কিশোর আর জেনিথ, স্বপ্নের দিগন্ত ছুঁয়ে, প্লেব্যাকে বর্ষা
কাল মুক্তি পাবে তন্ময় তানসেনের 'রানআউট'। ছবির নায়ক সজল, নায়িকা মৌসুমী নাগ। দুজনকে নিয়ে লিখেছেন আহমেদ জামান শিমুল
দুজনই পরিচালক তন্ময় তানসেনের ভালো বন্ধু। সজলের প্রথম নাটক 'তখনও জানতে বাকি' তো তন্ময়েরই। বন্ধু হিসেবে যখন তিনি বললেন চলচ্চিত্র পরিচালনায় আসবেন তখনই কোনো কিছু চিন্তা না করে রাজি হয়ে যান মৌসুমী নাগ-'তন্ময়ের পরিচালনার ভক্ত আমি। তাই কিছু না শুনেই রাজি হয়ে যাই। ওর ওপর বিশ্বাস ছিল।' সজল অবশ্য একটু ভিন্ন কথা বললেন, 'নাটকেও যেমন চরিত্র আর গল্পটা দেখে কাজ হাতে নিই, এ ক্ষেত্রেও সেটা করেছি। বন্ধু বলে তন্ময়কে ছাড় দিইনি। আমার ভালো লেগেছে, গল্পটা এত সাধারণ, কিন্তু উপস্থাপনটা চমৎকার।' ছবিতে সজলের নাম কিশোর। মফস্বল থেকে চট্টগ্রাম শহরে আসে ছেলেটি। ৯-৬টা অফিস করে। ঘটনাচক্রে সে একটি চক্রের সঙ্গে জড়িয়ে পড়ে। ২০১৩ সালে শুটিং শুরু হয়েছিল ছবিটির। মাঝে কিছুদিন গ্যাপ নেন সজল-প্রায় দুই মাসের। কেন? 'কমার্শিয়াল ছবির নায়ককে ভালো ফাইট এবং নাচ জানতে হয়। মনে হয়েছে এই দুই বিষয়ে আমার আরো বেশি দক্ষতা দরকার। দুই মাস আমি মিঠু ভাইয়ের কাছে ফাইট এবং আসাদ ও হাবিব ভাইয়ের কাছে নাচ শিখেছি', বললেন সজল।
ছবিতে মৌসুমীর নাম জেনিথ। একাধারে একজন প্রেমিকা, মা ও কর্মজীবী। 'আলাদা প্রস্তুতি না নিলেও শুটিংয়ের আগে নিজেরা বসে আলোচনা করেছি। ড্রেস এবং লুক নিয়ে ভেবেছি'-বললেন মৌসুমী। শুধু আইটেম গানে অংশ নিয়েও নায়লা নাঈম পোস্টারে বড় স্থান পেয়েছেন। কিন্তু মূল নায়িকা হয়েও কিছু পোস্টারে মৌসুমী নাগ অনুপস্থিত! 'আমি আসলে ফটোশুটে থাকতে পারিনি, কারণ কিছুদিন আগে মা হয়েছি। আর এটা প্রচারণার কৌশল। এ নিয়ে আমার কিছু বলার নেই', ফেসবুকে চলা 'বিতর্ক'টা এড়িয়েই গেলেন মৌসুমী।
ছবির শুটিংয়ে দুজনই নানা রকম খুনসুটিতে মেতে থাকতেন। ভয়ংকর এক কাণ্ড ঘটিয়েছেন সজল। 'সহশিল্পী গৌতমকে জোরে থাপ্পড় মারার দৃশ্য। কিন্তু কিছুতেই থাপ্পড় ও রি-অ্যাকশন ঠিকমতো হচ্ছিল না। তন্ময় বললেন, জোরে থাপ্পড় মারতে। আমি এমন জোরে মারলাম বেচারার দাঁতই নড়ে গেল!'-হাসতে হাসতে বললেন সজল।
দুজনই টিভি নাটকের নিয়মিত অভিনয়শিল্পী। আমাদের দেশে প্রচলিত ধারণা-টিভির শিল্পী সিনেমায় চলে না। উত্তরটা দিলেন সজল, 'আমি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি সব সময়। আর হ্যাঁ, এটা ঠিক যে টিভিতে আর সিনেমাতে অভিনয়ের প্যাটার্নটা আলাদা। অভিনয়ের সময় এই বিষয়টা মাথায় রেখেছি।' মৌসুমী বললেন, 'আগে তো দর্শককে ছবিটা দেখতে দিন, তারাই বিবেচনা করবে।' মাতৃত্বজনিত লম্বা ছুটি নিয়েছেন মৌসুমী। তিনি জানালেন, 'রানআউট'-এর ফলাফল দেখে নতুন চলচ্চিত্রে কাজ করার চিন্তা-ভাবনা করবেন। তবে ছুটি শেষে টিভি নাটক দিয়েই ফিরবেন। 'যদি ব্যাটে বলে হয়' তাহলে নিয়মিত সিনেমায় কাজ করবেন সজল-'প্ল্যান করে কিছু করি না আমি। যদি ভালো লাগে, ভালো মনে হয় আমি কাজটা করি।'
