স্কুল পরিবর্তনে অংকে দুর্বল হয় শিশু
শিশুর ভবিষ্যতের জন্য অংক শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর শিশুর ভালোভাবে অংক শেখার জন্য প্রয়োজন দীর্ঘদিন নিবিড় তত্ত্বাবধানে অনুশীলন করা। এক্ষেত্রে ঘন ঘন স্কুল পরিবর্তনে শিশুর এ অনুশীলনে সমস্যা সৃষ্টি হয় এবং শিশু অংকে দুর্বল হয় বলে উঠে এসেছে সাম্প্রতিক গবেষণায়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
ঘন ঘন স্কুল পরিবর্তনে শিশুদের ক্লাসে মনোযোগ দিতে সমস্যা হয়। আর এতে বড় প্রভাব পড়ে শিশুর অংক শেখার ওপর। গবেষকরা জানিয়েছেন, ঘন ঘন স্কুল পরিবর্তনে শিশুর আচরণ ও ক্লাসে মনোযোগ প্রদানের ক্ষমতা বাধাগ্রস্ত হয়। কিন্তু একই স্কুলে দীর্ঘদিন পড়লে এ সমস্যা সীমিত থাকে।
গবেষকরা জানিয়েছেন, যেসব শিশু পাঁচ বছরের মধ্যে যতটা সম্ভব কম স্কুল পরিবর্তন করে তাদের বোঝার ক্ষমতা বেশি হয়। এছাড়া তারা অংকতেও ভালো করে পরবর্তী জীবনে।
স্কুল পরিবর্তনে অংকে দুর্বল হয় শিশু
গবেষণাটি করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে। এতে ৩৮১জন স্কুল শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হয়, যাদের মধ্যে ৫২ শতাংশ ছিল ছাত্রী। শিক্ষার্থীদের অংকের পরীক্ষা নেওয়ার পর তাদের স্কুল পরিবর্তনের তথ্যের সঙ্গে মিলিয়ে এ তথ্য পান গবেষকরা।
গবেষকরা জানান, যেসব শিক্ষার্থী ঘন ঘন স্কুল পরিবর্তন করে তাদের অংকের নম্বর ১০ পয়েন্ট পর্যন্ত কম হয় অন্য শিক্ষার্থীদের তুলনায়।
গবেষণাপত্রটির সহলেখক ও নিউ ইয়র্ক ইউনিভার্সিটির অ্যাপ্লাইড সাইকোলজির প্রফেসর সি সাইবেলা রেভার বলেন, ‘যদিও একবার বা দুইবার স্কুল পরিবর্তন শিক্ষার্থীদের মানসিক উন্নতিতে বড় প্রভাব ফেলে না তবে প্রতি বছর একবার করে স্কুল পরিবর্তনে তারা দীর্ঘমেয়াদে মারাত্মক সমস্যায় পড়ে।’
গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে অ্যামেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের জার্নাল ‘ডেভেলপমেন্টাল সাইকোলজি’-এ।











