স্মার্টফোনের জন্য ভার্চুয়াল রিয়্যালিটি হেডসেট, শিশুদের মতোই হাসতে পারে রোবট
স্মার্টফোনের স্ক্রিন কাজে লাগিয়েই খেলা যাবে থ্রিডি ভিডিও গেইম। দেখা যাবে ভিডিও বা ছবি। ভার্চুয়াল রিয়্যালিটি হেডসেটের সামনে স্মার্টফোন জুড়ে দিয়ে এ সুবিধা মিলবে। এ জন্য নতুন প্রযুক্তির ভার্চুয়াল রিয়্যালিটি হেডসেট বাজারে আনতে যাচ্ছে স্যামসাং। 'দ্য গিয়ার ভিআর' নামের হেডসেটটিতে কেবল স্যামসাংয়ের তৈরি 'গ্যালাক্সি নোট৫', 'গ্যালাক্সি এস৬এজপ্লাস', 'এস৬' এবং 'এস৬এজ' মডেলের স্মার্টফোন ব্যবহার করা যাবে। ভার্চুর্য়াল রিয়্যালিটি হেডসেট নির্মাতা অকুলাসের তৈরি হেডসেটটি কিনতে গুনতে হবে মাত্র ৯৯ ডলার। ওজনও বেশ কম। সব কিছু ঠিক থাকলে নভেম্বরে বাজারে আসবে।
শিশুদের মতোই হাসতে পারে রোবট
শিশুদের মতোই হাসতে পারে 'ডিয়েগো স্যান'। তবে এমনি এমনি নয়, সামনে থাকা ব্যক্তির নড়াচড়া বা অভিব্যক্তি শনাক্ত করেই কেবল হেসে উঠবে। এ জন্য আকারে ছোট রোবটটিতে ব্যবহার করা হয়েছে বিশেষ প্রোগ্রামও। ক্যালিফোর্নিয়ার একদল গবেষক নিজেদের গবেষণার জন্য রোবটটি তৈরি করেছেন ।











