নাফ নদে মিলল ২০ কোটি টাকার ইয়াবা
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে নাফ নদ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। নদীতে ভাসমান চারটি প্যাকেট থেকে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ২০ কোটি ৫০ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মিয়ানমার থেকে নাফ নদ হয়ে ইয়াবার একটি বড় চালান দেশে প্রবেশ করতে পারে—এমন গোপন তথ্যের ভিত্তিতে নজরদারি বাড়ানো হয়। এর ধারাবাহিকতায় শনিবার রাতে শাহপরী আউটপোস্ট থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের একপর্যায়ে টেকনাফের নাজিরপাড়া এলাকায় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিরোধের সংকেত দেওয়া হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা ব্যক্তিরা মিয়ানমারের জলসীমায় পালিয়ে যায়।
পরে নদীতে ভাসমান চারটি পলিথিনে মোড়ানো প্যাকেট তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা মাদকের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি উপকূলীয় এলাকায় মাদক পাচার, মানবপাচার ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।











