গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

news-image

নিজস্ব প্রতিবেদক : গণতন্ত্রের সুরক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ১৪ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলীর নেতৃত্বে প্রতিনিধিদলটি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে।
এ সময় আইনজীবীরা বিচার বিভাগের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। বিশেষ করে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে বিচারক সংকটের কারণে মামলাজট বৃদ্ধি এবং আইনজীবীদের সুযোগ-সুবিধা ও বিভিন্ন দাবির বিষয়টি রাষ্ট্রপতিকে অবহিত করেন। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়গুলো জানানোর আশ্বাস দেন তিনি।
সাক্ষাতে রাষ্ট্রপতি তার রাজনৈতিক জীবনে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে আইনজীবীদের সহযোগিতার কথা স্মরণ করেন। জুলাই গণঅভ্যুত্থানসহ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শক্তিশালী করা এবং গণতন্ত্র সুসংহত করার সুযোগ তৈরি হয়েছে।
প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গণতন্ত্রের জন্য সংগ্রামের প্রসঙ্গ তুলে রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষা একটি চলমান প্রক্রিয়া। এজন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বিচার বিভাগের স্বাধীনতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে বিচার বিভাগ ও প্রশাসনের মধ্যে সমন্বয় বজায় রাখার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।
আইনজীবীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, সমাজ ও রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তনে আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পেশাদারত্ব ও সেবার মানসিকতা নিয়ে আইনের শাসন প্রতিষ্ঠায় তাদের কাজ করতে হবে।
এ সময় প্রতিহিংসা ও প্রতিশোধের পরিবর্তে আইনের শাসনের গুরুত্ব তুলে ধরে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সাক্ষাৎকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতারা রাষ্ট্রপতিকে সমিতির আসন্ন বার্ষিক ভোজ অনুষ্ঠানে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি অনুষ্ঠানে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরাও উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার

মদের বোতলে পানি পান, ইসলামে কী বিধান?