বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কালকিনিতে মাদ্রাসাছাত্রী ধর্ষণ: ধর্ষিতার পরিবারকে হুমকি-মারধর

news-image

মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের ক্রোকিরচর গ্রামের প্রতিবেশী যুবক দ্বারা এক মাদ্রাসাছাত্রী ধর্ষণ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ধর্ষিতা ক্রোকিরচর মোস্তফা মাওলানা ইসলামিয়া মহিলা সিনিয়র মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী। পরে এ বিষয়টি জানাজানি হলে গ্রাম্য সালিশের মাধ্যমে ২৫ হাজার টাকায় মিমাংসার চেষ্টায় ব্যর্থ হলে উল্টো ধর্ষিতার পরিবারকে প্রাণনাশের হুমকিসহ মারধর করা হয়। এতে করে প্রভাবশালীদের ভয়ে ধর্ষিতাসহ তার পরিবার নিজ বাড়ি ছেড়ে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে। অপরদিকে এ ঘটনায় কালকিনি থানায় ধর্ষণ মামলার অভিযোগ দিলে পুলিশ ধর্ষণের চেষ্টা মামলা করেছে বলে ধর্ষিতার পরিবার সূত্রে জানা গেছে।


স্থানীয়, ধর্ষিতা, ধর্ষিতার মা ও ভাই সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের ক্রোকিরচর গ্রামের এক ভ্যানচালকের মেয়ে ক্রোকিরচর মোস্তফা মাওলানা ইসলামিয়া মহিলা সিনিয়র মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী গত শুক্রবার দুপুরে বাজারে একটি টেইলার্সের দোকানে নিজের জামা আনতে যায়। পথিমধ্যে একই গ্রামের প্রতিবেশী পূর্ব পরিচিত মৃত হানিফ হাওলাদারের ছেলে জাহিদ হাওলাদার (২৭) ও তার বন্ধু একই গ্রামের মুজাহার মীরার ছেলে খলিল মীরা (২৫) অটোভ্যান থামিয়ে ওই ছাত্রীকে বাজারে নামিয়ে দেওয়ার কথা বলে অটোভ্যানে তুলে নেয়। কিন্তু পূজার ছুটি ও শুক্রবার- সব মিলিয়ে ক্রোকিরচর উচ্চ বিদ্যালয় খালী থাকায় বখাটেরা পথে ভ্যান থামিয়ে মেয়েটির মুখ চেপে ধরে তাকে একটি রুমের মধ্যে নিয়ে জাহিদ হাওলাদার মেয়েটিকে ধর্ষণ করে। পরে ঘটনাটি জানাজানি হয়ে গেলে ওই দিন রাতে ধর্ষিতার পরিবার থেকে কালকিনি থানায় ধর্ষণের ঘটনাটি জানানো হয়। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা তাদের পরীক্ষার জন্য হাসপাতালে না পাঠিয়ে মামলা হবার আশ্বাস দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়।


এদিকে ধর্ষক জাহিদ হাওলাদারের মামা এলাকার প্রভাবশালী বালু ব্যবসায়ি মাহাবুব সরদার ও খলিল সরদার ঘটনাটি চাপা দেওয়ার জন্য সাহেবরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহেরকে নিয়ে ধর্ষিতার পরিবারকে নানা হুমকি দেয়। এতে ব্যর্থ হলে তারা ঘটনার পরদিন শনিবার রাতে আবু তাহেরের বাড়িতে সালিশ বসায়। সালিশে ধর্ষককে ২৫ হাজার টাকা জরিমানা করে মিমাংসার চেষ্টা করা হয়। এতে ওই পরিবার এই মিমাংসায় রাজি না হয়ে বিচারের দাবি জানিয়ে সালিশ থেকে চলে যায়। অপরদিকে ধর্ষিতার পরিবার বার বার কালকিনি থানায় গেলেও মামলা হবে বলে সময় পার করতে থাকে থানা পুলিশ। অবশেষে সাংবাদিকদের চাপের মুখে সোমবার থানায় ধর্ষণের মামলা না নিয়ে ধর্ষণের চেষ্টা মামলা নেন থানার ওসি।


