বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচার-প্রচারণা শুরু

news-image

মোঃ বাহারুল ইসলাম মোল্লা : পৌর নির্বাচনের তফসিল ঘোষিত না হলেও ব্রাহ্মণবাড়িয়ায় বইছে নির্বাচনের হাওয়া। আওয়ামীলীগ বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের এক ডজনেরও বেশী মেয়র প্রার্থী মাঠে নেমেছেন।  তবে জাতীয় পার্টি ও জামাতের কোন মেয়র প্রার্থী এখনো প্রচার-প্রচারণা শুরু করেনি। মেয়র প্রার্থীদের মধ্যে আওয়ামীলীগের ৮জন, বিএনপির ৪জন এবং ওয়ার্কার্স পার্টির একজন প্রার্থী প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন।
শহরের আনাচে-কানাচে শোভা পাচ্ছে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন। সম্ভাব্য মেয়র প্রার্থীরা ইতিমধ্যে গনসংযোগ ও কর্মীসভা শুরু করেছেন।
সম্প্রতি মন্ত্রী সভায় দলীয় ব্যানারে ইউপি ও পৌরসভা নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত  গ্রহনের পর বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা দলের নেতাদের ম্যানেজ করার চেষ্টার পাশাপাশি নির্বাচনী এলাকায় গনসংযোগ শুরু করেছেন। কর্মী সমর্থকদের নিয়ে উঠান বৈঠক ও কর্মীসভা করছেন। প্রার্থীরা দলীয় এবং বিভিন্ন সামাজিক কর্মকান্ডে যোগদান করছেন। 
খোঁজ নিয়ে জানা গেছে, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন আবারো মেয়র পদে প্রার্থী হবেন। ইতিপূর্বে তিনি একবার পৌর সভার চেয়ারম্যান এবং একবার মেয়র পদে বিজয়ী হন। তিনি ইতিমধ্যেই প্রচার-প্রচারণা শুরু করেছেন।
আওয়ামীলীগের অপর মেয়র প্রার্থীরা হলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা নাগরিক সমাজের সভাপতি,বিশিষ্ট শালিসকারক তাজ মোহাম্মদ ইয়াছিন। তিনি শহরতলীর নাটাই উত্তর ইউনিয়ন পরিষদের দু’বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
এছাড়াও আওয়ামীলীগের অন্যান্য মেয়র প্রার্থীরা হলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখনের অনুজ মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট হুমায়ূন কবিরের সহধর্মীনি ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মিসেস নায়ার কবির, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুল আলম চৌধুরী খোকন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহআলম সরকার এবং জেলা আওয়ামীলীগের সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুল হক ভূইয়া।
বিএনপির দলীয় নেতা-কর্মীদের সাথে কথা বলে জানা গেছে, জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি এবারো মেয়র পদে প্রার্থী হবেন। এছাড়াও মেয়র পদে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি জহিরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাজী মোঃ সিরাজুল ইসলাম সিরাজ এবং জেলা বিএনপির সাবেক সমাজকল্যাণ সম্পাদক ও  ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আবু শামীম মোহাম্মদ আরিফ নির্বাচন করবেন বলে শহরে আলোচনা রয়েছে। 
বিএনপির প্রার্থীদের মধ্যে হাফিজুর রহমান মোল্লা কচি, জহিরুল হক খোকন ও হাজী মোঃ সিরাজুল ইসলাম সিরাজ বর্তমানে কারান্তরীন আছেন। তাদের পক্ষে তাদের কর্মী সমর্থকরা প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
জেলা ওয়ার্কার্স পাটির পক্ষ থেকে জেলা ওয়ার্কার্স পার্র্টির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড নজরুল ইসলাম মেয়র পদে প্রার্থী হবেন। ইতিমধ্যেই তিনি প্রচার-প্রচারণা শুরু করেছেন। শহরে আলোচনা আছে শেষ পর্যন্ত বিভিন্ন দলে মেয়র প্রার্থীর সংখ্যা আরো বাড়তে পারে।
এ ব্যাপারে জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি বলেন, প্রার্থীদের মধ্যে যিনি দলীয় নেতা-কর্মীদের কাছে বেশী জনপ্রিয় ও গ্রহণযোগ্য তাকেই মেয়র পদে দলীয় মনোনয়ন দেওয়া হবে।