টানা কয়েক বছর ঈদে সর্বোচ্চ সংখ্যক নাটক ছিল সজলের। অনেকেই বলে, এতে মান ধরে রাখা কষ্টকর। সজল এ ক্ষেত্রে ছোট্ট একটা সংশোধনী দিয়ে বললেন, 'আমি কিন্তু গত সাত-আট বছর কোনো ধারাবাহিক নাটকে কাজ করিনি। প্রতি মাসে যদি পাঁচটা করেও নাটক-টেলিফিল্ম করি বছরে হয় ৬০টা। এগুলোর বেশির ভাগই ঈদে প্রচারিত হয় দেখেই অনেকের এমনটা মনে হয়।'
পরিচালক তন্ময় তানসেনের প্রশংসা দুজনের মুখেই। তাঁদের মতে, তন্ময় জানেন কিভাবে কার ভেতর থেকে অভিনয়টা বের করে নিতে হয়। তা ছাড়া পুরো শুটিং ইউনিটের সবাই পূর্বপরিচিত থাকায় সবাই একটা পরিবারের মতোই ছিলেন।
স্বপ্নের দিগন্ত ছুঁয়ে
প্লেব্যাকে এখন বেশ নিয়মিত রমা রহমান। গাইছেন অডিও এবং স্টেজেও। তাঁকে নিয়ে লিখেছেন রবিউল ইসলাম জীবন, নজরুল ও উচ্চাঙ্গসংগীতের ওপর বাফা থেকে পাঁচ বছরের কোর্স করেছেন। বাংলাদেশ বেতার এবং টেলিভিশনে নজরুলসংগীতের শিল্পী হিসেবেই তালিকাভুক্ত। অথচ রমা এখন একের পর এক গান গেয়ে যাচ্ছেন চলচ্চিত্রে। মূলত রিদমিক ও আইটেম গানেই বেশি শোনা যাচ্ছে তাঁর কণ্ঠ। নতুন কোনো ছবিতে এই ধরনের গান হলেই ডাক পড়ে রমার। আইটেম গানের গায়িকা হিসেবে চলচ্চিত্র অঙ্গনে তাঁর নামও ছড়িয়েছে বেশ। এই মাধ্যমে রমার অভিষেক 'দ্য স্পিড' ছবি দিয়ে। এরপর কণ্ঠ দিয়েছেন 'হানিমুন', 'লাভ ম্যারেজ', 'অ্যাকশন জেসমিন', 'রাজা বাবু', 'হিরো : দ্য সুপারস্টার', 'আই ডোন্ট কেয়ার', 'ওয়ার্নিং', 'গেম'সহ প্রায় ৮০টি ছবিতে। এর মধ্যে 'দুষ্ট দুষ্ট পাগলামী', 'সুন্দরী সুন্দরী', 'তোর সাথে বেঁধেছি ঘর'সহ বেশ কয়েকটি গান শ্রোতারা গ্রহণও করেছেন। নজরুল ও উচ্চাঙ্গসংগীত থেকে একেবারে চলচ্চিত্রে? কিভাবে সম্ভব হয়েছে? শিল্পী বলেন, 'মাঝে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকের ওপর (ভোকাল ও পিয়ানো) তিন বছরের একটি কোর্স করি। এটা আমার টোনাল ক্যারেক্টারে বড় ধরনের পরিবর্তন আনে। ফলে অন্য ধারার সংগীতেও অভ্যস্ত হয়ে যাই। সেটারই প্রতিফলন হচ্ছে চলচ্চিত্রে। এর বাইরে ফোক, লালন, ব্যান্ড, ইংরেজি-প্রভৃতি ধারার গানও গাইছি নিয়মিত।'
অডিওতেও রমা ছুটছেন ২০০৬ সাল থেকে। শুরুটা 'স্বপ্নের দিগন্ত ছুঁয়ে' দিয়ে। তিন বছর বিরতি দিয়ে প্রকাশ করেন দ্বিতীয় একক 'স্বপ্নযাত্রা'। টাইটেল গানটির পাশাপাশি এ অ্যালবামের 'ভালো লাগে না', 'এক মুঠো রোদ' গানগুলো এখনো ফেরে মুখে মুখে। সম্প্রতি তৈরি করেছেন নতুন তিনটি গান। যার মধ্যে 'কি চাও তুমি' শিরোনামের একটি গানে তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর। বাকি দুটি রমার একক 'উড়ু উড়ু মন' ও 'দৃষ্টির সীমানায়'। সব কটিরই সুর ও সংগীত মানাম আহমেদের। শেষের দুটি গান আনরিলিজ হিসেবে প্রচার হচ্ছে রেডিও ফুর্তিতে। এগুলোর জন্য ভালো রেসপন্স পাচ্ছেন বলেও জানান রমা, 'দুটি গানই রেডিও ফুর্তির টপচার্টে আছে। অনেকেই গান দুটি নিয়ে নিজেদের ভালো লাগার কথা জানাচ্ছেন। এটার ওপর ভর করে নিজের তৃতীয় একক অ্যালবামের পরিকল্পনা করছি। নতুন বছরেই অ্যালাবামটি প্রকাশ করার ইচ্ছা।'
