বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাসে ডুবে থাকা শহরেই গ্যাসের জন্য হাহাকার

news-image

সংযোগ আছে। ঘরে চুলাও আছে। নেই শুধু গ্যাস। চুলা জ্বলে না। এই অবস্থায় শফিকুর রহমান গত দু-মাস ধরে সিলিন্ডার ভরা গ্যাস ব্যবহার করছেন। আবার লাইনের গ্যাসের বিলও দিচ্ছেন। এমন দশা শফিকেরই নয় শুধু, ব্রাহ্মণবাড়িয়া শহরের দাতিয়ারা ও পুনিয়াউট এলাকার অনেক গ্রাহকেরই। দিনের আধাবেলা গ্যাসের দেখা মিলে না। যখন রান্নাবান্নার পুরো সময় তখনই গ্যাস নেই। হাত গুটিয়ে বসে থাকেন গৃহিণীরা। বিশেষ করে দাতিয়ারা এলাকায় গ্যাসের জন্য হাহাকার অবস্থা চলছে গত কয়েক মাস ধরে। গ্যাসে ডুবে থাকা এই শহরে এ এক আশ্চর্যজনক ব্যাপারই বটে। গ্যাসের শহরে গ্যাস নেই। অবশ্য গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলেছেন- সংকট গ্যাসের নয়। দাতিয়ারার সমস্যা পাইপের। চিকন পাইপে গ্যাস টানা হয়েছে এ এলাকায়। সময় পরিক্রমায় গ্রাহক বেড়েছে কয়েকগুণ। চিকন পাইপ আর মোটা হয়নি। তাই এ সংকট। 

শহরের দাতিয়ারা মহল্লার অর্ধশত গ্রাহক গত মাসে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ বরাবর গ্যাস সংকট নিরসন করার দাবিতে একটি আবেদন করেন। এতে বলা হয় প্রতিদিন সকাল ১০টা বা ১১টার পর গ্যাস চলে যায়। আবার বেলা ৩টার দিকে আসে। এই ৫/৬ ঘণ্টা একেবারেই গ্যাস থাকে না। এই অবস্থা চলছে দীর্ঘদিন ধরে। আবেদনে আরও বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া শহরে প্রায় ২২টি গ্যাস কূপ রয়েছে। এখানকার গ্যাস উত্তরবঙ্গ পর্যন্ত যাচ্ছে। কিন্তু দুর্ভাগ্য, আমাদের গ্যাস আমরা পাচ্ছি না। দাতিয়ারার বাসিন্দা বেসরকারি প্রতিষ্ঠান নবজাগরণীর নির্বাহী পরিচালক তুহুরা বেগম বলেন- গ্যাস না থাকার কারণে ঠিকমতো কোন কাজই করা যাচ্ছে না। সময় মতো রান্নাবান্না হয় না বলে শিক্ষার্থী-চাকরিজীবীদের উপসই ঘর থেকে বের হতে হচ্ছে। দুপুরের খাবার খেতে হচ্ছে সন্ধ্যার কাছাকাছি সময়ে। রান্নার সব আয়োজন সম্পন্ন করে আমাদের বসে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা। ৩টার পর গ্যাস এলেও চুলা জ্বলে মিটমিট করে। ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিদিন গড়ে ৮২৬ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হয়। বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের  অধীন ৩৮টি কূপ থেকে এই গ্যাস উত্তোলিত হয়। যা দেশে উৎপাদিত গ্যাসের শতকারা ৩৪ ভাগ। কিন্তু এই জেলারই সব জায়গায় গ্যাস নেই।

জেলা সদর ছাড়া সরাইল, আশুগঞ্জ, কসবা ও বাঞ্ছারামপুর উপজেলা সদরে গ্যাস রয়েছে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সূত্র জানিয়েছে, এসব এলাকার প্রায় ২০ হাজার গ্রাহক গ্যাস সুবিধা পাচ্ছে।  ব্রাহ্মণবাড়িয়া শহরের চারদিকেই গ্যাস কূপের ছড়াছড়ি। গ্যাসে ডুবে থাকা এই শহরে গ্যাসের অভাবে চুলা না জ্বলা স্বাভাবিকভাবেই যেন ক্ষোভের সৃষ্টি করে ভুক্তভোগীদের মধ্যে। আর নাম পরিবর্তনের ক্ষততো পুরনো। ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্নস্থানে গ্যাস ডিস্ট্রিবিউশনকারী প্রতিষ্ঠান ছিল ‘তিতাস’। ব্রাহ্মণবাড়িয়া জেলা ঘিরে প্রবহমান তিতাস নদীর নামেই হয়েছিল তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। রাতের আঁধারে তিতাস হয়ে গেল বাখরাবাদ। দাতিয়ারার মো. আবদুর রশিদ বলেন- ‘আমরার গ্যাস যায় সারা দেশে। আর আমরাই গ্যাস ভোগ করতে পারি না। কত বড় দুর্ভাগ্য আমাদের’।

তিনি জানান তাদের এলাকার গ্যাসের সমস্যা নিরসনে দরখাস্ত দেয়ার পর এলাকার লোকজন দলবেঁধে কয়েকবার অফিসে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন। কিন্তু সমস্যার সুরাহা হচ্ছে না। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মাহবুবুর রহমান বলেন-এটি গ্যাস সংকটের ব্যাপার নয়। ওই এলাকার লাইনে অনেক সমস্যা আছে। প্রথমে এক ইঞ্চি লাইন দিয়ে গ্যাস টানা হয়। পরে ফুটা করে আবার ২ ইঞ্চি করা হয়। এরপর থ্রি-ফোর পাইপ দিয়ে গ্যাস নেয়া হয়। মোট কথা ছোট লাইন থেকে অনেক সংযোগ নেয়া হয়েছে। আগে গ্রাহক ছিল হয়তোবা ৩০/৩৫ জন। আর এখন কয়েক শ’। অনেক বড়বড় বিল্ডিং হয়েছে। কিন্তু লাইন রয়েছে আগেরটাই। এই সমস্যা নিরসন করতে হলে পুরো লাইন উঠাতে হবে। নতুন করে লাইন বসাতে হবে। অনেক খরচের ব্যাপার। তাছাড়া অনেক সময়ও লাগবে।