ব্রাহ্মণবাড়িয়ার ওভারপাস,সেতু ও বিদ্যুৎ কেন্দ্রের উদ্ধোধন করবেন প্রধানমন্ত্রী
আমিরজাদা চৌধুরী : আগামীকাল ব্রাহ্মণবাড়িয়ার কয়েকটি প্রকল্পের উদ্ধোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব প্রকল্পের মধ্যে রয়েছে ওভারপাস,সেতু ও বিদ্যুৎ কেন্দ্র। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও হবিগঞ্জের লাখাই উপজেলার মধ্যবর্তী সীমান্ত বরাবর বলভদ্র নদীর ওপর একটি সেতুর উদ্ধোধন করবেন প্রধানমন্ত্রী। এতে ঢাকার সাথে ৪০ কিলোমিটার দূরত্ব কমবে হবিগঞ্জের লাখাই উপজেলার। একই সাথে ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রধান সড়কের ওপর ওভারপাস নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী । এছাড়াও গনভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধানমন্ত্রী জেলার ৩ টি বিদ্যুৎ কেন্দ্রের উদ্ধোধন করবেন।
বলভদ্র নদীতে সেতুর অভাবে লাখাই উপজেলার মানুষের দূর্ভোগ ছিলো সীমাহীন। এ উপজেলার মানুষকে ঢাকায় যেতে উল্টোপথে ৪০ কিলোমিটার ঘুরে হবিগঞ্জ সদর হয়ে ঢাকায় যেতে হতো। ২০১২ সালের ৩০ শে এপ্রিল প্রধানমন্ত্রী হবিগঞ্জ সফরকালে বলভদ্র নদীর ওপর সেতু নির্মানের প্রতিশ্রুতি দেন। সড়ক বিভাগ জানায়- ২০১১-১২ অর্থবছরে সেতু নির্মানের কার্যাদেশ দেয়া হয়। কিন্তু এলাইনমেন্ট জটিলতায় এর নির্মান কাজে বিলম্ব হয়। ২১ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে গত মাসে এই সেতু নির্মান কাজ সম্পন্ন হয়েছে। সেতুটি ২১৭.৬৮ মিটার দীর্ঘ এবং উভয়পাশের ফুটপাতসহ ১০.২৫ মিটার প্রশস্থ। সেতুটি নির্মিত হওয়ায় হবিগঞ্জ-ব্রাহ্মণবাড়িয়া-ঢাকার দূরত্ব ৪০ কিলোমিটার কমেছে বলে জানান সড়ক বিভাগ কর্মকর্তারা। সেতু নির্মানের আগে এ দু-উপজেলার মানুষ বাশের সাকো ও নৌকা করে চলতো। এই সেতু এখন তাদের দীর্ঘ ভোগান্তির অবসান ঘটাবে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের একমাত্র প্রধান সড়কের টিএরোডে বিদ্যমান রেলক্রসিংয়ে যানজট এড়াতে ওভারপাস নির্মান প্রকল্প গ্রহন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিলো এটি। ২০১০ সালের ১২ ই মে প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া সফরকালে ওভারপাস নির্মানের প্রতিশ্রুতি দেন। ৪৯৬.৪২ মিটার দীর্ঘ এই ওভারপাস নির্মানে ব্যয় ধরা হয়েছে ৭৯ কোটি ৫৫ লাখ টাকা। ২ লেন বিশিষ্ট এই ওভারপাসের প্রস্ত হবে ৭.৬০ মিটার। জেলা সড়ক বিভাগের কর্মকর্তারা জানান – অনুমোদিত প্রকল্পের আওতায় রেলওয়ে ওভারপাস ছাড়াও মুল সড়ক প্রশস্থ করা হবে। এছাড়াও প্রধানমন্ত্রী আশুগঞ্জে ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট (সিম্পল সাইকেল),ইউনাইটেড আশুগঞ্জ ২০০ মেগাওয়াট মডিউলার পাওয়ার প্ল্যান্ট ও আশুগঞ্জ মিডল্যান্ড ৫১ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টের উদ্ধোধন করবেন। ব্রাহ্মণবাড়িয়ার নেজারত ডেপুটি কালেকটর সাব্বির আহমেদ জানান- প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এসব প্রকল্পের উদ্ধোধনকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সংসদ সদস্যবৃন্দ উপস্থিত থাকবেন। তাছাড়া উপজেলা চেয়ারম্যানগন, বিভিন্ন দফতর প্রধান,উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সাংবাদিকগন থাকবেন। সব মিলিয়ে ১২০ জনের বসার ব্যবস্থা করা হয়েছে এ মিলনায়তনে।
আমিরজাদা চৌধুরী
ব্রাহ্মণবাড়িয়া
০৭.১০.১৫











