অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

news-image

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের বিনোদন অঙ্গনে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় একটি সিনেমার শুটিংয়ে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন সহকর্মী, নির্মাতা ও সংগীতশিল্পীরা। অনেকেই প্রিয় সহশিল্পীর আকস্মিক বিদায় মেনে নিতে পারছেন না।
অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নি বিস্ময় প্রকাশ করে লিখেছেন, ‘এটা কী শুনলাম!’ অভিনেতা চঞ্চল চৌধুরী স্মৃতিচারণ করে সোহেল খানের আত্মার শান্তি কামনা করেছেন।
নির্মাতা ও অভিনেতা কচি খন্দকার এক আবেগঘন বার্তায় জানান, তার অসংখ্য নাটক ও নির্মাণে কাজ করেছেন সোহেল খান। কয়েক দিন আগেও একসঙ্গে কাজ করার বিষয়ে ফোনে কথা হয়েছিল তাদের। কিন্তু সেই কাজ আর কখনো করা হবে না বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি।
অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দাও সহকর্মীকে নিয়ে স্মৃতিচারণ করেছেন। অন্যদিকে সংগীতশিল্পী রবি চৌধুরী শুটিংয়ে যাওয়ার পথে অভিনেতার মৃত্যুর খবর উল্লেখ করে শোক প্রকাশ করেন। অভিনেত্রী মৌসুমী নাগও তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।
এ ছাড়া চিত্রনায়ক শিপন মিত্র, জায়েদ খান, অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ, ইমু সিকদার ও অভিনেতা মুকিত জাকারিয়াসহ বিনোদন অঙ্গনের অনেকে শোক জানিয়েছেন।
শুটিংয়ে যাওয়ার পথে অসুস্থতা
পরিচালক মো. ইকবালের ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। মঙ্গলবার সকালে হোটেল থেকে শুটিং সেটে যাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোহেল খানের বাড়ি ঢাকার ধামরাই উপজেলার রাজাপুরে। তার মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হচ্ছে। সেখানে জানাজা ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে দাফন করা হবে বলে জানিয়েছেন সিনেমাটির পরিচালক।
বিজ্ঞাপন থেকে অভিনয়জীবন
প্রায় দুই দশক আগে মোবাইল অপারেটর বাংলালিংকের একটি বিজ্ঞাপনে কাজের মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু করেন সোহেল খান। পরে টেলিভিশন নাটকে অভিনয় শুরু করেন। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘৪২০’ ধারাবাহিকে বিশু চরিত্রে অভিনয় করে বিশেষ পরিচিতি পান তিনি।
তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘হাউসফুল’, ‘ডিটেকটিভ’, ‘ফ্যামিলি ক্রাইসিস’, ‘সৈয়দ বাড়ির বউ’, ‘ভালোবাসার যৌথ খামার’ ও ‘টু বি কন্টিনিউড’।
২০০৭ সালে ‘দারুচিনি দ্বীপ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। পরবর্তী সময়ে ‘স্পার্টাকাস ৭১’, ‘কমন জেন্ডার’, ‘প্রজাপতি’, ‘দেশা: দ্য লিডার’, ‘অনেক সাধের ময়না’, ‘পরবাসিনী’, ‘শান’ ও ‘বীর’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।
তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও ভক্তদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।

এ জাতীয় আরও খবর

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার

মদের বোতলে পানি পান, ইসলামে কী বিধান?