প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লি’ গড়ার পরিকল্পনা: প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : দেশের প্রতিটি গ্রাম, পাড়া ও মহল্লায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে ‘বায়োগ্যাস পল্লি’ গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
শনিবার (২১ নভেম্বর) ঢাকার সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ পরিকল্পনার কথা তুলে ধরেন। জ্বালানি সংকট মোকাবিলায় তৃণমূল পর্যায়ে কার্যক্রম জোরদার করার লক্ষ্যে সভাটির আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, মাঠপর্যায়ের কর্মকর্তাদের মতামতের ভিত্তিতে আগামী চার বছরের জন্য একটি কর্মপরিকল্পনা তৈরি করা হবে। অধিদপ্তরের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রতি মাসে অগ্রগতির প্রতিবেদন নেওয়া হবে। কর্মদক্ষতার ভিত্তিতে ভালো কাজ করা কর্মকর্তাদের পুরস্কৃত করা হবে।
তিনি আরও জানান, দেশের যুবসমাজ ও যুব সংগঠকদের এক প্ল্যাটফর্মে আনতে দ্রুত ‘যুব কাউন্সিল’ গঠন করা হবে। পাশাপাশি প্রতি চার মাস পরপর মতবিনিময় সভা আয়োজন করা হবে।
জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাসকে সম্ভাবনাময় বিকল্প হিসেবে উল্লেখ করে আমিনুল হক বলেন, যুব উন্নয়ন কর্মকর্তাদের তত্ত্বাবধানে প্রতিটি গ্রামে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এতে পরিবারগুলো নিজেদের জ্বালানির চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত গ্যাস বিক্রি করে আয় করতে পারবে।
এ উদ্যোগ বাস্তবায়নে তরুণ উদ্যোক্তাদের ঋণ পাওয়ার প্রক্রিয়া সহজ করার পাশাপাশি প্রয়োজনে ঋণের পরিমাণ বাড়ানোর কথাও জানান তিনি।
সভায় বেকার যুবকদের প্রশিক্ষণের আওতা বাড়ানো, যুব সংগঠকদের সক্রিয় করা এবং সময়ের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ কর্মসূচিতে নতুন ট্রেড যুক্ত করার বিষয়েও আলোচনা হয়।
যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহের হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুল আলম খান।











