ইলিয়াস কাঞ্চনের সুস্থতার খবর দিলেন রোজিনা
বিনোদন প্রতিবেদক : দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর আগের তুলনায় ভালো আছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। লন্ডনে চিকিৎসাধীন এই অভিনেতার সঙ্গে দেখা করে তাঁর শারীরিক অবস্থার খবর জানিয়েছেন চিত্রনায়িকা রোজিনা।
সম্প্রতি লন্ডনে মেয়ের বাসায় ইলিয়াস কাঞ্চনের সঙ্গে সাক্ষাৎ করেন রোজিনা। এ সময় দুজন একসঙ্গে সময় কাটানোর পাশাপাশি খাওয়াদাওয়াও করেন।
সাক্ষাতের অভিজ্ঞতা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন রোজিনা। সেখানে তিনি জানান, দীর্ঘদিন অসুস্থ থাকার পর আল্লাহর রহমত ও সবার দোয়ায় আগের চেয়ে অনেকটা সুস্থ হয়ে উঠেছেন ইলিয়াস কাঞ্চন।
রোজিনা আরও জানান, শিগগিরই দেশে ফেরার প্রত্যাশা রয়েছে এই অভিনেতার। একই সঙ্গে তাঁর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
উল্লেখ্য, মস্তিষ্কে টিউমার শনাক্ত হওয়ার পর চিকিৎসার জন্য লন্ডনে যান ইলিয়াস কাঞ্চন। সেখানে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরবর্তী সময়ে কেমোথেরাপিসহ প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করেন তিনি। অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন বাংলা চলচ্চিত্রের এই জনপ্রিয় অভিনেতা।











