কসবায় কলেজ ছাত্রী গণধর্ষণের অভিযোগ
কসবা পৌর সদরে এক কলেজ ছাত্রী গণধর্ষণের শিকার হয়েও থানায় মামলা করতে পারেনি। পরিবারটির মাঝে রয়েছে চরম আতংক। ধর্ষিতা কসবা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী।
ধর্ষিতা সাংবাদিকদের জানায়, সে উপজেলার কায়েমপুর ইউনিয়নের পানিয়ারুপ গ্রামের এক প্রবাসীর কন্যা। কলেজে লেখাপড়া করার জন্য সে বাড়ি ছেড়ে কসবা পৌর সদরের শীতলপাড়া গ্রামের মরহুম সহিদ মিয়ার বাড়িতে ঘর ভাড়া নিয়ে বসবাস করছে। ঘর ভাড়া নেয়ার পর থেকেই সে বাড়ির মালিকের স্ত্রীর সাথে রাতে ঘুমাতো।
ঘটনার দিন গত ২৭ অক্টোবর রাত ১১টায় বাড়ির মালিকের স্ত্রীর সাথে আতাত করে দূর্বৃত্তরা তার ঘরে প্রবেশ করে। পরে সে বাহির থেকে দরজায় তালা লাগিয়ে দেয়। দূর্বৃত্তরা ধর্ষিতার কাপড় দিয়ে তার মুখ বেধে ফেলে। পরে পালাক্রমে ৭ নরপশু রাতভর তাকে ধর্ষণ করে বলে ওই ছাত্রী জানায়। পরদিন ২৮ অক্টোবর তার বোন ও ভগ্নিপতি তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ফেরদৌস আরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করে। হাসপাতাল রেজিষ্টারে চিকিৎসক উল্লেখ করেছেন ওই কলেজ ছাত্রী সেক্সুয়াল এসল্ট।
কসবা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার ফেরদৌস আরা জানান, কলেজ ছাত্রীর শারীরিক অবস্থা দেখে প্রাথমিকভাবে সেক্সুয়ালের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।বিষয়টি নিয়ে কসবা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ অধ্যক্ষ মো. তসলিম মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এখনও এ বিষয়ে কোন অভিযোগ পাইনি।
কায়েমপুর ইউপি চেয়ারম্যান আলহাজ মো. আমজাদ হোসেন সরকার ঘটনার সত্যতা স্বীকার বলেন গত ৩১ অক্টোবর সকালে পানিয়ারুপ গ্রামের মো. মনির হোসেনের সাথে আলোচনা করে কিশোরী ধর্ষণের বিষয়টি নিশ্চিত হয়েছি। ধর্ষিতার পরিবার থেকে মামলা করার পদক্ষেপ নিলে আমি সার্বিকভাবে সহযোগিতা করব।
উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটি সভাপতি শফিকুল ইসলাম ভূইয়া রঙ্গু সাংবাদিকদের জানান, বিষয়টি সংবেদনশীল ঘটনাটির সুষ্ঠু বিচার হওয়া প্রয়োজন।
কসবা থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ মহিউদ্দিন জানান, এ ব্যাপারে আমার নিকট কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে প্রয়োাজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।











