কলকাতামুখী হচ্ছেন ঢাকার নায়িকারা
বেশিদিন আগের কথা নয়। আজ থেকে বছর দশেক আগেও কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রির শিল্পীরা ঢাকার দিকে মুখিয়ে থাকতেন। তখন ওখানকার সিনেমার বাজার এতটাই খারাপ ছিল যে, ক্যারিয়ার কিংবা জীবন বাঁচানোর তাগিদে বাংলাদেশ থেকে ডাক পাওয়ার অপেক্ষায় থাকতেন কলকাতার শিল্পীরা। মাঝে তাদের সিনেমা শিল্পের প্রসার ঘটাতে ঢাকামুখী হওয়াটা বাদ দিয়েছেন। প্রায় পাঁচ বছর আগে থেকে বাংলাদেশের চেয়ে কলকাতার ছবির মান অনেক ভালো। বাজেট কিংবা শিল্পীদের অভিনয়শৈলী- যাই হোক না কেন, তারা বাংলাদেশের তুলনায় অন্তত বিশ বছর এগিয়ে গেছেন। সে তুলনায় দিন দিন ঢাকার চলচ্চিত্র শিল্প পিছিয়ে পড়েছে। হালে আবার কলকাতার চলচ্চিত্র শিল্প ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। লাভ তো দূরের কথা লগ্নিকৃত পুঁজিও ফেরত আসছেন না কোনো কোনো ছবির। অথচ প্রচারের কোনো ঘাটতি নেই। হাতেগোনা দু’একজন নায়ক ছাড়া বাকিদের অবস্থা একেবারেই করুন। এ অবস্থায় কলকাতার দ্বিতীয় কিংবা তৃতীয় গ্রেডের নায়কদের নিয়ে ঢাকা ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ কেউ যৌথ প্রযোজনার নামে ছবি বানিয়ে সেসব শিল্পীদের বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন। ঠিক তার উল্টো অবস্থা ঢাকার নায়িকাদের ক্ষেত্রে। হালের কিছু উঠতি নায়িকা আবার কলকাতায় গিয়ে ছবিতে অভিনয় করার চেষ্টা করছেন। এরই মধ্যে কেউ কেউ কাজও করছেন। আবার দু’একজন আছেন ফাঁকা আওয়াজে। অভিনেত্রী জয়া আহসান কলকাতায় নিয়মিত কাজ করার উদ্দেশ্যে ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাসও শুরু করে দিয়েছেন। বিদ্যা সিনহা মিম একটি ছবিতে কাজ করেছেন। তিনি বলছেন, ওখান থেকে আরও ছবিতে কাজ করার জন্য প্রস্তাব পেয়েছেন। নুসরাত ফারিয়া ও জলি নামে দুই নবাগত নায়িকা কলকাতার সঙ্গে যৌথ প্রযোজনার ছবিতে কাজ করছেন। মাহিয়া মাহিকে ‘অগ্নি-২’ ছবিতে কলকাতার দর্শকরা সেভাবে গ্রহণ করেননি। তারপরও তিনি কলকাতার নায়কের সঙ্গে নতুন ছবিতে অভিনয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর সবগুলোই অবশ্য যৌথ প্রযোজনার ছবি।
‘যৌথ প্রযোজনা’ শব্দটি বাদ দিলে কলকাতায় ঢাকার নায়িকাদের ছবি প্রদর্শন কিন্তু ঢাকার চলচ্চিত্রের জন্য সুখবর। যদি ঢাকার নায়িকারা কলকাতার বাজার দখল করতে পারেন তাহলে সেটা অবশ্যই ভালো। নিজ দেশের সুনাম কুড়িয়ে আনার কাজটা সবাই করতে পারেন না। আবার অন্যদিকে নতুন কয়েকজন নায়িকা নামধারী অভিনেত্রী কলকাতায় কাজ করছেন বলে হরহামেশাই বলে বেড়াচ্ছেন। ঢাকার নায়িকাদের এভাবে কলকাতামুখী হওয়াটা দোষের কিছু নয়। কিন্তু যৌথ প্রযোজনা ছাড়া যদি তারা এককভাবে কলকাতার প্রযোজিত কোনো ছবিতে অভিনয় করতে পারতেন তাহলে সেটা দেশের জন্য আরও বেশি সুনাম বয়ে আনতে পারত বলেই মত দিয়েছেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা। এ ক্ষেত্রে জয়া আহসানের নাম অবশ্য আলাদাভাবে স্মরণ করা যায়। তিনি চেষ্টা করছেন কলকাতার ছবিতে অভিনয় করতে। তার এ চেষ্টা কতটা সফলতার মুখ দেখে সেটা সময়সাপেক্ষ।











