বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় উদীচির বিক্ষোভ ও প্রতিবাদ সভা

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় জাগৃতির প্রকাশক দীপন হত্যা, শুদ্ধস্বরের প্রকাশক ও মুক্তমনা লেখকদের উপর নৃশংস হামলার ঘটনার প্রতিবাদে এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মুক্তিযুদ্ধ বিরোধী কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেল ৫টায় জেলা উদীচি শিল্পীগোষ্ঠির উদ্যোগে স্থানীয় প্রেসক্লাব চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব চত্ত্বরে গিয়ে প্রতিবাদ সভা করে।
জেলা উদীচি শিল্পীগোষ্ঠির উপদেষ্টা এম.এ রাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি কবি জয়দুল হোসেন, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আবু সাঈদ, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক সাংবাদিক আবদুন নূর প্রমুখ।
সভায় বক্তারা জাগৃতির প্রকাশক ফয়সাল আরেফীন দীপন হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে এ হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দেওয়া কুরুচিপূর্ণ বক্তব্য প্রত্যাহারেরও দাবি জানান বক্তারা।