শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাবি শিক্ষার্থীদের আলটিমেটাম

news-image

আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। শিক্ষকদের আন্দোলনের পাশাপাশি গতকাল থেকে সাধারণ শিক্ষার্থীরাও আন্দোলনে নেমেছেন। একই সঙ্গে বিভিন্ন প্রশাসনিক দপ্তরের প্রধানরাও  আন্দোলন শুরু করেছেন। সব আন্দোলন এসে মিশে যাচ্ছে একই দাবিতে। ভিসি প্রফেসর ড. আমিনুল হক ভূঁইয়ার অপসারণ দাবিটিই এখন মূল দাবিতে পরিণত হয়েছে। টানা তিন দিনের কর্মসূচি পালনের পর গতকাল আন্দোলনরত শিক্ষকরা নতুন কর্মসূচি ঘোষণা করে জানিয়েছেন, আগামী রোববার তারা পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন। আর সাধারণ শিক্ষার্থীরা ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বলেছেন, শনিবারের মধ্যে ভিসিকে অপসারণ না করলে রোববার থেকে দুর্বার আন্দোলন শুরু করা হবে। ওদিকে, সিলেট সফরে থাকা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শাহজালাল বিশ্ববিদ্যালয় পরিস্থিতি নিয়ে গতকাল পর্যন্ত কোন মন্তব্য করতে রাজি হননি। পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের ‘উসকে’ দেয়া হয়েছে বলে মনে করেন উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূঁইয়া। সকাল ৯টায় শুরু হওয়া উপাচার্য ভবনের সামনে এ অনশন দুপুর ১টা পর্যন্ত পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের কর্মসূচি চলাকালেই ক্যাম্পাসে নেমে আসে সাধারণ শিক্ষার্থীরা। তারাও ভিসির অপসারণ দাবিতে স্লোগান দেন। এ সময় তারা ক্যাম্পাসে র‌্যালি করেন। আন্দোলনরত শিক্ষক নেতা অধ্যাপক সৈয়দ সামসুল আলম জানান, ‘আমাদের একটাই দাবি ভাইস চ্যান্সেলরের অপসারণ। পরে তার বিচার করতে হবে। আমি মনে করি সরকার উপাচার্যকে আজকের মধ্যে সরিয়ে নেবেন। তা না হলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাবো।’ আগামী রোববার সারাদিন উপাচার্যের পদত্যাগ দাবিতে কর্মবিরতি পালন করা হবে বলে জানান তিনি। গত ৩০শে আগস্ট আন্দোলনকারী শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা ওই দিনের হামলার মূল হোতার পাশাপাশি যারা জড়িত তাদের সবার বিচার দাবি করছি।’ একই সঙ্গে বিচার বিভাগীয় তদন্তের দাবিও করেন তিনি। শিক্ষকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে উপাচার্যের পদত্যাগ দাবিতে গত ১২ই এপ্রিল থেকে ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ’ ব্যানারে তারা নানা কর্মসূচি পালন করছেন। তাদের এ আন্দোলনকে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি ‘অস্থিতিশীল করার ষড়যন্ত্র’ আখ্যায়িত করে ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্ত চিন্তার চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’ ব্যানারে উপাচার্যের পক্ষে রয়েছেন সরকার সমর্থক শিক্ষকদের আরেকটি অংশ। এদিকে আন্দোলনকারী শিক্ষকদের কর্মসূচির মধ্যেও উপাচার্যপন্থি ও বিএনপি জামায়তপন্থি শিক্ষকদের ক্লাস পরীক্ষায় অংশ নিতে দেখা যায়। ভিসি ভবনের সামনে স্থাপিত অস্থায়ী মঞ্চে প্রফেসর ইয়াসমীন হক, ফারুক উদ্দিনসহ সিনিয়র শিক্ষকরা উপস্থিত ছিলেন। এ সময় ভিসিকে সন্ত্রাসী আখ্যায়িত করেও তারা ব্যানার টানিয়ে রাখেন। সকাল থেকে উপাচার্য ভবনের সামনে ছামিয়ানা টানিয়ে প্রতীকী অনশন পালনের মধ্যে সাড়ে ১১টায় শিক্ষার্থীদের একটি অংশ কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে জড়ো হতে থাকেন। এরপর শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে উপাচার্য ভবনে যান। মিছিল ও অবস্থান কর্মসূচিতে দুই শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছেন। মিছিলটি উপাচার্য ভবনের ফটকে শিক্ষকদের অনশন কর্মসূচির সামনে অবস্থান নেয়। দুপুর একটা পর্যন্ত তারা সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন। মিছিল ও অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীদের ‘ভিসি তুমি রাস্তা মাপো, এই মুহূর্তে শাবি ছাড়ো’, ‘একদফা একদাবি, ভিসি