রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ
আন্তর্জাতিক ডেস্ক : রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সামরিক বাহিনীর গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়কে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্যসহ ১৪টি দেশ। একই সঙ্গে মিয়ানমারের পাঁচ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রিটেন।
সোমবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, বেলজিয়াম, স্পেন, নিউজিল্যান্ডসহ ১৪টি দেশ জানায়, মিয়ানমার গণহত্যা সনদের অধীনে নিজেদের আন্তর্জাতিক দায়বদ্ধতা লঙ্ঘন করেছে।
বিবৃতিতে দেশগুলো আইসিজের সিদ্ধান্ত মেনে চলার জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানায়। তাদের মতে, আদালতের রায় অনুযায়ী মিয়ানমারকে আন্তর্জাতিক আইন ও নিজস্ব দায়বদ্ধতা পূরণ করতে হবে।
এদিকে রোহিঙ্গাদের ওপর সংঘটিত নির্যাতনকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য। পাশাপাশি মিয়ানমারের পাঁচজন শীর্ষ সামরিক কর্মকর্তার সম্পদ জব্দ ও তাদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেন, রোহিঙ্গাদের ওপর সংঘটিত সহিংসতা ও নিপীড়নের ঘটনায় দায়ীদের জবাবদিহির আওতায় আনা জরুরি।
এ ছাড়া মিয়ানমারে উড়োজাহাজের জ্বালানি সরবরাহ ও রপ্তানি বন্ধে নতুন আইন করার পরিকল্পনার কথা জানিয়েছে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর।
রোহিঙ্গা ও অন্যান্য ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মানবিক সহায়তায় অতিরিক্ত ৫০ লাখ পাউন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। রাখাইন রাজ্যের প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষ এ সহায়তার আওতায় আসবে। মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করতেও আরও ৩০ লাখ পাউন্ড বরাদ্দের কথা জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৯ নভেম্বর আইসিজে ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সামরিক অভিযানের বিষয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত দেয়। তবে আদালতের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে মিয়ানমার সরকার একে অন্যায্য ও হতাশাজনক বলে মন্তব্য করেছে।











