জামিনের পরই আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা

news-image

রাজশাহী ব্যুরো : রাজশাহীতে আদালত থেকে জামিন পাওয়ার পর এক আইনজীবীর ওপর হামলার অভিযোগ উঠেছে কয়েকজন আসামির বিরুদ্ধে। এ ঘটনায় ইয়ামিন আলী নামে ওই আইনজীবীর মাথা ফেটে গেছে। হামলা থেকে বাঁচতে দৌড়ে আদালত চত্বরের একটি খাবারের দোকানে আশ্রয় নেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে এ ঘটনা ঘটে। পরে হামলায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয় লোকজন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, জমি নিয়ে দীর্ঘদিন ধরে আইনজীবী ইয়ামিন আলীর সঙ্গে প্রতিপক্ষের বিরোধ চলছিল। এ ঘটনায় তার করা একটি মামলায় রোববার আদালতে হাজির হয়ে জামিন পান অভিযুক্তরা।
জামিনের পর আদালত ভবন থেকে বের হওয়ার সময় কয়েকজন ব্যক্তি ইয়ামিন আলীকে ঘিরে ধরে মারধর করেন। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। একপর্যায়ে প্রাণ বাঁচাতে পাশের একটি খাবারের দোকানে আশ্রয় নেন তিনি।
পরে হামলাকারীরা পালানোর চেষ্টা করলে উপস্থিত লোকজন কয়েকজনকে আটক করেন। এ সময় তাদের মারধরের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
আহত আইনজীবী ইয়ামিন আলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি অভিযোগ করেন, জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন এর আগেও তার বাম হাত ভেঙে দিয়েছিল। ওই ঘটনায় করা মামলায় অভিযুক্তরা রোববার জামিন পাওয়ার পর আদালত চত্বরে তার ওপর হামলা চালান।
এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন তিনি।
রাজশাহী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদী ঘটনাটিকে নিন্দনীয় উল্লেখ করে বলেন, আদালত চত্বরে এমন হামলা আইনজীবীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। এ ঘটনায় তারা মামলা করবেন।
রাজপাড়া থানার ওসি (তদন্ত) আবু জাফর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।

এ জাতীয় আরও খবর