‘আগামী বছরই বিয়ে’
ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার পর থেকে নিয়মিত গানের জগতে বিচরন সানিয়া সুলতানা লিজার। এরই মধ্যে দুটি একক অ্যালবামের মাধ্যমে বেশ কিছু শ্রোতাপ্রিয় গান তিনি উপহার দিয়েছেন। অ্যালবামের বাইরে প্লেব্যাকেও তিনি ব্যস্ত। তবে লিজার সবচেয়ে বেশি ব্যস্ততা দেশ-বিদেশের স্টেজ শো নিয়ে। গানের বাইরে উপস্থাপনায়ও সফলতার স্বাক্ষর রেখেছেন এ শিল্পী। পড়াশোনায় সাফল্য দেখানোর পাশাপাশি জাতীয় পর্যায়ের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় কৃতিত্বের সঙ্গে নিয়মিত অংশ নিয়ে আসছেন লিজা। নিজের বর্তমান ব্যস্ততা, গান, ক্যারিয়ারের বিভিন্ন দিক সহ আজকের ‘আলাপন’-এ কথা বলেছেন এ শিল্পী। তার সাক্ষাৎকারটি নিয়েছেন ফয়সাল রাব্বিকীন
ব্যস্ততা কি নিয়ে?
গান নিয়েই পুরো ব্যস্ততা। কিছুদিন আগেই নিউইয়র্ক থেকে শো করে ফিরেছি। বেশ দীর্ঘ সময় ছিলাম সেখানে। অনেক ভাল কেটেছে। প্রবাসীদের সামনে গান গাইতে সব সময়ই আমার ভাল লাগে। অন্যরকম একটা আবেগ কাজ করে। আর দেশে এসে আরও বেশি ব্যস্ত হয়ে পড়েছি। অনেক কাজ করতে হচ্ছে।
সব কি ঈদের কাজ?
সব কাজই ঈদের। কারণ ঈদের দিন থেকে চতুর্থ দিন পর্যন্ত লাইভে ব্যস্ত থাকবো আমি। ঈদের প্রথম দিন আরটিভিতে, দ্বিতীয় দিন বৈশাখী টিভিতে, তৃতীয় দিন এসএ টিভিতে এবং চতুর্থ দিন রেডিও আমার-এ সরাসরি শ্রোতা-দর্শকদের গান শোনাবো। তাই প্র্যাকটিস নিয়ে ব্যাপক ব্যস্ত সময় কাটাচ্ছি এখন।
তার মানে ঈদ এবার ঢাকায় করবেন?
হ্যা, এবার বাড়িতে যাওয়ার কোন উপায় নেই। কারণ ঈদের দিন থেকেই ব্যস্ততা শুরু হবে। আর ঈদের আগের দিন পর্যন্ত প্র্যাকটিস ও ঈদের অনুষ্ঠানের শুটিং নিয়ে ব্যস্ত থাকতে হবে।
আপনিতো উপস্থাপনা নিয়মিত করছেন। ঈদের অনুষ্ঠান কি উপস্থাপনা করেছেন এবার?
না, এবার ঈদে শুধুই গান হবে। তাই উপস্থাপনা করিনি। অনেক প্রস্তাব ছিলো। কিন্তু সব ফিরিয়ে দিয়েছি। এবার গান নিয়েই থাকতে চাই। আশা করছি শ্রোতা-দর্শকদের গানের মাধ্যমে কিছুটা হলেও আনন্দ দিতে পারবো।
গেলো রোজার ঈদে আপনার একক অ্যালবাম ‘পাগলী সুরাইয়া’ প্রকাশ পেয়েছে। সাড়া কেমন পেয়েছেন?
অনেক ভাল সাড়া পেয়েছি। এরই মধ্যে দুটি গানের মিউজিক ভিডিও প্রকাশ করেছি। আরও একটি সামনে প্রকাশ করবো। গান এখন শোনার পাশাপাশি দেখারও বিষয়। তাই চমকে ভরা কিছু নতুন মিউজিক ভিডিও নিয়ে আসছি শিগগিরই।
ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন। এরপর অনেকটা পথ পাড়ি দিয়েছেন। যে সপ্ন নিয়ে শুরুটা করেছিলেন তা কি পূরণ হয়েছে?
কিছু সপ্নতো পূরণ হয়েছে। শ্রোতাদের অনেক ভালবাসার কারণেই ক্লোজআপ ওয়ানে চ্যাম্পিয়ন হয়েছিলাম। এখনও শ্রোতারা আমার সঙ্গেই আছেন। এটা আমার জন্য বড় পাওয়া। অনেক গুণী সংগীত ব্যাক্তিত্বের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা হয়েছে আমার। তাদের প্রশংসা পেয়েছি। তবে আমি বাংলা গান বিশ্ব দরবারে তুলে ধরতে চাই। এটা আমার সবচেয়ে বড় সপ্ন। আমি বিদেশের মাটিতে গিয়ে বাংলা গান গাইতে অনেক গর্ববোধ করি। কিছুদিন আগেই আমার ‘পাগলী সুরাইয়া’ গানটির ভিডিও প্রচার হয়েছে ভারতের বলিউডভিত্তিক চ্যানেল বিফোর ইউতে। বাংলাদেশের কোন নারী কন্ঠশিল্পীর গান এই প্রথম এ চ্যানেলে প্রচার হলো। এভাবেই সামনে এগিয়ে যেতে চাই।
অডিও ইন্ডাস্ট্রি একটা অস্থির সময় পার করছে। এটা কাটিয়ে ওঠার বিষয়ে একজন শিল্পী হিসেবে আপনি কতটা আশাবাদী?
আমি মনে করি প্রকৃত মেধাবীদের সমস্যা হয় না। আমার ক্ষেত্রে বলবো দেশে বিদেশে আমি প্রচুর শো করছি। এখন আর অডিও ইন্ডাস্ট্রির উপর নির্ভর করা যাবে না। কালণ সিডিই বিক্রি হচ্ছে খুব কম। তারপরও অডিও কোম্পানি থেকে সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। আমি আামার ‘পাগলি সুরাইয়া’ অ্যালবামের গানের অডিও এবং ভিডিও স্বত্ব নিজের কাছে রেখেছি। এখান থেকে যাই আসবে তার সঠিক তথ্যটা এক্ষেত্রে আমি পাচ্ছি। শেষ পর্যন্ত বোধহয় এ ধারাতেই শিল্পীদের নির্ভর হতে হবে।
আপনার বাগদানতো হয়ে গেছে বছর দুয়েক হলো। বিয়ের বাদ্য বাজছে কবে?
বিয়ে না হলেও আমার হবু বর বাবলু সার্বক্ষনিক আমার খোঁজ-খবর নিচ্ছেন। বাগদানের পর থেকে আমি তার ব্যাপক কেয়ারের মধ্যেই রয়েছি। ভালই উপভোগ করছি। সব মিলিয়ে অসাধারণ ব্যাক্তিত্বের একজন মানুষকে জীবনসাথী হিসেবে পেয়ে আমি ধন্য। সব কিছু ঠিক থাকলে আগামী বছরই বিয়ের বাদ্য বাজবে।











