৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আগে ইরানের উত্থাপিত সাতটি শর্ত পূরণের দাবি জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি স্পষ্ট করেছেন, এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নেবে না তেহরান।
ইরানের সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র কোনো ধরনের শত্রুতামূলক পদক্ষেপ নিলে তার উপযুক্ত জবাব দেবে ইরান। এমনকি পরিস্থিতি অনুযায়ী সংঘাতের পরিধি বাড়ানোর প্রস্তুতিও রয়েছে বলে সতর্ক করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় গালিবাফ এসব মন্তব্য করেন। তাঁর দাবি, ওয়াশিংটনের হুমকি ও কঠোর বক্তব্য তাদের অবস্থানের দুর্বলতা প্রকাশ করছে।
এদিকে স্কট বেসেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, ইরানের অবৈধ আর্থিক নেটওয়ার্ক বন্ধে যুক্তরাষ্ট্রের কার্যক্রম অব্যাহত থাকবে।
এরপর সোমবার ইরানের সঙ্গে সংশ্লিষ্ট দুই ডজনের বেশি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান, কোম্পানি ও ব্যক্তির ওপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করে মার্কিন অর্থ মন্ত্রণালয়। ইরানের আন্তর্জাতিক আর্থিক লেনদেনের নেটওয়ার্ক দুর্বল করাই এ উদ্যোগের উদ্দেশ্য বলে জানিয়েছে ওয়াশিংটন।
ইরানের সাতটি শর্ত
তেহরানের পক্ষ থেকে আলোচনার জন্য যেসব শর্ত দেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে—
১. ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার। ২. অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা। ৩. বিদেশে আটকে থাকা ইরানের সম্পদ ফিরিয়ে দেওয়া। ৪. সব যুদ্ধক্ষেত্রে শত্রুতা বন্ধ করা। ৫. আনুষ্ঠানিকভাবে যুদ্ধের সমাপ্তি ঘোষণা।
প্রতিবেদনে উল্লেখিত সাত শর্তের মধ্যে বাকি দুটি শর্তের বিস্তারিত দেওয়া হয়নি।
ইরানের এসব দাবির কারণে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক আলোচনা শুরু হওয়ার পথ আরও কঠিন হয়ে উঠেছে।