সূত্র আরো জানায়, মামলা দায়েরের পর ধর্ষক জাহিদ ও তার সাহায্যকারী খলিলের পরিবারের লোকজন ধর্ষিতার বাড়িতে গিয়ে নানা ধরণের হুমকি দেয়। খলিলের বাবা মুজাহার মীরা ধর্ষিতার বাবাকে মারধর করে। এ সময় তারা ধর্ষিতা ও তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে কোথাও গেলে, থানায় গেলে বা এই ব্যাপারে বিচার চাইলে তাদের মেরে ফেলা হবে বলেও হুমকি দেওয়া হয়। এই ঘটনার পর ধর্ষিতার পরিবার প্রাণের ভয়ে রাতের আধারে নিজ বাড়ি থেকে পালিয়ে কালকিনির শহরের এক আত্মীয়র বাড়িতে আশ্রয় নেয়। এতে করে সুষ্ঠু বিচার নিয়ে শঙ্কা দেখা দিলে ধর্ষিতার পরিবার আজ বুধবার সকালে মাদারীপুর পুলিশ সুপারের কাছে একটি লিখিত অভিযোগ নিয়ে পুলিশ সুপার কার্যালয়ে যায়। পুলিশ সুপার অফিসের কাজের জন্য বাহিরে থাকায় ধর্ষিতা লিখিত অভিযোগটি মাদারীপুরের ডিএসবি'র ডিআইও-ওয়ান একে এম কামরুল হাসানের কাছে দেন। এ সময় তিনি বলেন, যেহেতু ধর্ষণের শিকার হয়েছে। সেখানে ধর্ষণের চেষ্টা মামলা হবে কেন। ব্যাপারটি আমি দেখছি। এসপি স্যার আসলে তাকেও সব জানানো হবে। আশা করছি ও ছাত্রী সঠিক বিচার পাবে। ধর্ষিতা বলেন, আমি লজ্জায় গ্রামে মুখ দেখাতে পারছিনা। ওর চেয়ে মরে যাওয়া অনেক ভালো ছিলো। আমি এর বিচার চাই। ধর্ষিতা মা বলেন, আমরা গরীব মানুষ। অশিক্ষিত। এতো কিছু বুঝিনা। তাছাড়া এমন পরিস্থিতিতেও কখনও পরিনি। ধর্ষণের পরে ডাক্তার দিয়ে পরীক্ষা করাতে হয়। তা আমাদের জানা ছিলোনা। থানায় গেলে তারাও আমাদের বলেনি। উল্টো বাড়ি পাঠিয়ে দিয়েছে। জানিনা আমরা এর বিচার পাবো কিনা।


এ ব্যাপারে ধর্ষিতার ভাই বলেন, আমরা শুক্রবার মামলার জন্য যাই। থানায় লিখিত অভিযোগ দেয়। কিন্তু তিনদিন পর সোমবার ধর্ষণের মামলা না হয়ে ধর্ষণের চেষ্টা মামলা হয়। আমরা হয়তো এর সঠিক বিচার পাবো না। তাছাড়া সালিশিতে বসে ওরা বলে, আমরা গরীব মানুষ। মামলা করে কি হবে। কেউ আমাদের পক্ষে থাকবে না। তাই চুপ থাকার জন্য বলে। ওরা আমাদের মামলা তুলে নেওয়াসহ নানা ধরণের হুমকি দিচ্ছে। মাদারীপুর মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা আক্তার কণা বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। ধর্ষণের শিকার হয়েও তার সঠিক বিচার পাচ্ছে না। আমি ব্যাপারটি নিয়ে এসপি স্যারের সাথে কথা বলবো। মেয়েটি সুষ্ঠু বিচার পাওয়ার জন্য আমি তাকে সব ধরনের সাহায্য করবো।


এদিকে কালকিনির সাহেবরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের বলেন, ওই মেয়েটি ধর্ষণ হয়নি। ইভটিজিং এর শিকার হয়েছে। সালিশের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ইভটিজিং এর ব্যাপার নিয়ে সালিশে বসেছিলাম। মামলা চালাতে টাকা পয়সা লাগে, তাই ওই ছেলের কাছ থেকে বেশ কিছু টাকা জরিমানা করে মেয়েটিকে সাহায্য করতে চেয়েছিলাম। ওরা আমার বিরোধে মিথ্যা অভিযোগ এনেছে।
এ ব্যাপারে জানতে চাইলে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা বলেন, মেয়েটি আমাদের কাছে ধর্ষণের কথা বলেনি। বলেছে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। তাছাড়া অভিযুক্ত আসামিদের ধরার জন্য সব চেষ্টা চলছে। আশা করছি দ্রুত তাদের ধরা সম্ভব হবে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।