শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিস্মিত নায়করাজ

news-image

তাকে নিয়ে একেক দিন একেক সংবাদে বিস্মিত দেশীয় চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি নায়করাজ রাজ্জাক। কখনও অভিনয় করছেন, কখনও অভিনয় ছেড়ে দিচ্ছেন- এ ধরনের মনগড়া খবরে বিরক্তও তিনি। মানবজমিনকে নায়করাজ রাজ্জাক বলেন, কারা এসব করছে, কেন করছে জানি না। কেউ তো আমার সঙ্গে কথা বলে সংবাদ করছে না। নিজেদের মনমতো লিখে দিচ্ছে। তিনি বলেন, আমি তো এমনও শুনেছি- আমি যখন হাসপাতালে তখন কেউ কেউ আমাকে মেরেও ফেলেছিল। আল্লাহর অশেষ রহমতে আর আমার পরিবার, চলচ্চিত্র শিল্পসহ পুরো দেশবাসীর দোয়ায় আমি সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে এসেছি। এখন আমি সম্পূর্ণ সুস্থ। একা একা চলাফেরা করি। ঘোরাঘুরি করি। নাতি-নাতনিদের সঙ্গে খেলা করি। ডাক্তারদের পরামর্শ অনুযায়ী চলছি। প্রথম প্রথম ৮টি করে ওষুধ খেলাম। এখন ৩টি করে খাই। দুমাস পর এটাও লাগবে না বলে ডাক্তাররা জানিয়েছেন। ধূমপান শুধু ছেড়েই দিইনি, যারা ধূমপান করে তাদের আশপাশেও যাই না। নায়করাজ রাজ্জাক বলেন, আমি তো সবার ভালবাসায় আজকের রাজ্জাক। আল্লাহর রহমত, আমার পরিবারের দায়িত্ব আর সবার ভালবাসায় আমি দীর্ঘদিন ধরে চলচ্চিত্র শিল্পের সেবা করে চলেছি। যতদিন সক্ষম থাকবো, ততদিন অভিনয়ের মাধ্যমে শিল্পের সেবা করে যাবো। আশা করছি আগামী দুমাসের মধ্যে কাজ শুরু করতে পারবো। নায়করাজ রাজ্জাক বলেন, আমার সন্তানরা এখন বড় হয়েছে। প্রত্যেকেই স্বাবলম্বী। তারা এখন আমাকে কাজ করতে দিতে চায় না। তাদের কথা ‘অনেক কাজ করেছেন, এবার বিশ্রাম নিন। মাকে নিয়ে নাতি-নাতনিদের নিয়ে ঘুরেফিরে সময় কাটান।’ তিনি বলেন, আমি আমার ছেলেমেয়েদের অগাধ ভালবাসা মনেপ্রাণে অনুভব করি। মাঝে-মধ্যে ওদেরকে বলি, অভিনয় না করলে তো আরও অসুস্থ হয়ে যাবো। বাঁচবো না। ওরা তখন বলে, ডাক্তার যেদিন থেকে বলবে সেদিন থেকেই অভিনয় করবেন। আমি তাদের কথা মেনে নিয়েছি।  রাজ্জাক বলেন, আমি অভিনয় ছাড়বো কেন? চলচ্চিত্র থেকে বিদায় নেবো কোন কারণে? গত ১০ বছর ধরে তো আমি খুব বেশি কাজ করিনি। বেছে বেছে ছবি করছি। ভাল কাজ না হলে কেউ আমার কাছে আসে না। যারা আসে তারা ভাল কাজের অফার নিয়েই আসে। আমিও পছন্দ হলে করি। মাস দুয়েক পর থেকে কাজ করতে পারবো। ভাল ছবির অফার হলে অবশ্যই করবো। নায়করাজ রাজ্জাক বলেন, আমি বিগত ৫০ বছর ধরে অভিনয় করে সবার ভালবাসায় আজকের রাজ্জাক। চলচ্চিত্র আমার ধ্যান-জ্ঞান সবকিছু। চলচ্চিত্রকে আমি যতটা সময় দিয়েছি তার ২৫ ভাগ সময় আমি আমার পরিবারকে দিতে পারিনি। আমার স্ত্রী লক্ষ্মী পুরো পরিবারকে সামলে নিয়ে চলেছে। এখনও চলছে। তিনি বলেন, এবারের অসুস্থতায় কিছু লেখালেখি আমার পরিবারকে কতটা ক্ষতবিক্ষত করেছে সেটা আমি বুঝতে পারি। আমার ঘনিষ্ঠ বন্ধুরা এসে আমাকে অনেক বকাঝকা করেছে। পরিবারের দিকে একটু তাকাতে বলেছে। এখন আমি আমার পরিবার নিয়েই বেশ আছি। কাজও করবো পরিবারের সম্মতি নিয়েই। কম কাজ করি, কমই করবো। কিন্তু অভিনয় ছাড়বো না। অভিনেতা রাজ্জাককে দর্শকদের ভালবাসা থেকে বঞ্চিত হতে দেব না। তবে সবাইকে অনুরোধ করবো, কান কথায় বিশ্বাস করবেন না। আমি আছি, আমার ছেলেরা আছে, তাদের সঙ্গে যোগাযোগ করবেন। এমন কিছু করবেন না, যাতে রাজ্জাক পরিবার কষ্ট পায়। কারণ বাংলাদেশের চলচ্চিত্রের সঙ্গে একজন রাজ্জাক নয়, পুরো রাজ্জাক পরিবার জড়িত।