কসবায় অপহরণ চেষ্টাকালে আটক ৫
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক যুবককে অপহরণ চেষ্টাকালে ৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।শনিবার সন্ধ্যা ৬টায় কসবা উপজেলার কুইয়াপানিয়া এলাকা থেকে তাদেরকে আটক করে। আটকরা হলেন- আমিন মিয়া (২৫), মহসিন সরকার (৩২), রাসেল মিয়া (২০), জুয়েল মিয়া (২০) ও লালন মিয়া (২৫)। আটক লালন মিয়া জেলার আখাউড়া উপজেলার মনিয়ন্দ এলাকার বাসিন্দা। আটক বাকিরা জেলার কসবা উপজেলার গোপীনাথপুর পূর্বপাড়া মহল্লার বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি জানায়, সন্ধ্যায় কসবা উপজেলার গোপীনাথপুর থেকে আলমগীর মিয়া (২২) সিএনজি যোগে কয়েকজন যুবক সিএনজিতে তুলে নিয়ে কসবা উপজেলা সদরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে উপজেলার কুইয়াপানিয়া এলাকায় আলমগীর চিৎকার শুরু করলে ওই এলাকায় টহলরত বিজিবির চন্ডিদার বিওপির সদস্যরা সিএনজিটিকে আটক করে আলমগীরকে উদ্ধার করে। এ সময় সিএনজি চালকসহ ৫ যুবককে আটক করা হয়।
১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ল্যাফটেনেন্ট কর্নেল মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটকদের বিরুদ্ধে কসবা থানায় মামলার প্রস্তুতি চলছে।











