রাজধানীতে স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ
রাজধানীর বারিধারায় অগ্নিদগ্ধ হয়ে রুমা আক্তার (৩০) নামের এক নারী মারা গেছেন। গতকাল শুক্রবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। স্বজনদের অভিযোগ, রুমাকে তাঁর স্বামী আবু তাহের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে। ঘটনার পর থেকে তাহের পলাতক আছে। রুমানার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদীতে। নিহতের স্বজনরা জানায়, আবু তাহের বারিধারা আবাসিক এলাকার এফ ব্লকের ৪ নম্বর রোডের ১৯৮ নম্বর বাড়িতে থাকে। সঙ্গে তাঁর প্রথম স্ত্রী ও ছেলেমেয়ে থাকে। দ্বিতীয় স্ত্রী রুমা গার্মেন্টের মেশিনারিজ মালামাল কেনাবেচার ব্যবসা করতেন। তাহেরও একই ব্যবসা করে। ব্যবসায়িক সম্পর্কের সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পাঁচ বছর আগে তাহের রুমাকে গোপনে বিয়ে করে। নিহতের বড় বোন ফাতেমা আক্তার সুমি বাড্ডায় বাস করেন। তিনি জানান, রুমা সেখানেই থাকতেন। আর তাহের কখনো বারিধারায়, আবার কখনো তাঁর বাসায় থাকত। সর্বশেষ গত বৃহস্পতিবার সন্ধ্যায় মুঠোফোনে রুমাকে বারিধারার বাসায় ডেকে নেয় তাহের। সুমির অভিযোগ, সেখানে বাসার নিচে গেলে রুমার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় তাহের। ভাটারা থানার এসআই ওমর আলী বলেন, ঘটনার পর থেকে তাহের আগের ঘরের ছেলেমেয়েকে নিয়ে পলাতক আছে।











