বালু ফেলে নদী দখল
ডেস্ক রির্পোট : ব্রাহ্মণবাড়িয়া সদরের কাউতলী এলাকায় বালু ফেলে কুরুলিয়া নদী দখল করা হচ্ছে। স্থানীয় প্রভাবশালী কয়েক ব্যক্তি নদী দখল করছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।
এতে নদীর স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হচ্ছে। নৌপথ সংকুচিত হয়ে যান চলাচলে বিঘ্ন ঘটছে।
এদিকে নদী দখলের ঘটনায় পৌর ভূমি কার্যালয়ের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রফিকুল ইসলাম গত শনিবার রাতে সদর থানায় মামলা করেছেন। মামলায় কাউতলী এলাকার ফরিদ ক্বারী (৫৮), আমিরুল ইসলাম (৬০), হানিফ চৌধুরী (৬০) ও অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। এর আগে গত শুক্রবার দুপুরে বালু ফেলে করুলিয়া নদী দখলে জড়িত সন্দেহে ফরিদ, আমিরুল ও হানিফকে আটক করে পুলিশ। পরে তাঁদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। আদালত তাঁদের কারাগারে পাঠান।
এজাহারের বিবরণ অনুযায়ী, জেলা জজ আদালতের আইনজীবী ভবনের সীমানাপ্রাচীরের পেছনে কুরুলিয়া নদী বালু ফেলে ভরাট করছেন কয়েক ব্যক্তি। সরকারি কর্মচারীরা বালু ভরাটকাজ বন্ধ করতে বললেও আসামিরা তা আমলে নিচ্ছেন না।
পৌর ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, বিএস খতিয়ান অনুযায়ী ১০৪৩ দাগের কুরুলিয়া নদীর দুই থেকে তিন একর সরকারি জায়গা বালু ফেলে ভরাট করছেন প্রভাবশালীরা। গত শনিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, আইনজীবী ভবনের সীমানাপ্রাচীর-সংলগ্ন দক্ষিণ দিকে বালু ফেলে ভরাট করা কুরুলিয়া নদীর জায়গায় ছোট ছোট ছেলেরা ফুটবল খেলছে। দুই থেকে তিন একর জায়গায় ৮ থেকে ১০ ফুট উঁচু করে বালু ফেলে ভরাট করা হয়েছে।
কাউতলী এলাকার রহিজ মিয়া, আজাদ মিয়া ও আবদুল মতিন বলেন, কুরুলিয়া নদীর ওই জায়গা দখল হওয়ায় নদীর প্রশস্ততা কমে জায়গাটি সরু খালের মতো হয়ে গেছে। এতে পানির প্রবাহ ব্যাহত হচ্ছে। বিঘ্ন ঘটছে নৌযান চলাচলে।
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বালু ফেলে ভরাট করা নদীর ওই জায়গার পাশে কয়েক ব্যক্তির জমি রয়েছে। জমির মালিকেরা তাঁদের জায়গার বাইরে দুই থেকে আড়াই একর নদী দখল করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে জেলা জজ আদালতের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, প্রবহমান নদী কখনো ব্যক্তিমালিকানাধীন হতে পারে না। এটা রাষ্ট্রের মালিকানাধীন। বাংলাদেশের ভূমি আইনও তাই বলে।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মুহাম্মদ মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, বিচারিক আদালত ভবন ও আইনজীবী ভবনের পেছনের কুরুলিয়া নদী বালু ফেলে ভরাটের বিষয়টি নজরে এসেছে। এ ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারি জায়গা দখলের সঙ্গে গ্রেপ্তার ব্যক্তিরা জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্ত ব্যক্তিরা সবাই কারাগারে থাকায় তাঁদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস প্রথম আলোকে বলেন, আটকের পর নদী ভরাট সম্পর্কে জানতে চাইলে ফরিদ, আমিরুল ও হানিফ ওই জায়গা নিজেদের দাবি করেন। তাঁরা আদালতে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করবেন বলেও জানান। ওই তিনজন এখন কারাগারে রয়েছেন
প্রথম আলো











