ঢাকার যে সাতটি মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর সাড়ে ৭ ভাগ হারে ভ্যাট আরোপ করার পর তা প্রত্যাহারের দাবিতে রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ সাতটি মোড়ে অনির্দিষ্টকালের জন্যে অবরোধ শুরু করেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এধরনের অবরোধে কার্যত ঢাকা অচলের পথে। এর পাশাপাশি ঢাকার বাইরে চলছে ভ্যাট বাতিলের দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন। ঢাকা আরিচা মহাসড়কের সাভারে ২২ মাইল এলাকায় গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরোধ করলে হাজার হাজার যানবাহন আটকা পড়ে। একই সঙ্গে ঢাকায় গুরুত্বপূর্ণ ওই সাতটি মোড়ে শিক্ষার্থীদের অবস্থানের কারণে রাজধানী থেকে ঢাকার বাইরে যানবাহন চলাচল প্রায় বন্ধ হওয়ার পথে।
শনিবার সন্ধ্যায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফেসবুকে রোববার থেকে লাগাতার আন্দোলনের ঘোষণা দেয়। রোববার সকালে শিক্ষার্থীরা রাজপথে ভ্যাট বাতিলের দাবি আন্দোলন শুরু করলে ঢাকার আটটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়। শিক্ষার্থীরা ঘোষণা করে মালিবাগ-শান্তিনগর, রামপুরা সেতু, বসুন্ধরা আবাসিক এলাকা, উত্তরা, বনানী, মহাখালী ও ধানমন্ডি এই সাতটি পয়েন্টে তাদের অবরোধ ও অবস্থান অব্যাহত থাকবে।
ওই সাতটি গুরুত্বপূর্ণ এলাকায় যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে সেগুলো হচ্ছে মালিবাগ-শান্তিনগরে এইউএসটি এবং স্ট্যামফোর্ড, রামপুরা সেতুতে ইডব্লিউইউ, বসুন্ধরা আবাসিক এলাকায় এনএসইউ, আইইউবি ও ইউআইটিএস, উত্তরায় উত্তরা বিশ্ববিদ্যালয় ও বিআইএফটি, বনানীতে এআইইউবি ও এসইইউ, মহাখালীতে ব্রাক বিশ্ববিদ্যালয় ও ধানমন্ডি এলাকায় ইউআইইউ, এসইউবি, ড্যাফোডিল, ইউল্যাব ও এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়। এছাড়া অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এ আন্দোলনের সঙ্গে রয়েছে। ফেসবুকে বলা হয়েছে এ আন্দোলন চলছে সংগঠিত উপায়ে তাই কোনো একক কর্মসূচির প্রয়োজন নেই।
তবে রোববার পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের রাস্তা ছেড়ে দিয়ে যানবাহন চলাচলের সুযোগ দিতে অনুরোধ করেছে। এর আগে গত বুধবার শিক্ষার্থীদের এ আন্দোলনে পুলিশ রাবার বুলেট ছুড়লেও রোববার পুলিশকে বেশ শান্ত অবস্থায় দেখা যায়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেছেন, আন্দোলনের নামে শিক্ষার্থীরা যাতে কোনো ধংসাত্মক কর্মকা- না করে সেজন্যে পুলিশ সতর্কাবস্থায় রয়েছে। তবে শিক্ষার্থীদের রাজপথ অবরোধ করে এ আন্দোলন চলাকালে পথচারীরা ভোগান্তিতে পড়েন।
আন্দোলন চলাকালে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাবেক গভর্নর ফরাস উদ্দিন আহমেদ শিক্ষার্থীদের সামনে উপস্থিত হয়ে একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিককে বলেন, তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কখনোই ভ্যাট দিতে হবে না। ভ্যাট তার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেই দেয়া হবে।
এদিকে ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ইমরান রহমান বলেছেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সাড়ে সাত ভাগ হারে ভ্যাট দেয়ার সিদ্ধান্ত অন্যায্য। যদি বিশ্ববিদ্যালয়গুলোকে ভ্যাট দিতে বাধ্য করা হয় তাহলে সেক্ষেত্রে শিক্ষার্থীদের সুযোগ হ্রাস করা হতে পারে। আন্দোলনরত শিক্ষার্থীরাও বলছে, ভ্যাট এবার বিশ্ববিদ্যালয় দিলেও আগামীতে ভ্যাটের নামে অন্যান্য ফি বৃদ্ধি করা হবে।
ভ্যাট প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম ও সিলেটে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছে।











