আপত্তি নেই কাটরিনার , অপ্সরার নতুন অধ্যায় , ঐশ্বর্যর আজ ৪২-এ পা
বলিপাড়ায় কিছুদিন ধরে একটি খবর সবার মুখে মুখে। সাবেক প্রেমিক জুটি রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন আবারও একে অপরের কাছে ফিরছেন। এ নিয়ে চলছে ব্যাপক আলোচনাও। একপর্যায়ে বিষয়টি রণবীরের বর্তমান প্রেমিকা কাটরিনা কাইফের কানেও পৌঁছে যায়। শুনেই রেগে যান কাটরিনা। নিজের প্রেমিককে কিছুতেই হারাতে নারাজ তিনি। তাই মুক্তি প্রতীক্ষিত ‘বাজিরাও মাস্তানি’ ছবির শুটিংয়ে গিয়ে পাহারাও দিয়েছেন রণবীরকে। যেন দীপিকার সঙ্গে শুটিংয়ের বাইরে আলাদা সময় ব্যয় না করতে পারেন।
শুধু তাই নয়, সে সময় প্রেমিককে দীপিকার সঙ্গে নতুন কোন ছবিতে অভিনয় না করার জন্য হুঁশিয়ারও করেছিলেন কাটরিনা। এসব নিয়ে গত কয়েক মাস বলিউডে বেশ কানাঘুষা চললেও এখন নতুন খবর জানাচ্ছেন তিনি। রণবীর যদি তার আগের প্রেমিকা দীপিকার কাছে ফিরেও যান তাতে কাটরিনার কোন আপত্তি নেই। এমনটাই তিনি জানিয়েছেন সমপ্রতি এক সাক্ষাৎকারে। তবে প্রেমিককে সত্যি সত্যি ছেড়ে দিচ্ছেন না তিনি। দীপিকার সঙ্গে পর্দায় রোমান্স করতে পারবেন। বাস্তবে নয়। তিনি বলেন, ইন্ডাস্ট্রিতে কে কার সঙ্গে অভিনয় করবেন সেটা যার যার স্বাধীনতা। প্রযোজক-পরিচালকরা যদি রণবীরের সঙ্গে দীপিকাকে অভিনয় করাতে চান সেক্ষেত্রে আমার কোন আপত্তি নেই।
অপ্সরার নতুন অধ্যায়
মডেলিং ও অভিনয়ের মাধ্যমে অনেক আগেই দেশে প্রশংসা কুড়িয়েছেন অপ্সরা আলী। এবার বিদেশের মাটিতেও নজর কেড়েছেন তিনি। সমপ্রতি শেষ হওয়া মিস কসমোপলিটান ওয়ার্ল্ড প্রতিযোগিতায় সেরা দশে অবস্থান পেয়েছেন অপ্সরা। গত মাসে মালয়েশিয়ার কুয়ালালামপুরে এ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি। ফেসবুকের লাইকের মাধ্যমে জনপ্রিয়তা নির্ধারণের এ দৌড়ে অপ্সরা শুরু থেকেই এগিয়েছিলেন।
কথা ছিল যার ছবিতে যত লাইক পড়বে সে এগিয়ে থাকবে। সেখান থেকেই সেরা দশ নির্ধারণ করা হবে। এরই ধারাবাহিকতা দর্শক-ভক্তদের লাইকে অপ্সরা সেরা দশ-এ উঠে এসেছেন। বিশ্বমানের এ প্রতিযোগিতায় অংশ নিতে পেরে বেশ খোশ মেজাজেই রয়েছেন এ মডেল-অভিনেত্রী। অপ্সরা বলেন, এটি আমার ক্যারিয়ারের স্মরণীয় একটি অধ্যায়। বিশ্বমানের একটি প্রতিযোগিতায় অংশ নিতে পেরে আমি নিজেকে খুবই ভাগ্যবতী মনে করছি। বিশেষ করে গর্ব হতো যখন আমি বাংলাদেশ লেখা স্যাশ পরে থাকতাম। সেরা দশে উঠে আসার জন্য আমার দেশবাসীর অবদানই বেশি। যারা আমাকে চেনেন এবং প্রতিযোগিতায় ভোট দিয়ে এগিয়ে রেখেছেন। তাদের প্রতি অনেক কৃতজ্ঞ আমি। অপ্সরার গল্প এখানেই শেষ নয়। খুব শিগগিরই মুক্তি পাচ্ছে তার অভিনীত ক্যারিয়ারের প্রথম চলচ্চিত্র ‘পরবাসিনী’। স্বপন আহমেদ পরিচালিত এ ছবিটি একটি সায়েন্স