‘কাজ নেই, অথচ ডাটপাটে ষোলোআনা!’
বিনোদন ডেস্ক : ‘কাজ নেই, অথচ ডাটপাটে ষোলোআনা!’ ‘সারা বছরে পরীমনি কয়টি সিনেমা করেন?’—এই কথাগুলো এখন নেটিজেনদের মুখে মুখে! এক ব্যবসায়ীকে মারধরের মামলায় বৃহস্পতিবার (৫ নভেম্বর) আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন পরীমনি। কিন্তু সেখানে গিয়েই বাঁধিয়ে আসেন গণ্ডগোল! আদালত প্রাঙ্গনে এক সাংবাদিককে টেনে নিয়ে গালিগালাজ ও দেহরক্ষীদের নিয়ে মারধরের ঘটনা ঘটিয়েছেন।
এমন অভিযোগের পাশাপাশি এর ভিডিওগুলো ছড়িয়ে পড়েছে ব্যাপক, পরীমনি চলে এসেছেন টক অব দ্যা টাউনে। একদিকে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার, ফোন কেড়ে নেওয়া, ট্রাইপড ভাঙা ও দেহরক্ষীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। সঙ্গে প্রশ্ন উঠেছে, অভিনয়শিল্পী হিসেবে পরীমনির কাজের ব্যস্ততা আসলে কতটা?
তবে ‘কাজ নেই’—পরীমনিকে নিয়ে এমন ধারণা পুরোপুরি ঠিক নয়। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি।
সম্প্রতি নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব সিনেমা ‘সেপারেশন’-এ কাজ করেছেন পরীমনি। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন ইমতিয়াজ বর্ষণ। এর আগে এই নির্মাতার ‘স্বপ্নজাল’ ও ‘গুণিন’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। দুটি কাজেই পরীমনিকে ভিন্নভাবে দেখার সুযোগ পেয়েছেন দর্শক।
এদিকে ‘ফারজানা’ নামের একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজও প্রায় শেষ করেছেন অভিনেত্রী। তারেক রহমান পরিচালিত সিনেমাটির বেশির ভাগ শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। এত দিন অনেকটা আড়ালেই চলছিল এর কাজ। পরীমনির জন্মদিনের অনুষ্ঠানে প্রকাশ করা হয় সিনেমাটির পোস্টার।
পরীমনির অভিনীত সর্বশেষ বড় পর্দার সিনেমা ‘ফেলুবক্সী’। ২০২৫ সালের জানুয়ারিতে মুক্তি পাওয়া এই সিনেমার মাধ্যমে টালিউডে অভিষেক হয় তার। অন্যদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে সরকারি অনুদানে নির্মিত ‘ডোডোর গল্প’। সিনেমাটি পরিচালনা করেছেন রেজা ঘটক।
এ ছাড়া ২০২৪ সালে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এও অভিনয় করেছেন পরীমনি। অনম বিশ্বাস পরিচালিত এই সিরিজে তাকে দেখা গেছে ভিন্ন এক চরিত্রে।
সব মিলিয়ে সাম্প্রতিক কাজের তালিকায় রয়েছে ওয়েব সিনেমা ‘সেপারেশন’, প্রায় শেষ হওয়া ‘ফারজানা’ এবং মুক্তির অপেক্ষায় থাকা ‘ডোডোর গল্প’। যদি এগুলো এখনও মুক্তি পায়নি। ফলে পর্দায় তার উপস্থিতি কম মনে হলেও অভিনয় থেকে দূরে নেই পরীমনি।











