অপতথ্য ঠেকাতে তথ্য অধিকার আইন কার্যকর ভূমিকা রাখতে পারে

news-image

নিজস্ব প্রতিবেদক : তথ্যের স্বল্পতা, গোপনীয়তার প্রবণতা এবং নির্ভরযোগ্য তথ্যের অভাবে সমাজে অপতথ্য ও বিভ্রান্তিকর খবর ছড়িয়ে পড়ে। এসব প্রতিরোধে তথ্য অধিকার আইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান।
রোববার (১৫ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে ডাটাফুল আয়োজিত ‘তথ্যের অখণ্ডতা সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘অপতথ্যের জাল ছিঁড়ে’।
প্রধান তথ্য কমিশনার বলেন, ডিজিটাল যুগে তথ্যের সত্যতা ও নির্ভরযোগ্যতা বজায় রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের বিস্তারের কারণে অল্প সময়েই বিপুল পরিমাণ তথ্য ছড়িয়ে পড়ছে।
তিনি আরও বলেন, সত্য, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্যের মধ্যে পার্থক্য করা সাধারণ মানুষের জন্য অনেক সময় কঠিন হয়ে যায়। এর ফলে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে নানা ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে।
তথ্য অধিকারকে জনগণের ক্ষমতায়ন ও মানবাধিকারের গুরুত্বপূর্ণ অংশ উল্লেখ করে নাহরিন ইসলাম খান বলেন, সরকারি কাজে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করতে তথ্য অধিকার আইন, ২০০৯ কার্যকরভাবে বাস্তবায়ন করা প্রয়োজন।
তিনি সরকারি কর্মকর্তাদের জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে আন্তরিক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। পাশাপাশি অপতথ্য প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর স্বপ্রণোদিত তথ্য প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনে তথ্যের সঠিকতা ও নির্ভরযোগ্যতা বজায় রাখা, অপতথ্য এবং বিভ্রান্তিকর খবরের বিস্তার ঠেকানোসহ এসব বিষয়ে বিভিন্ন অংশীজনের দায়িত্ব ও করণীয় নিয়ে আলোচনা হয়।