ছাড়ো শাবিপ্রবি’, ‘অনিয়ম দুর্নীতি মানি না, মানব না’ ইত্যাদি বলে স্লোগান দিতে দেখা যায়। অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া বাংলা বিভাগের শিক্ষার্থী সায়েমা আফরিন বলেন, আমরা মনে করি শিক্ষকদের ওপর হামলা একটি জঘন্য অপরাধ। এর দায় তাকে নিতেই হবে। তাই শুক্র ও শনিবারের মধ্যে উপাচার্যকে অপসারণ না করলে রোববার থেকে আমরা কঠোর কর্মসূচি দেবো। তবে শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল সমাবেশ করতে কোন ধরনের অনুমতি নেননি বলে দাবি করেছেন প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী। তিনি বলেন, এদের বিরুদ্ধে প্রক্টরিয়াল বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সরকার সমর্থক শিক্ষকদের একাংশের পর গতকাল সকালে উপাচর্যের অপসারণ দাবিতে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ‘সাধারণ শিক্ষার্থীদের’ ব্যানারে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মিছিল সমাবেশের পর দুপুরে উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূঁইয়া তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, আন্দোলনকারী শিক্ষকদের মদতে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন। এটা স্পষ্ট, বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মাত্র দু-একটি বিভাগের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন। এটা একেবারেই ঠিক হয়নি উল্লেখ করে তিনি বলেন, আমি দেখেছি শিক্ষার্থীরা কোথা থেকে এসে শিক্ষকদের পাশে এসে বসলেন। কী করে বসলেন। উনাদের সমর্থন ছাড়া কি ছাত্র এসে এভাবে শিক্ষকদের পাশে বসতে পারেন। ইতোপূর্বে জাফর ইকবালরাই বলেছেন, শিক্ষকদের আন্দোলনে ছাত্রদের সংশ্লিষ্ট করা ঠিক হয়নি। তাহলে আজকে উনারা এটা কি করলেন। আমি এটাকে নেতিবাচক হিসেবে দেখছি। তবে উপাচার্যের এ অভিযোগ নাকচ করে দিয়ে আন্দোলনকারী শিক্ষক নেতা মো. ফারুক উদ্দিন বলেন, উপাচার্যের চরিত্র ও কাজ সম্পর্কে এখন সারা দেশের মানুষ জানে। তিনি সব সময় মিথ্যাচার করেন, সেটা প্রমাণিত। শুধু মিথ্যাচার করেই তিনি ঠিকে থাকতে পারবেন না। তাই অচিরেই তার চলে যাওয়া উচিত। শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের ৮টি দপ্তরের প্রধানরা। দপ্তরপ্রধানদের মধ্যে রয়েছেন রেজিস্ট্রার মুহাম্মদ ইসফাকুল হোসেন, মহাবিদ্যালয় পরিদর্শক প্রদীপ কুমার বসাক, গ্রন্থাগারিক আবদুল হাই ছামেনী, চিফ মেডেক্যাল অফিসার ডা. এহাবুবুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক এম আকবর হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মো. মুজিবুর রহমান, বিশ্ববিদ্যালয় প্রকৌশলী হাবিবুর রহমান ও শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক চৌধুরী সউজ বিন আম্বিয়া। 
মন্তব্য করতে রাজি হননি অর্থমন্ত্রী: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলা এবং বেশ কয়েক মাস ধরে চলে আসা উপাচার্য বিরোধী আন্দোলন নিয়ে কোন মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী বলেছেন, ‘শাবি নিয়ে আমি কোন মন্তব্য করতে চাই না। এটা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীই কথা বলবেন।’ গতকাল বেলা আড়াইটার দিকে সিলেট মহানগরীর রিকাবিবাজারে রিকাবিবাজার-মিরেরময়দান সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন অর্থমন্ত্রী। সড়ক প্রশস্ত করতে গিয়ে অনেক গাছ কাটতে হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘বাধ্য হয়ে গাছগুলো কেটে ফেলতে হয়েছে। তবে সড়কটি প্রশস্ত হয়ে গেলে সড়কেই পাশেই গাছ লাগানো হবে। এ ছাড়া সড়কের মধ্যবর্তী ডিভাইডারের মধ্যেও গাছ লাগানো হবে। গাছ পরিবেশের ওপর প্রভাব বিস্তার করে। এজন্য গাছ লাগানো জরুরি।’ এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সহসভাপতি আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মহানগর আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক আজাদুর রহমান আজাদ প্রমুখ।