বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিজস্ব ক্যাম্পাসে যেতে আরও সময় চায় ৩৯ বেসরকারি বিশ্ববিদ্যালয়

news-image

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদনের অন্যতম শর্ত হচ্ছে সাত বছরের মধ্যে নিজস্ব ক্যাম্পাসে যেতে হবে। কিন্তু এক যুগেরও বেশি সময় নিজস্ব ক্যাম্পাসে যেতে পারেনি অধিকাংশ বিশ্ববিদ্যালয়। কয়েক দফা আলটিমেটাম দিয়েও সফল হয়নি শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সবশেষে গত ১৩ই আগস্ট শিক্ষামন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন। এরই মধ্যে যারা এখনও স্থায়ী ক্যাম্পাসে যেতে পারেননি তাদের সার্বিক প্রস্তুতির রিপোর্ট আকারে দেয়ার নির্দেশ দিয়েছেন। গত ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ৩৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয় নিজস্ব ক্যাম্পাসে যেতে আবার সময় চেয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কয়েক দফা সময় দেয়ার পরও শর্ত মেনে নিজস্ব ক্যাম্পাসে যায়নি এমন ৩৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয় আরও সময় চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে। এগুলো অনুমতি পাওয়ার প্রায় এক যুগ বা ১২ বছরেরও অধিক সময় অতিক্রান্ত হয়েছে এরই মধ্যে। এদের নতুন করে সময় দেয়া হবে কিনা- এ নিয়ে এখন পর্যন্ত সিদ্ধান্তহীনতার শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসি। এ প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) মো. হেলাল উদ্দিন বলেন, তাদের তো সময় আমরা দিতে চাই না। বারবার সময় আবেদন করে সময় বৃদ্ধি করেছে। আমাদের কী বা করার আছে। তাদের বিরুদ্ধে তো যুদ্ধ ঘোষণা করা যায় না। ইউজিসি’র রিপোর্ট পাওয়ার পরই সিদ্ধান্ত বা ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।  


সূত্র জানান, ইউজিসি’র চেয়ারম্যান বর্তমানে বিদেশ সফরে রয়েছেন। তিনি আগামী ১৪ই অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে। তার ফেরার পরই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাপ্ত আবেদন ও প্রতিবেদনগুলো পর্যালোচনা করে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। সে বৈঠকেই মূলত পরবর্তী করণীয় নিয়ে সিদ্ধান্ত হবে। এর আগে ইউজিসিতে জমা পড়া প্রতিবেদনগুলোর ভিত্তিতে বৈঠকের প্রস্তুতি নেয়া হবে। ইউজিসির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাদের আবেদনগুলো অবাস্তব। তাদের সময় দেয়ার আবেদনও অযৌক্তিক। এব্যাপারে মন্ত্রণালয় ও ইউজিসি’র শীর্ষ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে। তিনি জানান, অক্টোবর মাসের শেষ সপ্তাহে ওই বৈঠক হতে পারে।
গত ১৩ই আগস্ট বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষের সঙ্গে শিক্ষামন্ত্রীসহ ইউজিসি’র শীর্ষ পর্যায়ের মতবিনিময় সভায় ৩০শে সেপ্টেম্বরের মধ্যে নিজস্ব ক্যাম্পাসে যাওয়ার প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছিল। সে নির্দেশনার আলোকে গতকাল পর্যন্ত ৩৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয় তাদের প্রতিবেদন জমা দিয়েছে বলে ইউজিসির সূত্র নিশ্চিত করেছে। তারা সবাই নিজস্ব ক্যাম্পাসে যেতে আরও সময় দেয়ার আবেদন করেছেন বলে ওই সূত্র গতকাল পর্যন্ত নিশ্চিত করেছেন। ইউজিসি সূত্র জানায়, পুরাতন ৫২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১১টি এরই মধ্যে নিজস্ব ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রমসহ সব কিছুই স্থানান্তর করেছে। অবশিষ্ট ৪১টির মধ্যে ২টি দারুল ইহসান ও ইবাইস’কে এ তালিকা থেকে বাদ দেয়া হয়েছে তাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য। অবশিষ্ট ৩৯টি নিয়েই এখন পর্যালোচনা হচ্ছে। এছাড়া, বর্তমান সরকার বিগত ও বর্তমান মেয়াদের সর্বমোট ৩১টি  বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয়া হয়েছে। তাদের কারোরই এখন পর্যন্ত নিজস্ব ক্যাম্পাসে যেতে ৭ বছর সময় অতিক্রান্ত হয়নি। তাই তাদের ব্যাপারে আপাতত কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না। এ ৩১টি বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষকেও ইউজিসির পক্ষ থেকে এখন নজরদারিতে রাখা হয়েছে, তারা যেন সময় অতিক্রান্ত হওয়ার আগেই নিজস্ব ক্যাম্পাসে যেতে পারে।    


