বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘লালবাগে চিকিৎসার নামে কিশোরী ধর্ষণ’ ঘটনা মিথ্যা, নারী আটক

news-image

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ধর্ষণের অভিনয় করে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগে রেনু বেগম (৫০) নামে এক নারীকে আটক করেছে । তবে এ চক্রান্তের মূলহোতা নাজির আহম্মেদ ও অভিনয়কারী দুই নারী এখনও পলাতক রয়েছেন। রাজধানীর লালবাগের শহীদনগর থেকে বৃহস্পতিবার বিকেলে রেনু বেগমকে আটক করা হয়েছে। তাকে নিকটস্থ থানায় হস্তান্তর করা হবে। র‌্যাব-১০ এর কম্পানি কমান্ডার মেজর জাঙ্গাহীর কবীর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, লালবাগে চিকিৎসার নামে কিশোরী ধর্ষণ হয়েছে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এমন সংবাদ আমলে নিয়ে অনুসন্ধান শুরু করে র‌্যাব-১০। পরে র‌্যাবের একটি টিম ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই ধর্ষিতাকে দেখতে যান। কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন, ওই কিশোরী পালিয়েছেন। ঘটনাস্থলে গিয়ে র‌্যাব জানতে পারে, ওই এলাকার বাসিন্দা নাজির আহম্মেদ ও রাসেলের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছে। আর ওই জমিতেই চিকিৎসক বাবুল আজম বিভিন্ন লোককে বিনামূল্যে চিকিৎসা দেন। নাজির আহম্মেদ চিকিৎসক বাবুল আজম ও রাসেলকে মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য দুই-তিন মাস আগে তার বাড়ির ভাড়াটিয়া রেনু বেগমের মাধ্যমে ১০ হাজার টাকার বিনিময়ে দুই কিশোরীকে ভাড়া করে আনেন। পরে নাজির আহম্মেদ দুই কিশোরীর মধ্যে মরিয়ম নামে এক মেয়েকে বিবস্ত্র করে ধর্ষণের অভিনয় করে ও নিজস্ব লোক দ্বারা ভিডিওচিত্র ধারণ করে।


জাহাঙ্গীর কবীর আরও জানান, ওই ভিডিওচিত্র এডিটিংয়ের মাধ্যমে নাজির আহম্মেদের চেহারায় চিকিৎসক বাবুল আজম ও রাসেলের চেহারা বসিয়ে তাদের ব্ল্যাকমেইল করে। কিন্তু পরে ভিডিওম্যান সহযোগিতা করতে না চাইলে ২৭ অক্টোবর আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে রেনু বেগম পুনরায় ওই মেয়েদের একজনকে বাসায় নিয়ে আসেন্ এবং তাকে ওই চিকিৎসক ও রাসেল ধর্ষণ করেছে বলে এমন অভিযোগ তোলেন। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসার শুরুর আগেই মরিয়ম নামেও মেয়েটি পালিয়ে যায়। তিনি জানান, পরে র‌্যাব-১০, লালবাগ ক্যাম্প তদন্ত করে ধারণকৃত ভিডিও ক্লিপটি সংগ্রহ করে। ক্লিপটির সূত্র ধরে রেনু বেগমকে আটক করা হয়। পরে তিনি স্বীকার করেছেন- তার বাড়িওয়ালা নাজির আহম্মেদ তাকে দিয়ে বাবুল আজম ও তার সহযোগী রাসেলকে ফাঁসানোর জন্য এ ঘৃণ্য কাজ করিয়েছেন। র‌্যাবের ওই কর্মকর্তা জানান, ঘটনার পরিকল্পনাকারী নাজির আহম্মেদ ও অন্যদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় নিয়মিত মামলা করা হবে।