএসবি পোর্টের বাড়তি মাউস, কি-বোর্ড ও মডেম ব্যবহার করেন। কাজের সময় ইউএসবি পোর্টে পেনড্রাইভও ব্যবহার করা লাগতে পারে। এমনটি হলে অন্তত চারটি ইউএসবি পোর্ট থাকতে হবে ল্যাপটপে। অনেকে ল্যাপটপের বিল্টইন স্পিকার দিয়েই মিউজিক শোনেন। তবে সব ল্যাপটপের স্পিকারের সাউন্ড মনমতো নাও হতে পারে। চাইলে বাড়তি র্যাম লাগানো যাবে কি না অর্থাৎ বাড়তি র্যাম স্লট আছে কি না কেনার আগে তাও জেনে নিন।
প্রসেসরের রকমফের
ল্যাপটপের গতি বা পারফরম্যান্সের সঙ্গে সম্পর্ক প্রসেসরের। প্রসেসরের বেলায় ভালো ব্র্যান্ড ও ক্ষমতা ঠিকঠাক থাকলে পারফরম্যান্স নিয়ে ভাবতে হবে না। ইন্টেল ও এএমডি ব্র্যান্ডের প্রসেসরই সাধারণত ল্যাপটপে ব্যবহার করা হয়। ভালো গতির জন্য ইন্টেলের নামডাকই বেশি। ক্ষমতার দিক থেকে প্রসেসরের বিভিন্ন স্টেজের মধ্যে আছে-এটম, সেলেরন, পেন্টিয়াম, সেন্ট্রিনো, কোর টুু, কোর আই ইত্যাদি। ভালো গতির জন্য কোর টু, কোর আই সিরিজ জনপ্রিয়।
র্যাম ও স্টোরেজ
ল্যাপটপগুলোতে কনফিগারেশনের সঙ্গে মিল রেখে র্যাম দেওয়া থাকে। তবে চাইলে বাড়তি র্যাম লাগিয়ে বাড়িয়ে নেওয়া যাবে। দুই থেকে চার জিবি র্যাম দিয়েই অনায়াসে মোটামুটি সব কাজ করা যাবে। তবে স্টোরেজ বা হার্ডডিস্ক কত হবে, তা নির্ভর করছে ব্যবহারকারীর ব্যবহারের ওপর।
মুভি, ভিডিও বা মিউজিক-এ ধরনের ফাইল হার্ডডিস্কে সংগ্রহ করতে হলে হার্ডডিস্ক এক টেরাবাইট হলে ভালো হয়। ৫০০ গিগাবাইট হলেও অনেক ভিডিও রাখা যাবে।
এক নজরে এবারের এডুমেকার ল্যাপটপ মেলা ২০১৫
* আয়োজক : এক্সপো মেকার।
* স্টল-প্যাভিলিয়ন: ২০ প্যাভিলিয়ন ও ৪৯ স্টল
* আয়োজন: ৪টি কর্মশালা। গেইমিং প্রতিযোগিতা।
* অংশগ্রহন: এসার, আসুস, ডেল, এইচপি, লেনোভো, তোশিবা, সনি, টুইনমস, গিগাবাইট, ডিলাক্স, এক্সট্রিম, লজিটেক, ডিলিংক, আইনল, শাওমি, এইচটিএস, মাইক্রোল্যাব, প্রেস্টিজিও, ইসেট অ্যান্টিভাইরাস, সিস ইনফ্লেক্সিয়ন পয়েন্ট
* যেসব পণ্য পাওয়া যাবে : ট্যাবলেট কমপিউটার, ইন্টারনেট সিকিউরিটি পণ্য ও ল্যাপটপের আনুসঙ্গিক গ্যাজেট।
* পুরস্কার : ফেইসবুকে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। https://goo.gl/wdcWjT-এ গিয়ে কুইজে অংশ নিয়ে ল্যাপটপ, স্মার্টফোনসহ আকর্ষনীয় পুরস্কার জেতা যাবে।
* প্রধান পৃষ্ঠপোষক প্রযুক্তিবিষয়ক প্রশিক্ষণ প্রতিষ্ঠান 'এডুমেকার'। সহ-পৃষ্ঠপোষক ল্যাপটপ ব্র্যান্ড এসার, আসুস, ডেল, এইচপি ও লেনোভো। মেলার টিকিট বুথ পার্টনার ই-স্ক্যান অ্যান্টিভাইরাস, পার্টনার পিপলস রেডিও এবং টেকশহরডটকম।
* প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। প্রবেশ মূল্য ৩০ টাকা। স্কুলের শিক্ষার্থীরা ইউনিফর্ম পরা অবস্থায় কিংবা পরিচয়পত্র প্রদর্শন করে বিনামূল্যে প্রবেশ করতে পাবে। প্রতিবন্ধীরাও বিনামূল্যে প্রবেশের এই সুযোগ পাবে।
* মেলার টিকিটের টাকা দৈনিক কালের কণ্ঠের সাব-এডিটর দূরারোগ্য লিউকোমিয়ায় আক্রান্ত লতিফুল হকের চিকিৎসায় প্রদান করা হবে।











