নতুন ভূমিকায় টুইঙ্কাল খান্না
ইন্টারন্যাশনাল খিলাড়ি, বাদশা, মেলার মতো সুপারহিট চলচ্চিত্রের নায়িকা টুইঙ্কাল খান্নার এখনকার পরিচয় কলামনিস্ট হিসাবেও। নতুন এই পেশাকে দারুনভাবে উপভোগ করছেন বলিউডের অ্যাকশন হিরো অক্ষয় ঘরনী। ২০ বছরে তিনি অভিনয়টা একদমই পারতেন না আর ৪০ এ এসেও সেরকম উন্নতি হয় না– এমনটাই মনে করেন প্রাক্তন অভিনেত্রী টুইঙ্কাল। তাই স্বচ্ছন্দেই নতুন কাজকে হাসিমুখে গ্রহণ করেছেন। তার ছবিগুলিতে অভিনয় করা নিয়ে বেশ আফসোসই করেন এখন। বরং তার চেয়ে কলামের ডেডলাইনের চাপকেই বেশি উপভোগ করেন তিনি। প্রতি সপ্তাহে নতুন নতুন চ্যালেঞ্জ নিতে উৎসুক হয়ে থাকেন। তার নিয়মিত কলাম ফানিবোনস্ এখন বইয়ের আকারেও প্রকাশিত। ফানিবোনস্-এ প্রকাশিত তার মজাদার কলামগুলিকে অত্যন্ত উপভোগ করে টইঙ্কাল পুত্র আরভ ও স্বামী অক্ষয়।
তার প্রকাশিত কলামগুলিতে ব্যক্তিগত আক্রমণ করা হয়–কিছুদিন আগে আমির খানের এরূপ মন্ত্যবে একটুও বিরক্ত নন তিনি। বরং ঝামেলায় জড়িয়ে পড়লে একরকম আফসোসই করেন তিনি। নিজের নামে বিভিন্ন সময় প্রচারিত বিভিন্ন ঠাট্টা তামাশাকেও আর গ্রাহ্য করেন না।
৪০ বছরে পৌঁছে একেবারে অকপট তিনি। সেলিব্রিটি লাইফ কাটাতে বিন্দুমাত্র উৎসাহী নন টুইঙ্কাল। আর পাঁচজন সাধারণ ঘরনীর মতোই আরভ ও নিতারাকে বড় করছেন যাতে স্টার কিডের তকমাটা তাদের গায়ে না লাগে।
সেলিব্রিটি ঘরে বড়ো না হলে তার আরো ৫ কিলো ওজন বেশি হয়ত হত। তবুও তিনি এভাবেই জীবনকে উপভোগ করতেন। সাইন্স ফিকশন পড়তে খুব ভালোবাসেন। আবার আসিমভ, নীল গেইম্যান, কেন লিউ, উডেনহাউস এবং রোহিনটন– এগুলিও তার প্রিয়। মা ও বোনের সাথে ইয়ার্কি ঠাট্টা করলেও তাদের সঙ্গে টুইঙ্কের সম্পর্ক অত্যন্ত গভীর।
অক্ষয় কুমার অভিনীত টুইঙ্কালের প্রিয় ছবি– স্পেশাল ২৬ (২০১৩), বেবি (২০১৫), হেরা ফেরি (২০০০)
অক্ষয় কুমার অভিনীত টুইঙ্কালের অপছন্দের ছবি– মিস্টার বন্ড (১৯৯২)
অক্ষয় কুমারের স্ত্রী হওয়ার অভিজ্ঞতা
স্টার স্ত্রীর তকমাটি তিনি পছন্দ করেন না। বিয়ের পর টুইঙ্কাল নিজেকে নতুন করে চিনতে পেরেছেন বলেই তার দাবি। কিন্তু তিনি এও মনে করেন শুধুমাত্র স্বামীর পরিচয় নয়, একজন নারীর পরিচয় তার পেশার ওপরেও নির্ভর করে। আর সেটিকে নিয়েই তিনি সবচেয়ে বেশি গর্বিত। বর্তমানে তিনি অনেককিছু নিয়েই ব্যস্ত এবং যার মধ্যে জেনেবুঝেই কিছু কিছু কাজ হাতছাড়া করে দিচ্ছেন। তিনি অতীতের থেকে ভবিষ্যতের দিকে তাকাতেই বেশি পছন্দ করেন।











