তিতাসে এলোমেলো বাইচ, নদীতে রক্ত ঝড়েছে মাঝিদের : লাখো মানুষ ফিরলো অতৃপ্তি নিয়ে
আমিরজাদা চৌধুরী: তিতাসের ভরা বুকে নৌকা বাইচ দেখতে দু-কুলে জড়ো হয়েছিলেন লাখো-হাজার মানুষ। কিন্তু চোখের অতৃপ্তি নিয়েই ফিরতে হয়েছে তাদের বাড়িতে। প্রতিযোগি নৌকার মাঝিদের সংঘর্ষে রক্ত ঝড়েছে নদীতে। বাইচের নৌকা ছেড়ে এই মাঝিদের অনেকের আশ্রয় হয়েছে হাসপাতালে। আয়োজকদের দায়িত্বহীনতায় বাইচ দেখার বদলে কয়েক ঘন্টা নদী পানে ইঞ্জিন চালিত ছোট-বড় নৌকা ,স্প্রীড বোট আর ডিঙ্গি নৌকার মহড়াই দেখেছেন বাইচ দর্শকরা। নানা ধরনের নৌকার মিছিলে আড়াল হয়ে যায় বাইচের নৌকা। এসব নৌকায় শোভিত বিভিন্ন প্রতিষ্ঠানের ডিজিটাল ব্যানার,সরকার দলীয় বিভিন্ন সংগঠনের ব্যানারে নদীর বুক হয়ে উঠে ভাসমান প্রচারনার জায়গা। জেলা প্রশাসনের কর্তাব্যাক্তি,পুলিশ আর ক্রীড়া সংস্থার কর্মকর্তারা নৌকা শাসনে নদী দাবড়ে বেড়িয়েছেন স্প্রীড বোট নিয়ে। কিন্তু কাজ হয়নি। বাইচ আয়োজকদের সব বাগাড়ম্বরতাই সার হলো শেষ পর্যন্ত। শনিবার বেলা ২ টায় এই বাইচ শুরু হওয়ার সময় নির্ধারন করা হয়েছিলো। কিন্তু বাইচ শুরু হলো আড়াই ঘন্টা পর বিকেল সাড়ে ৪ টায়। তার আগেই নদীর দেড়-দু কিলোমিটার জায়গা ভরে যায় নানা নৌকায়। বাইচের দর্শক জাত-অভিজাত শ্রেনীর সবাই সাওয়ারী এসব নৌকার। উচ্চসুরে মাইক-স্পীকারে গান বাজিয়ে চলে ছেলেপুলেদের উদ্দাম নৃত্য। এসব নৌকার এদিক-ওদিক ছুটে চলায় নদীতে বিশেষ তরঙ্গের সৃষ্টি হয়।এরমধ্যেই বাইচের একটি নৌকার দেখা পাওয়া যায়। হেলেদুলে বাইতে বাইতে এগিয়ে আসে হাজী ফুল মিয়ার নৌকা। যার নম্বর ৬। এর আশপাশে আর কোন নৌকা নেই। কিছুক্ষন পর আসে আরো দুটি নৌকা। কিন্তু জলরাশির ধোয়া ছুটিয়ে চলার যে গতি তা ছিলোনা বাইচের এসব নৌকার কোনটিরই। প্রত্যক্ষদর্শীরা জানান-প্রতিযোগিতার প্রথম দফাতেই ঘটে অঘটন। বাইচে অংশগ্রহনকারী বুল্লার নূরুল ইসলামের নৌকা আর দত্তখোলার আজিজ মেম্বারের নৌকা কাছাকাছি হয়ে পড়লে বুল্লার মাঝিরা দত্তখোলার মাঝিদের বৈঠা দিয়ে মারতে থাকে। শিমরাইকান্দি শ্মশানঘাট এলাকা থেকে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে আনন্দ বাজার বরাবর আসার পরই এই ঘটনা ঘটে। নদী তীড়ে দাড়ানো হাজারো মানুষ প্রত্যক্ষ করেন আরেক বাইচ। পরে দত্তখোলার নৌকাটি প্রতিযোগিতার শেষ পয়েন্টে পৌছার পর আহতদের সবাই নৌকা ছেড়ে তীরে উঠে যান। তাদের মধ্যে যারা বেশী আহত হয়েছেন এমন ৬/৭ জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করার জন্যে নিয়ে যাওয়া হয়। তাদের শূন্য নৌকা পড়ে থাকে প্রতিযোগিতার এন্ডিং পয়েন্টের ঘাটে। সরজমিনে সেখানে গিয়ে দেখা যায় নৌকাটিতে রক্ত ছড়িয়ে আছে এখানে-ওখানে। এ ঘটনার পর বাইচ বন্ধ থাকে কিছু সময়। ঘটনার পর হামলার জন্যে দায়ী বুল্লার নৌকা ও বাড়িউড়ার নৌকা প্রতিযোগিতা ছেড়ে নৌকা নিয়ে বাড়িমুখী রওনা হয়। এরপর বিকেল ৫ টার দিকে দ্বিতীয় দফা এবং তারও ১৫/২০ মিনিট পর তৃতীয় দফা বাইচ হয়। ততক্ষনে নদীর পাড় ছেড়ে চলে গেছেন অনেকেই। আকাসেও জড়ো হয় কালো মেঘ। গ্রামীন ফোনের সহায়তায় তিতাসে বাইচ আয়োজন নিয়ে জেলা প্রশাসন গত দু-সপ্তাহ ধরে প্রস্তুতি নেয়। সরকারী ভাবে কয়েক’শ লোককে দায়িত্ব দিয়ে বেশ কয়েকটি কমিটি করা হয়। চলে ব্যাপক প্রচার-প্রচারনা। বাজেটও কম ছিলোনা। ১২-১৫ লাখ টাকা। প্রশাসন প্রস্তুতি বৈঠকে বাইচ এলাকায় এলোমেলো ভাবে দর্শনার্থীদের নৌকা চলতে দেবেনা বলে আগে জানালেও তা রুখতে পারেনি শনিবার। নদীজুড়ে দর্শকবাহী নৌকার মিছিল বাইচের সৌন্দর্য পুরোপুরি নষ্ট করে দেয়। তাছাড়া ১০/১২ টি নৌকা বাইচে অংশ নেবে বলে জানালেও নৌকা আসে মাত্র ৮ টি। বিলম্বে বাইচ শুরুও বিরক্তির কারন হয়ে উঠে।
ঘন্টা-দেড় ঘন্টা পর বাইচ করায় কোন আনন্দও পাননি দর্শকরা। বুল্লার নৌকার মাঝিদের হামলায় আহত হয়ে দত্তকখোলা নৌকার ৬ জন মাঝি হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা হচ্ছেন গোপীনাথপুরের এরশাদ মিয়া(৪৫),দত্তখোলার সোহাগ(২৫),নাসির(৪০),মন্নান মিয়া(৪০),সুমন মিয়া(২৫)ও সুজন মিয়া (২৩)। প্রতিযোগিতায় নাসিরনগরের হরিপুরের নৌকা প্রথম হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর সংসদ সদস্য র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী প্রতিযোগি প্রথম,দ্বিতীয় ও তৃতীয় হওয়া নৌকার মাঝিদের হাতে পুরস্কার তুলে দেন। সবাইকে দেয়া হয় একটি করে ফ্রিজ।











