শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩৪৯ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

news-image

ব্রাহ্মণবাড়িয়ার নয়টি উপজেলার ৩৪৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য। এ ছাড়া এসব উপজেলায় ৫৬১টি সহকারী শিক্ষকের পদও শূন্য। দীর্ঘদিন ধরে পদগুলো শূন্য থাকায় বিদ্যালয়গুলোতে প্রশাসনিক ও পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় ১ হাজার ৮৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। এর মধ্যে সদর উপজেলায় প্রধান শিক্ষকের ২২টি, সহকারী শিক্ষকের ৫৫, নাসিরনগরে প্রধান শিক্ষকের ৫১ ও সহকারী শিক্ষকের ৯১টি, সরাইলে প্রধান শিক্ষকের ৪২ ও সহকারী শিক্ষকের ৯৬, বিজয়নগরে প্রধান শিক্ষকের ২০ ও সহকারী শিক্ষকের ৬০, আশুগঞ্জ উপজেলায় প্রধান শিক্ষকের ৫০ ও সহকারী শিক্ষকের ৩৪, আখাউড়ায় প্রধান শিক্ষকের ৭ ও সহকারী শিক্ষকের ২৪, কসবা উপজেলায় প্রধান শিক্ষকের ৫৭ ও সহকারী শিক্ষকের ৬৮, নবীনগরে প্রধান শিক্ষকের ৬৫ ও সহকারী শিক্ষকের ৭৫, বাঞ্ছারামপুরে প্রধান শিক্ষকের ৩৫ ও সহকারী শিক্ষকের ৫৮টি পদ শূন্য রয়েছে।
জেলা সদরসহ বিভিন্ন উপজেলার শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, নবীনগর ও নাসিরনগরের শিক্ষক-সংকটের কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। এর প্রভাব বিদ্যালয়গুলোর প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফলেও পড়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০১২ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিএসসি) নাসিরনগর উপজেলার সাইয়াউক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাসের হার শূন্য হওয়ায় শাস্তিস্বরূপ ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ চার শিক্ষককে অন্যত্র বদলি করা হয়। তখন থেকেই ওই বিদ্যালয়ে শিক্ষকের ঘাটতি রয়েছে।
নাসিরনগর উপজেলার ধরমণ্ডল ইউনিয়নের সাইয়াউক ও ফান্দাউক ইউনিয়নের আতুকুড়া গ্রামের কয়েকজন অভিভাবক বলেন, ‘হাওরবেষ্টিত হওয়ায় আমাদের উপজেলায় শিক্ষার্থীরা অন্যান্য উপজেলার তুলনায় অনেক পিছিয়ে রয়েছে। কয়েক দিন পরেই ছেলেমেয়েদের প্রাথমিক সমাপনী পরীক্ষা। কিন্তু বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় লেখাপড়া ব্যাহত হচ্ছে।’
সাইয়াউক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হুদা প্রথম আলোকে বলেন, ২০১৩ সালের ২২ জুন আমি এই বিদ্যালয়ে যোগ দিই। এই বিদ্যালয়ে শিক্ষকের পাঁচটি পদের মধ্যে চারটিই শূন্য রয়েছে। সাময়িক সংযুক্তির ভিত্তিতে একজন শিক্ষককে নিয়োগ দিয়ে তিনিসহ দুজন মিলে বিদ্যালয়ে কোনোমতে পাঠদান চালাচ্ছেন। কোনো দিন অসুস্থতা বা অন্য কোনো কারণে ওই শিক্ষক বিদ্যালয়ে আসতে না পারলে তাঁকে একাই সবকিছু সামাল দিতে হয়।
নাসিরনগরের আতুকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণা রানি সাহা বলেন, দুই থেকে আড়াই বছর ধরে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদটি শূন্য। এ ছাড়া বর্তমানে সাতজনের জায়গায় শিক্ষক আছেন পাঁচজন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক বলেন, প্রধান শিক্ষক পদে পদোন্নতির জন্য তালিকা সংশ্লিষ্ট অধিদপ্তর ও মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মাস খানেকের মধ্যে ওই তালিকা চূড়ান্ত হয়ে গেলে প্রধান শিক্ষক পদে শিক্ষক পদায়ন করা যাবে। তিনি আরও বলেন, ইতিমধ্যে সরকার সহকারী শিক্ষক নিয়োগের দুটি বিজ্ঞপ্তি দিয়েছে। এ বছরের মধ্যেই সহকারী শিক্ষক পদে নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

 

prothom-alo.com