এর আগে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে ১৫ই সেপ্টেম্বরের মধ্যে নিজস্ব ক্যাম্পাসে যাওয়ার সময় বেঁধে দিয়ে তৃতীয়বারের মতো সময় দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। গত বছরের ২৬শে জানুয়ারি জারি করা ঐ নির্দেশনায় এ সময়ের মধ্যে (১৫ই সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব ক্যাম্পাসে না গেলে সাময়িক সনদ বাতিল এবং নতুন শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে সতর্ক করে দেয়া হয়েছিল। সাত বছর ধরে ক্যাম্পাস পরিচালনা করছে এমন ৫২টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৭টি সম্পূর্ণভাবে নিজস্ব ক্যাম্পাসে গেছে, ২৭টি আংশিক স্থানান্তর করেছে। ৯টির ভবন নির্মাণাধীন ও ১৭টির জমি কেনার ব্যাপারটি প্রক্রিয়াধীন। অন্য ৩টি বিশ্ববিদ্যালয় জমি কেনেনি। এগুলোর সব ক’টিই পুরাতন বেসরকারি বিশ্ববিদ্যালয়। ইউজিসির তথ্যমতে, ২০১০ সালে নতুন করে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন হওয়ার পর বিশ্ববিদ্যালয়গুলোকে নিজস্ব ক্যাম্পাসে যাওয়ার সময় বেঁধে দেয়া হয়। প্রথমে ২০১২ সালের মধ্যে, দ্বিতীয়বার ২০১৩ সালের মধ্যে এবং সর্বশেষ গত ২৬শে জানুয়ারি এক লাফে দুই বছর বাড়িয়ে আগামী সেপ্টেম্বর পর্যন্ত সময় দেয়া হয়। ইউজিসি সূত্রে জানা গেছে, নিজস্ব ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে এমন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে নর্থ সাউথ, ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি-চট্টগ্রাম, ইনডিপেনডেন্ট ইউনির্ভাসিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়-চট্টগ্রাম, চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটি, স্টামফোর্ড ইউনিভার্সিটি ও গণবিশ্ববিদ্যালয়। সিটি বিশ্ববিদ্যালয় সাভারের বিরুলিয়ার নিজস্ব ক্যাম্পাস করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করলেও এখনও তারা রাজধানীর ১৩/এ পান্থপথে ভাড়া করা বাড়িতে সিটি ক্যাম্পাস খুলে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।


আংশিক নিজস্ব ক্যাম্পাসে: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আশুলিয়ায় নিজস্ব ক্যাম্পাসে আংশিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করলেও এখনও অধিকাংশ শিক্ষার্থী পড়ছেন ঢাকার শুক্রাবাদে। এছাড়া, নিজস্ব ক্যাম্পাস করে শিক্ষা কার্যক্রম শুরু করলেও এখনও ব্র্যাক বিশ্ববিদ্যালয় মহাখালীতে, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড  টেকনোলজি মিরপুর-২ এ আংশিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। আর বিজিসি ট্রাস্ট চট্টগ্রামের চন্দনাইশে নিজস্ব ক্যাম্পাস থাকলেও আদালতের স্থগিতাদেশ নিয়ে চট্টগ্রাম শহরে দুটি ক্যাম্পাস চালাচ্ছে। নিজস্ব ক্যাম্পাসে না গেলেও নির্ধারিত পরিমাণ জমিতে নির্মাণাধীন ক্যাম্পাসে আংশিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), বাংলাদেশ ইউনিভার্সিটি, শান্ত-মরিয়ম ইউনিভার্সিটি, সিলেটের লিডিং ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ইউআইটিএস। ফাউন্ডেশনের জমিতে বিশ্ববিদ্যালয়: আইনানুযায়ী বিশ্ববিদ্যালয়ের নামে জমি থাকার কথা থাকলেও পাঁচটি বিশ্ববিদ্যালয় নির্ধারিত পরিমাণ জমিতে শিক্ষা কার্যক্রম পরিচালনা না করে ফাউন্ডেশনের নামে কেনা আরও কম পরিমাণ জমিতে অবকাঠামো নির্মাণ করে শিক্ষা কার্যক্রম চালাচ্ছে। এগুলো হলো: মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সিলেট ইন্টারন্যাশনাল, দি মিলেনিয়াম, পিপলস ও সাউথইস্ট ইউনিভার্সিটি।


অন্যগুলোর হালচাল: নির্ধারিত পরিমাণের চেয়ে কম জমিতে নির্মিত ক্যাম্পাসে আংশিক শিক্ষা দিচ্ছে স্টেট ইউনিভার্সিটি। আর নির্ধারিত পরিমাণ জমিতে নিজস্ব ক্যাম্পাস নির্মাণ করছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ও রয়েল ইউনিভার্সিটি। নির্ধারিত পরিমাণ জমিতে ৪টি বিশ্ববিদ্যালয় নকশা অনুমোদন করেছে। কিন্তু নির্মাণকাজ শুরু করতে পারেনি। এগুলো হলো- গ্রিন ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটি ও চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটি। এর মধ্যে সাউদার্ন ইউনিভার্সিটির নামে অননুমোদিত ক্যাম্পাস রয়েছে বলে ইউজিসি জানিয়েছে।