ডিসেম্বরজুড়ে রাজপথে সক্রিয় হচ্ছে বিএনপি

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও নাশকতার আশঙ্কায় আবারও রাজপথে সক্রিয় হচ্ছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। ডিসেম্বর মাসজুড়ে মিছিল, সমাবেশ, অবস্থান কর্মসূচি ও শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি পালনের পরিকল্পনা নিয়েছে দলটি।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির শীর্ষ নেতৃত্বের নির্দেশে সংসদ সদস্য, কেন্দ্রীয় নেতা ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় ফিরছেন। দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা অনেক নেতাকর্মীও নতুন করে সাংগঠনিক কার্যক্রমে যুক্ত হচ্ছেন।
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনার পরিপ্রেক্ষিতে দলটির এই তৎপরতা বেড়েছে। ঢাকা, চট্টগ্রাম, সাভার, বগুড়া, নেত্রকোনা ও সিলেটসহ বিভিন্ন এলাকায় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মিছিল-সমাবেশ করছেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। এ ধরনের অপতৎপরতা জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করা হবে। নাশকতায় জড়িতদের আইনের আওতায় আনার কথাও বলেন তিনি।
রিজভী জানান, সংসদীয় দলের সভায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলা এবং জনগণের নিরাপত্তায় ভূমিকা রাখার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী নেতারা এলাকায় কাজ করছেন।
দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, বিএনপির ২১১ জন সরাসরি নির্বাচিত সংসদ সদস্যের পাশাপাশি সংরক্ষিত নারী আসনের অনেক সদস্যও নিজ নিজ এলাকায় অবস্থান করছেন।
ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বলেন, দলের নির্দেশনা অনুযায়ী তিনি গফরগাঁওয়ে নেতাকর্মীদের নিয়ে মাঠে রয়েছেন। সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন।
বিএনপির দপ্তর সূত্র জানায়, ডিসেম্বরজুড়ে দল ও অঙ্গসংগঠনগুলো পৃথকভাবে কর্মসূচি ঘোষণা করবে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে বিক্ষোভ মিছিল, শোভাযাত্রা, অবস্থান কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পেশাজীবী সংগঠনগুলোকেও নিজস্ব কর্মসূচির মাধ্যমে সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, ডিসেম্বর মাসজুড়ে নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকার নির্দেশনা রয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সজাগ থাকতে হবে।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, সহিংসতা ও নাশকতায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে।
বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিও ডিসেম্বরজুড়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। ফলে আগামী মাসে রাজনৈতিক দলগুলোর সাংগঠনিক তৎপরতা বাড়তে পারে।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, নাশকতা প্রতিরোধের মূল দায়িত্ব প্রশাসনের। তবে সহিংসতা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা মোকাবিলায় রাজনৈতিক দলগুলোরও ভূমিকা রয়েছে। এ কারণে বিএনপি রাজপথে সক্রিয় থাকবে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ইলিয়াস কাঞ্চনের সুস্থতার খবর দিলেন রোজিনা

১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বীর মুক্তিযোদ্ধা ও উত্তরসূরিদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

অপ্রতিম হত্যা মামলার শুনানি ২৯ নভেম্বর

পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা, নতুন রেকর্ডের আশা

গোড়ালির চোটে কয়েক মাস মাঠের বাইরে কেইন

প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লি’ গড়ার পরিকল্পনা: প্রতিমন্ত্রী

পুতিনকে ‘খুনি’ আখ্যা দিলেন জেলেনস্কি

নড়াইলে হিন্দুদের বাড়িতে হামলার খবর গুজব: পুলিশ

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জনগণ ও সেনাবাহিনী ঐক্যবদ্ধ: রিজভী