নাশকতা করে স্বার্থ হাসিল হবে না: রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : নাশকতা ও সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে পতিত ফ্যাসিবাদী শক্তি নিজেদের স্বার্থ অর্জন করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
রোববার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহ্বায়ক শফিকুল ইসলাম মিল্টন ও সদস্যসচিব এস এম জাহাঙ্গীরকে সঙ্গে নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
রিজভী অভিযোগ করেন, পতনের পরও ফ্যাসিবাদী শক্তি বিভিন্নভাবে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তার দাবি, কোথাও বোমাবাজি, কোথাও যানবাহনে আগুন এবং পোশাকশিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, নানা ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতা সত্ত্বেও সরকার দেশ পরিচালনা করছে। নাশকতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেওয়া রায়ের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, তিনি দেশে ফিরলেও আদালতের দেওয়া রায় বহাল থাকবে।
সাইবার নিরাপত্তা নিয়েও উদ্বেগ
এদিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের কাউন্সিল হলে জাতীয়তাবাদী আইসিটি ফোরাম আয়োজিত এক সেমিনারেও বক্তব্য দেন রিজভী। ‘প্রযুক্তি বিপ্লবে জাতীয় সুরক্ষা: সাইবার নিরাপত্তায় বাংলাদেশের প্রস্তুতি ও করণীয়’ শীর্ষক ওই অনুষ্ঠানে তিনি দেশের সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
রিজভীর দাবি, পর্যাপ্ত সাইবার নিরাপত্তা ও কার্যকর আইনি কাঠামোর অভাবে দেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব ঝুঁকির মুখে রয়েছে। নাগরিকদের জাতীয় পরিচয়পত্র ও ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাওয়ার অভিযোগও করেন তিনি।
তিনি বলেন, ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে দক্ষ প্রযুক্তিবিদদের কাজে লাগাতে হবে। দেশের বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও বিদেশে কর্মরত বাংলাদেশি প্রযুক্তিবিদদের দক্ষতা কাজে লাগানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
ব্যক্তিগত ফোনালাপ ফাঁস এবং গোপনীয়তা লঙ্ঘনের বিষয়েও উদ্বেগ জানান বিএনপির এই নেতা। সাইবার বুলিং ও সাইবার যুদ্ধ মোকাবিলায় কার্যকর আইন ও নিয়ন্ত্রণব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সেমিনারে রিজভী আয়োজকদের উদ্দেশে বলেন, আলোচনায় উঠে আসা সুপারিশগুলো নীতিনির্ধারকদের কাছে তুলে ধরতে হবে, যাতে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া যায়।
জাতীয়তাবাদী আইসিটি ফোরামের সভাপতি প্রকৌশলী রাফেল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান।
এ ছাড়া মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনটির দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান মুন। তিনি বিদ্যুৎ, জ্বালানি, ব্যাংকিং, টেলিযোগাযোগ, পরিবহন ও স্বাস্থ্যসেবাসহ গুরুত্বপূর্ণ খাতের সাইবার নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

এ জাতীয় আরও খবর