তার আগে এই গানগুলোর মিউজিক ভিডিও প্রকাশ করবেন রমা। এখন সেটারই প্রস্তুতি নিচ্ছেন। অডিওতে রমা মূলত হাস্কি, ফাঙ্ক ও সুরেলা গান গাইতে পছন্দ করেন। এ প্রসঙ্গে বলেন, 'আমি দেশ-বিদেশের প্রচুর গান শুনি। নতুন নতুন সুর ও গায়কি নিয়ে গবেষণা করি। যা আমার নিজেরও খুব কাজে দেয়।'
বিভিন্ন বিশেষ দিবস কিংবা থিম সংয়ের গায়িকা হিসেবে নিজেকে চিনিয়েছেন রমা। এখন পর্যন্ত ২০টির বেশি থিম সংয়ে কণ্ঠ দিয়েছেন। উল্লেখযোগ্য 'যদি লক্ষ্য থাকে অটুট' (মিক্সড), 'ওয়াল্ডর্স ফুড পোগ্রাম থিম সং' (মিক্সড), 'ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্ট থিম সং' (মিক্সড), 'পদ্মা সেতুর থিম সং' (ইংরেজি) প্রভৃতি। একক ক্যারিয়ার নিয়েই এগিয়ে যাচ্ছেন। তবে মাঝেমধ্যে বিভিন্ন ব্যান্ডের হয়েও গাইতে দেখা যায় রমাকে। 'সোলস', 'পেন্টাগন', 'পার্থিব', 'রেডিও অ্যাকটিভ'-ব্যান্ডগুলোর সঙ্গে অতিথি ভোকাল হিসেবে গেয়েছেন কয়েকটি অনুষ্ঠানে। বলেন, 'ব্যান্ডে অতিথি হয়ে গাওয়ার মধ্যে অন্য রকম এক আনন্দ আছে। এতে ওই ব্যান্ডটিকে খুব কাছ থেকে দেখা যায়, অনেক কিছু শেখা যায়।'
গেল ঈদে দেশ টিভি, এসএ টিভি, চ্যানেল নাইন, গাজী টিভিতে লাইভ করেছেন রমা। এসব লাইভে ভিন্ন ভিন্ন দিনে ভিন্ন ভিন্ন পরিবেশনা দিয়ে প্রশংসাও কুড়িয়েছেন। সময়সুযোগ বুঝে স্টেজেও গান করেন। দেশের বিভিন্ন জায়গার পাশাপাশি গেয়েছেন অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং ভারতে।
রমার আরো পরিচয় আছে। একসময় এটিএন বাংলায় নিয়মিত ইংরেজি খবর পড়তেন। বাংলাভিশনে 'মিউজিক মোমেন্ট' নামে একটি অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। এখন কাজ করছেন বিবিসিতে। প্রতি বৃহস্পতিবার তাঁর উপস্থাপনায় চ্যানেল আইতে প্রচার হচ্ছে নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ারস অনুষ্ঠান 'বিবিসি প্রবাহ'।
প্লেব্যাকে বর্ষা
এ প্রজন্মের কণ্ঠশিল্পী বর্ষা চৌধুরী আবারও কণ্ঠ দিলেন এস কে সামিম পরিচালিত নতুন ছবি 'তুমি চাঁদের চেয়ে সুন্দর'-এ। এ ছবিতে ২টি গানে কণ্ঠ দিয়েছেন বর্ষা। গানগুলো হলো : 'চোখের পাতায় স্বপ্ন' ও 'ছুটতে পারি যেমন খুশি'। গীতিকার শাহ সোহাগ ফকীর। গানগুলোর সংগীত পরিচালনা করেছেন সায়েদ মুকসিদুর রাহমান।
এ প্রসঙ্গে বর্ষা জানান, এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন তার চতুর্থ সলো অ্যালবাম 'ললি পপ' নিয়ে। এই ঈদ এ অ্যালবামটি বাজারে পাওয়া যাবে। এ ছাড়া স্টেজ প্রোগ্রাম ও টিভি প্রোগ্রাম করছেন নিয়মিত।











