শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চালকবিহীন গাড়ি দুর্ঘটনার কারণ ‘মানুষচালিত গাড়ি’

news-image

চালকবিহীন গাড়ি নির্মাণের রেসে গুগল প্রথম দিককার প্রতিষ্ঠানগুলোর একটি। ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত চালকবিহীন গাড়ির কার্যক্ষমতা নিয়ে গুগলের নানা পরীক্ষা নিরীক্ষার ফলাফল বলছে— স্বনিয়ন্ত্রিত গাড়িগুলোর জন্য রাজপথে সবেচেয়ে বড় মাথাব্যথাই হল অন্যান্য যানের ‘মানব চালকরা’।

মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, অগাস্ট মাসে এক পথচারীর জন্য রাস্তায় গতি কমাতে বাধ্য হয়েছিল গুগল কার। আর ব্রেক কষার পরই পেছনের গাড়িটি আঘাত করে গুগল কারে। ওই ঘটনায় পথচারীরর কোনো ক্ষতি হয়নি, তবে তদন্ত বলছে পেছনের গাড়ির চালকের ভুলেই ঘটেছে ওই সংঘর্ষের ঘটনা। একটা দৃষ্টিকোণ থেকে গুগল কারের নানা বিপত্তির ‘দোষ’ বর্তাতে পারে এর অনবোর্ড কম্পিউটারের উপর।

মহাসড়কে চলার সব আইন হুবহু মেনে গাড়ি চালায় গুগল কারের অনবোর্ড কম্পিউটার। অন্যদিকে সবচেয়ে দক্ষ মানব ড্রাইভাররাও কোনো না কোনো পর্যায়ে ভুল করেনই। সোজা কথায় আইন মানার ক্ষেত্রে গুগল কারের নিঁখুত পারফর্মেন্স আর সাধারণ চালকদের ছোটখাট ভুলের সমন্বয়েই সৃষ্টি হচ্ছে গুগলের চালকবিহীন গাড়ি বনাম মানবচালিত যানের মধ্যেকার জটিলতা। ২০০৯ সালের এক পরীক্ষায় গুগল কার চৌরাস্তার মোড়ে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়। এর কারণ, গুগল কারের সেন্সর চৌরাস্তার বাকি মানব চালকের সিদ্ধান্ত নেওয়ার জন্য অপেক্ষা করছিল। মানব চালকদের সঙ্গে খাপ খাওয়াতে না পেরে গুগল কারের রোবট স্থবির হয়ে পরে।
“সমস্যাটা হচ্ছে গুগল কার একটু বেশিই নিরাপদ। আর রাস্তায় এই জন্যই এটি নানা সমস্যার সম্মুখীন হচ্ছে, কারণ মানুষ এটির মতো অক্ষরে অক্ষরে ট্রাফিক নিয়মনীতি অনুসরণ করে না”– এই মন্তব্য করেছেন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার ডিজাইন ল্যাব পরিচালক ডোনাল্ড নর‌ম্যান। ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত গুগল কার প্রায় ১৬টি দুর্ঘটনার শিকার হয়েছে। প্রতিটি ঘটনার তদন্ত শেষে দুর্ঘটনার কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে মানব চালকদের কোনো না কোনো ভুলকে। এই প্রসঙ্গে গুগল কারের সেফটি ড্রাইভার টম সাপল বলেন, “এটা সবসময় নিয়ম মেনে চলে। এতটাই যে, একটা পর্যায়ে মানব ড্রাইভাররা পর্যন্ত প্রশ্ন করে বসেন, এটা কেন করল গাড়িটা?”