কসবায় বদিউল আলম ইন্সটিটিউটে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর সদরের বদিউল আলম সায়েন্স এন্ড টেকনোলজি ইন্সটিটিউটে ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থীদের নবীন বরণ ও অভিভাবক সমাবেশ ৩১ অক্টোবর শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়।
ইঞ্জিনিয়ার এ কে এম সামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; বিশিষ্ট শিল্পপতি ইন্সটিটিউট প্রতিষ্ঠাতা এ কে এম বদিউল আলম। বিশেষ অতিথি ছিলেন; আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা গোলাম সারোয়ার সাঈদী, কসবা মাহিলা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ মো. তসলিম মিয়া, কসবা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মোশাররাফ হোসেন ইকবাল, উপাধ্যক্ষ ড. সায়ীদ মুহাম্মাদ ফারুক। ইন্সট্রাক্টর আবুল কাশেমের সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ নজির আহমদ।
প্রধান অতিথি এ কে এম বদিউল আলম বলেন, কারিগরি শিক্ষার কদর দেশে-বিদেশে সকল ক্ষেত্রেই রয়েছে। যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সম্পন্ন করবেন তাদের বেকার থাকতে হবে না। বরং বিশ্বের যে কোন স্থানে দক্ষ কর্মকর্তা হিসেবে স্থান পাবেন।
সভাপতি ইঞ্জিনিয়ার এ কে এম সামসুল আলম বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিষ্ঠাতা সাহেব যেসব সুবিধাদি দিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি করেছেন তা অনেক পুরনো প্রতিষ্ঠানেও নেই। আমরা শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় ইকুয়েপমেন্ট ক্রয় করেছি। শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক সুধিজনের সহায়তা পেলে এ ইন্সটিটিউটকে দেশের সেরা প্রতিষ্ঠানে রূপ দিয়ে উদাহরণ সৃষ্টি করা হবে।