ফিকশন গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে বলে জানান অপ্সরা। পাশাপাশি বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায়ও ছবিটি নির্মিত। ‘পরবাসিনী’তে অপ্সরা অভিনয় করেছেন চিত্রনায়ক ইমনের বিপরীতে। মাঝে বেশ কিছুদিন ধরে দেশের বাইরে থাকায় অপ্সরা কোন টিভি নাটকে অভিনয় করতে পারেননি। তবে কিছুদিনের মধ্যে এ মাধ্যমটিতে সক্রিয় হবেন বলে জানান তিনি। ২০১১ সালে ভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতার সেরা পাঁচ-এ ছিলেন অপ্সরা। শুধু তাই নয়, তাতে মিস বিউটিফুল স্মাইল-এর পুরস্কারটি অর্জন করেন তিনি। এরপর টিভি নাটক ও একাধিক বিজ্ঞাপনে নিয়মিত কাজ করেছেন। সর্বশেষ ‘প্রাণ বার্মিজ চাটনী’র বিজ্ঞাপনে দেখা গেছে তাকে।॥
ঐশ্বর্যর আজ ৪২-এ পা
আজ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনের ৪২তম জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে ভারতের কর্ণাটক রাজ্যের মাঙ্গালোরে জন্মগ্রহণ করেন তিনি। প্রতিবারই বেশ আয়োজন করে পালিত হয় ঐশ্বর্যের জন্মদিন। আজ ঐশ্বর্য নিজের জন্মদিনটি পালন করবেন শ্বশুরবাড়িতে, অর্থাৎ বচ্চন পরিবারের সঙ্গে। ইতিমধ্যে বচ্চনরা বেশ কিছু সারপ্রাইজ রেখেছেন ঐশ্বর্যের জন্য।
রাত ১২টার সময় শ্বশুর অমিতাভ বচ্চন, শাশুড়ি জয়া, স্বামী অভিষেক বচ্চন ও মেয়ে আরাধ্যকে সঙ্গে নিয়ে কেক কেটে তার জন্মদিনের প্রথম পর্বটি শুরু হবে। এই কেক কাটার আনুষ্ঠানিকতা আজ সারাদিন চলবে কয়েক ধাপে। এদিকে ঐশ্বর্যকে একটি ভিন্নধর্মী উপহার তার জন্মদিনে দিতে যাচ্ছেন স্বামী অভিষেক বচ্চন। শ্বশুর অমিতাভও বিশেষ উপহার দেবেন পুত্রবধূকে। সব মিলিয়ে আজকের জন্মদিনটি বেশ স্মরণীয় হয়ে থাকবে ঐশ্বর্যের কাছে। উল্লেখ্য, ১৯৯৪ সালে ভারতের প্রতিনিধি হিসেবে বিশ্বসুন্দরী নির্বাচিত হন ঐশ্বর্য। ১৯৯৭ সালে তামিল ছবি ‘ইরুভার’-এ অভিনয়ের মধ্য দিয়ে অভিনয়ে অভিষেক হয় তার। এরপর ‘অউর পেয়ার হোগেয়া’ ছবির মধ্য দিয়ে বলিউডে পা রাখেন তিনি। তবে ১৯৯৯ সালে সালমানের বিপরীতে ‘হাম দিল দে চুকে সনম’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে আলোচনায় আসেন ঐশ্বর্য। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। নিয়মিত একাধিক ছবিতে অভিনয় করে গেছেন। এসব ছবির মাধ্যমে অভিনেত্রী হিসেবে নিজেকে সাফল্যের সর্বোচ্চ শিখরে বসিয়েছেন এ অভিনেত্রী। ২০০৭ সালে অভিষেক বচ্চনকে বিয়ে করে 
সংসারী হন তিনি। এখন তিনি আরাধ্য নামে একটি কন্যাসন্তানের মাও। সম্প্রতি দীর্ঘ সময় পর ‘জাজবা’ ছবির মাধ্যমে বলিউড ছবিতে আবারও প্রত্যাবর্তন ঘটেছে ঐশ্বর্য রাই বচ্চনের। ছবিটির মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিতও হয়েছেন এ শীর্ষ অভিনেত্রী।











