পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি
নিজস্ব প্রতিবেদক : তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে এখনো মতপার্থক্য রয়েছে। মালিকপক্ষ সর্বনিম্ন মাসিক মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে। অন্যদিকে শ্রমিকপক্ষের দাবি ২২ হাজার টাকা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের কার্যালয়ে বৈঠক চলাকালে সাংবাদিকদের এ তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
বৈঠকে উভয় পক্ষ তাদের তৃতীয় দফার প্রস্তাব তুলে ধরেছে। এতে বিভিন্ন গ্রেডের মজুরি নিয়েও বড় ধরনের পার্থক্য দেখা গেছে।
বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম গ্রেডে শ্রমিকপক্ষ ৩৫ হাজার টাকা এবং মালিকপক্ষ ১৮ হাজার ৮২৮ টাকা প্রস্তাব করেছে। দ্বিতীয় গ্রেডে শ্রমিকদের দাবি ৩০ হাজার টাকা, মালিকদের প্রস্তাব ১৭ হাজার ৮৮৭ টাকা। তৃতীয় গ্রেডে দুই পক্ষের প্রস্তাব যথাক্রমে ২৭ হাজার ও ১৬ হাজার ৯৯৬ টাকা।
এ ছাড়া চতুর্থ গ্রেড বা সর্বনিম্ন মজুরির ক্ষেত্রে শ্রমিকপক্ষ ২২ হাজার টাকা চাইলেও মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৭০০ টাকা।
মজুরি বোর্ডের চেয়ারম্যান জানান, দুই পক্ষের এই প্রস্তাব এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। শ্রমিক প্রতিনিধিরা মালিকপক্ষের প্রস্তাবে সন্তুষ্ট নন। অন্যদিকে মালিকপক্ষও তাদের বিভিন্ন সীমাবদ্ধতার কথা তুলে ধরে মজুরি আরও বাড়াতে অনাগ্রহ প্রকাশ করেছে।
তিনি জানান, সোমবার রাত সোয়া ৯টা পর্যন্ত আলোচনা হয়েছে। মঙ্গলবারও দীর্ঘ সময় বৈঠক চলতে পারে। দুই পক্ষের মধ্যে সমঝোতা করে নতুন মজুরিকাঠামো চূড়ান্ত করার চেষ্টা চলছে।
চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো গেলে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হবে বলে জানান বোর্ডের চেয়ারম্যান।
প্রস্তাবের সংক্ষিপ্ত হিসাব:
শ্রমিকপক্ষের সর্বনিম্ন মজুরি দাবি: ২২,০০০ টাকা
মালিকপক্ষের প্রস্তাব: ১৫,৭০০ টাকা
দুই পক্ষের ব্যবধান: ৬,৩০০ টাকা











